'দলে অত স্লিপ ফিল্ডার নেই, দুইজনই আছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
• বোলিং ও ফিল্ডিং নিয়ে সন্তুষ্ট নন খালেদ মাহমুদ সুজন
• শ্রীলঙ্কা ম্যাচের নিয়ন্ত্রণে বলে মনে করছেন তিনি
উইকেট নিয়ে খালেদ মাহমুদের কোনো অভিযোগ নেই। ফাইল ছবি
উইকেট নিয়ে খালেদ মাহমুদের কোনো অভিযোগ নেই। ফাইল ছবি


চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন পর্যন্ত কেমন করল বাংলাদেশ দল? ম্যাচের গতিপথই বা কোন দিকে? এক কথায় এসব প্রশ্নের জবাব দেওয়া বড় কঠিন। ব্যাটিংয়ে বড় স্কোর এলেও আরেকটু সময় উইকেটে থাকা যেত। সেই ঘাটতিটুকুও পুষিয়ে নেওয়া সম্ভবত হতো যদি দলের ফিল্ডিংটা আরেকটু ভালো হতো। কিন্তু তা না হওয়ায় শ্রীলঙ্কা যে ম্যাচের নিয়ন্ত্রণে, তা স্বীকার করে নিলেন বাংলাদেশ দলের পরিচালক খালেদ মাহমুদ সুজন।

টেস্টের বাকি আরও দুই দিন। শ্রীলঙ্কা চালকের আসনে বসলেও ম্যাচ বাঁচানোর চিন্তাভাবনা করার মতো পরিস্থিতি এখনো আসেনি বলে মনে করছেন বাংলাদেশ দলের পরিচালক খালেদ মাহমুদ সুজন। তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে তাঁর ভাষ্য, ‘এখনো ওই অবস্থায় আসেনি ম্যাচ। শ্রীলঙ্কা অবশ্যই নিয়ন্ত্রণে। কালকে সকালটাই হয়তো বলে দেবে কোন পথে যাবে ম্যাচ।’

বাংলাদেশের প্রথম ইনিংসে ৫১৩ রানের জবাবে ৩ উইকেটে ৫০৪ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে শ্রীলঙ্কা। প্রতিপক্ষ দলের এত দূর আসার পেছনে দলের বাজে ফিল্ডিংয়ের দায়ভার কম নয়। কুশল মেন্ডিস একাই স্লিপে তিনবার ‘জীবন’ পেয়েছেন! মাহমুদের মন্তব্য, ‘ক্যাচিং-ফিল্ডিং যে ভালো করেছি, তা নয়।’ ভাগ্যকে পাশে না পাওয়ার আক্ষেপও ঝরেছে তাঁর কণ্ঠে, ‘যদি সুযোগগুলো নিতে পারতাম, তাহলে হয়তো ভালো হতো। আজকে সকালে যে ক্যাচটা দুজনের মাঝ দিয়ে গেল, সেটা হয়তো একজনের হাতে আসতে পারত। রান আউটের সুযোগ মিস করেছি আমরা। ক্যাচগুলো নিতে পারতাম। কিছু এলবিডব্লুর সিদ্ধান্ত আমাদের পক্ষে আসতে পারত। ভাগ্যও পাশে ছিল না ওইভাবে।’

স্লিপ কর্ডনে বাংলাদেশ দলের ফিল্ডারদের ‘পিচ্ছিল’ হাতের সমস্যা নতুন কিছু নয়। মাহমুদ এ নিয়ে কাজ করার কথা জানালেও দলে যে স্লিপ ফিল্ডারের সংখ্যা সন্তোষজনক নয়, সেটাও স্বীকার করে নিলেন, ‘মিরাজকে নিয়ে কাজ করাও হয়েছে। যারা দুজন দাঁড়াচ্ছে, ওদের ট্রেনিংও করানো হয়েছে। এই দলে অত স্লিপ ফিল্ডার নেই, এই দুজনই আছে আসলে। দুজনই কিন্তু অনেক কাজ করেছে। স্পেশালিস্ট স্লিপ ফিল্ডার থাকা অবশ্যই গুরুত্বপূর্ণ ব্যাপার। প্রত্যেকটা টেস্ট দলেই আছে। কাজ করা যেতেই পারে।’
বোলিংয়ে বাংলাদেশ যে ভালো করতে পারেনি, সেটাও স্বীকার করলেন মাহমুদ। তৃতীয় দিনে লঙ্কানদের মাত্র ২ উইকেট নিতে পেরেছেন বোলাররা। মাহমুদ তাই মনে করিয়ে দিলেন, টেস্টে জুটি বেঁধে বোলিং করাটা গুরুত্বপূর্ণ। একদিক থেকে আক্রমণাত্মক, আরেক দিক থেকে রক্ষণাত্মক। এ পরিকল্পনা বোলাররা মাঠে ফলাতে পারেনি। মাহমুদের ভাষ্য, ‘আমার মনে হয় না কিছু সময় আমরা ভালো বোলিং করেছি। জুটি বেঁধে বোলিং ভালো ছিল না। পরিকল্পনা ছিল একদিক থেকে আমরা আক্রমণ করব, আরেক দিক থেকে রক্ষণাত্মক থাকব, সেটা হয়নি। আমরা খুব ভালো করিনি আসলে। খুব একটা সন্তুষ্ট নই আমি। উইকেট ব্যাটিংয়ে জন্য খুব ভালো। তার পরও আমরা আরও ভালো করতে পারতাম বোলিং।’

তৃতীয় দিনেও উইকেটে সেভাবে বাঁক পায়নি বোলাররা। অথচ ম্যাচের শুরুর দিন থেকে রব উঠেছিল, বল নাকি লাট্টুর মতো ঘুরবে! তা না হলেও উইকেট নিয়ে মাহমুদের কোনো অভিযোগ নেই। বরং ম্যাচে টিকে থাকতে তিনি গুরুত্ব দিচ্ছেন পরের দুই দিনে ব্যাটিং-বোলিংয়ে, ‘উইকেট নিয়ে আসলে আমি অজুহাত দিতে রাজি না। অভিযোগও করতে চাই না। হয়তোবা একটু বেশি ব্যাটিং-বান্ধব। আমরা হয়তো চেয়েছিলাম উইকেট যদি একটু মন্থর থাকত বা স্পিন করলে আমাদের জন্য ভালো হতো। তবে আমরাও এই উইকেটে ব্যাট করেছি, যেটা বড় ব্যাপার। উইকেট নিয়ে অভিযোগ নেই। পরের দুই দিন ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে ম্যাচে টিকে থাকার জন্য।’