'দলের হয়ে ক্ষমা চাইছি'
>

এক ম্যাচ বাকি থাকতেই অ্যাশেজে হারের ধাক্কা তো আছেই। সঙ্গে যোগ হয়েছে বিদায়ী অধিনায়ক মাইকেল ক্লার্ককে নিয়ে সমালোচনা, সফরে পরিবার সঙ্গে থাকা নিয়ে বিতর্ক। ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে লেখা এক কলামে এসবের জবাব ও ব্যাখ্যা দুই-ই দিলেন অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেম্যান
যেহেতু আমরা এরই মধ্যে অ্যাশেজ হেরে গেছি, এখন সময় এসেছে কিছু বিষয় নিয়ে কথা বলার। আর প্রথমেই আমি সর্বশেষ দুই টেস্টে আমাদের পারফরম্যান্স নিয়ে কিছু বলব।
আমরা ভালো খেলতে পারিনি। শ্রেয়তর প্রতিপক্ষের কাছে হেরেছি। কোচিং স্টাফ, খেলোয়াড় আর নির্বাচক—আমরা সবাই এজবাস্টন ও ট্রেন্ট ব্রিজে হারের দায় নিচ্ছি। আমরা দায়িত্ব এড়াতে চাই না। অজুহাত দেওয়ার বদলে আমরা গত কিছুদিন কী হয়েছে, সেটা যতটুকু পারি এরই মধ্যে ব্যাখ্যা করেছি।
আমরা শুধু নিজেদের ব্যর্থতার দায়ই নিচ্ছি না, যেভাবে হেরেছি সে কারণে দলের হয়ে আমি ক্ষমা চাইছি। বিশেষ করে সেসব সমর্থকের কাছে, যারা গাঁটের পয়সা খরচ করে ইংল্যান্ড এসেছে আমাদের খেলা দেখতে এবং যারা দেশে বসে আমাদের খেলা দেখেছে।
আমরা বুঝতে পারছি, এই সিরিজটা তাদের জন্য কতটা হতাশার। কিন্তু আমি নিশ্চয়তা দিতে পারি, আরও ভালো দল হয়ে ওঠার জন্য যেখানে যেখানে উন্নতির সুযোগ আছে, আমরা সেই জায়গাগুলো চিহ্নিত করার সর্বোচ্চ চেষ্টা করছি।
ভুল করার একমাত্র ইতিবাচক দিক হচ্ছে, সেটা থেকে পাওয়া শিক্ষা। আমরা ভুল করেছি, এটা মেনে নিয়েই এখন আমাদের সেরাটা দেওয়ার জন্য তৈরি হতে হবে, যাতে একই ভুল আবারও না হয়। দল হিসেবে আমরা অন্য সংগঠনের চেয়ে খুব একটা আলাদা নই—সব সময় চেষ্টা করি আরও ভালো করার। সিরিজ শেষে আমরা একটা পূর্ণাঙ্গ মূল্যায়ন করব, যাতে বোঝা যায় কোথায় পরিবর্তন দরকার।
তবে অস্ট্রেলিয়ান ক্রিকেটের ভবিষ্যতের ওপর আমার পূর্ণ আস্থা আছে। আস্থা আছে কোচিং স্টাফদের ওপর, যারা তাদের ভাগের সমালোচনাটা গ্রহণ করতে এগিয়ে এসেছেন। কোনো সন্দেহ নেই, আমাদের কাছে যে প্রত্যাশা ছিল, আমরা সেই অনুযায়ী পারফর্ম করতে পারিনি। আমরা জানি, এই সময়ে আমাদের সমালোচনা শুনতে হবে। গত দুই বছরে সাফল্যের সময় অনেক প্রশংসাও তো পেয়েছি।
কিন্তু খেলোয়াড় ও কোচিং স্টাফদের স্ত্রী ও পরিবারকে সফরে সঙ্গে রাখা নিয়ে যে কথাগুলো হচ্ছে, সে ওই ব্যাপারে আমি তীব্র দ্বিমত পোষণ করি। এই বিতর্কটা এখন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় ছড়িয়ে গেছে।
