'দল বাংলাদেশই' মাশরাফির শক্তি

ক্রিকেট এমনিতেই দলগত খেলার মধ্যেও যেন ব্যক্তিগত সাফল্য-নির্ভর। এক-দুটি ইনিংস, কিংবা বল হাতে এক-দুজনের জ্বলে ওঠাই বদলে দেয় ম্যাচের রং। খেলাটার দৈর্ঘ্য আরও কমে ২০ ওভারে নেমে এলে সেখানে সেটি তো আরও বেশি সত্যি। আবার এও সত্যি, এক-দুজনের ওপর নির্ভরতা দলকে বিপদেও ফেলে। নির্দিষ্ট দিনে সেই খেলোয়াড়ের ব্যর্থতা দলকে ভোগায়।
বাংলাদেশের শক্তির জায়গা এটাই। এখন পর্যন্ত এশিয়া কাপে বাংলাদেশ সুনির্দিষ্ট এক-দুজনের ওপর নির্ভর করে ফাইনাল পর্যন্ত এগোয়নি। একজন ব্যর্থ হলে আরেকজন দায়িত্ব নিচ্ছেন কাঁধ পেতে। এই ‘দল বাংলাদেশ’ই শক্তি মাশরাফির। অধিনায়ক আজ বললেনও, ‘সবাই জানে এই ম্যাচে ভারতই ফেবারিট। এখানে আলাদা করে চিন্তার সুযোগ নেই। আমরা দল হিসেবে খেলছি। দুই-একজন খেলোয়াড় জিতিয়ে দেবে ম্যাচ, আমরা টি-টোয়েন্টিতে এখনো সেভাবে গড়ে উঠিনি। শেষ দুটো ম্যাচ জিতেছি দল হিসেবে। এটাই ধরে রাখতে চাই।’
বাংলাদেশ দলই প্রতি নিয়ত নিজেদের নতুন করে হাজির করাচ্ছে। প্রত্যাশাও তাই বেড়ে চলেছে। টি-টোয়েন্টিতে বাংলাদেশের অতীত রেকর্ডের কারণে এবারের এশিয়া কাপে ততটা প্রত্যাশা ছিল না। কিন্তু প্রথম ম্যাচে ভারতকে দীর্ঘ সময় পর্যন্ত বোলিং দিয়ে ভোগানো, এরপর শ্রীলঙ্কা আর পাকিস্তানকেও হারানো—টি-টোয়েন্টিতেও এ এক নতুন বাংলাদেশ।
প্রত্যাশার এই চাপ সতীর্থদের ওপর যেন না পড়ে, সবাই যেন মন খুলে নিজের খেলাটাই খেলতে পারে—এটাই চাওয়া অধিনায়কের। মাশরাফি এখানেও সতর্ক, ‘আমাদের ভালো সুযোগ আছে। দর্শক, মাঠ সবই আমাদের পক্ষে। তবে ক্রিকেটে এটাই শেষ কথা নয়। সব আপনার পক্ষে থাকলেই জিতবেন, এমন কোনো কথা নেই। আগের দুটো ম্যাচের মতো শুরু ও শেষটা ভালো করলে দারুণ কিছু হবে।’
এখন বোধ হয় এটা অবধারিত, ভারত-বাংলাদেশ মুখোমুখি হলেই ফিরে আসবে গত বিশ্বকাপের সেই কোয়ার্টার ফাইনাল। সেই মেলবোর্ন। গত জুনে ভারতের বিপক্ষে সিরিজ জিতেও যেন হিসাব পুরোটা শেষ হয়নি। এশিয়া কাপ ফাইনালের আগে আবারও উঠে এল মেলবোর্ন-প্রসঙ্গ। মাশরাফি কিছুতেই মেলবোর্নের সঙ্গে এই ম্যাচের তুলনা করতে চাইলেন না, ‘বড় ম্যাচ যদি বলেন, ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালকে এগিয়ে রাখবে।’
মেলবোর্ন যতই এগিয়ে থাকুক, এশিয়া কাপের ফাইনালে হারানোর সুযোগটা কেন বাংলাদেশ হারাতে চাইবে? টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের এক নম্বরের দল ভারতের সঙ্গে দশ নম্বর বাংলাদেশের লড়াইয়ে কাগজে-কলমে কে এগিয়ে থাকবে, সেটি বোঝা দুষ্কর নয়। প্রতিপক্ষকে এগিয়ে রেখেই মাশরাফিও প্রত্যয়ী দারুণ কিছু করার। তবে সতীর্থদের ওপর অহেতুক চাপ তৈরির পক্ষেও তিনি নন, ‘ছেলেরা স্বাভাবিক থাকার চেষ্টা করছে। টুর্নামেন্টে শুরু থেকেই ছেলেদের বলছি, আমরা চ্যাম্পিয়ন হিসেবে খেলতে আসিনি। আমরা যেন উন্নতি করি, সেটাতেই মনোযোগ ছিল। কিছু ম্যাচ জিতেছি। এই উন্নতির ধারাটা ধরে রাখতে পারলে ভালো খেলতে পারব।’
চার বছরের ব্যবধানে দুইবার যে দল ফাইনালে ওঠে তাদের প্রতি স্বাভাবিকভাবেই আকাশচুম্বী প্রত্যাশা থাকে। এবার কি মাশরাফিরা ঘোচাতে পারবেন ২০১২ এশিয়া কাপ ফাইনালের দুঃখ? এখানেও অধিনায়ক প্রত্যাশার পারদ নামিয়ে আনতে চাইলেন, ‘চার বছর আগে ফাইনালে খেলেছি বলে এবার চ্যাম্পিয়ন হব এমন নয়। পাকিস্তানের বিপক্ষে গত ম্যাচেও কিন্তু চার বছর আগের পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু আমরা এবার চাপটা নিতে পেরেছিলাম।
ওই রকম পরিস্থিতি তৈরি হলে হয়তো চার বছর আগের চেয়ে ভালো করতে পারব। টি-টোয়েন্টি খেলাটা এমন, দিনটা নিজের হলে যে কোনো কিছুই সম্ভব।’
এই ‘সম্ভব’ কথাটার মধ্যেই লুকিয়ে আছে মাশরাফির আসল চাওয়া!