দল হিসেবে আমরা সব সময়ই পরিবারকে গুরুত্ব দিয়ে এসেছি। ব্যাটিং, বোলিং, মাঠের পারফরম্যান্স, অনুশীলন—এসব নিয়ে সমালোচনা আমরা সানন্দেই গ্রহণ করতে রাজি। কিন্তু পরিবার সঙ্গে থাকার কারণেই মাঠে ব্যর্থতা—এটা বলা অন্যায় বলে মনে করি আমি।
আমাদের দলের অনেক খেলোয়াড়ের সূচি এমন ছিল যে, গত ডিসেম্বরে বক্সিং ডে টেস্ট ম্যাচের পর থেকে তাঁরা বাড়িতে ছিল মাত্র তিন কি চার দিন। সাত মাসেরও বেশি সময়ে এক সপ্তাহেরও কম। অস্ট্রেলিয়ার কোচ হিসেবে আমি কখনোই এমন একটা দলের দায়িত্ব নিতে চাই না, যারা স্ত্রী, বান্ধবী, সন্তান কিংবা পরিবারের অন্য সদস্যদের স্বাগত জানায় না। বিশেষ করে যেখানে খেলোয়াড় ও কোচিং স্টাফরা এত বেশি সময় সফরে থাকে।
আমাকে ভুল বুঝবেন না।
আমি জানি, দেশকে প্রতিনিধিত্ব করতে পারি বলে কতটা ভাগ্যবান আমরা। এমন একটা খেলায় আছি যেটি আমরা ভালোবাসি এবং যে খেলার জন্য আমরা এত দেশ ভ্রমণের সুযোগ পাচ্ছি!
কিন্তু আমি অন্য কোনো খেলার কথা মনে করতে পারছি না, যেখানে খেলোয়াড়দের এত বেশি সময় বাড়ি ও আপনজনদের থেকে দূরে থাকতে হয়। আর সে কারণেই আমরা সব সময় সফরে পরিবারকে স্বাগত জানাব। কারণ এত লম্বা সময় খেলোয়াড়েরা পরিবার থেকে দূরে থাকবে—এটা আশা করা একেবারেই অবাস্তব।
স্ত্রী-বান্ধবীরা সফরে সঙ্গে থাকলে আমাদের ভালো লাগে। সন্তানরা সঙ্গে থাকলে ভালো লাগে। বাবা-মা, দাদা-দাদি কিংবা পরিবারের যারাই সঙ্গে আসুক, ভালো লাগে। ওদের উপস্থিতি লম্বা সফরের ধকলে কিছুটা স্বাভাবিকতা নিয়ে আসে। আমি বিস্মিত যে, এটাকে এখন একটা সমস্যা বলে মনে করা হচ্ছে। অথচ আমি কোচ হয়েছি দুই বছর হয়ে গেছে। সত্যিটা হচ্ছে, স্ত্রী, বান্ধবী আর সন্তানরা ২০ বছর আগে মার্ক টেলরের অধিনায়কত্বের সময় থেকেই সফরের অংশ হয়ে আসছে। আর এটা বদলানোর কোনো ইচ্ছে নেই আমাদের।
কোচ হিসেবে আমার দৃষ্টিকোণ থেকে, দিন শেষে স্ত্রী, বান্ধবী ও সন্তানদের কাছে ফেরা খেলোয়াড়দের জন্য আরেকটা প্রেরণার উৎস। বিশেষ করে যখন সময়টা ভালো যায় না। আমাদের ফলের কারণে তাই ওদের উপস্থিতিকে দোষারোপ করা অন্যায়।
আমি তাই আরও একবার মনে করিয়ে দিতে চাই, কোচ হিসেবে আমি কিংবা দল হিসেবে আমরা সব সময় স্ত্রী, বান্ধবী ও সন্তানদের সফরে রাখার পক্ষে। আর এটা বদলাবে না।
অন্য আরেকটা বিষয় যেটা গত কিছুদিনে শিরোনাম হয়েছে, সেটা তৈরি হয়েছে আমাদের অধিনায়ক মাইকেল ক্লার্কের অবসর ঘোষণার পর। ওই ঘোষণার পরই তাকে অনেক সমালোচনা শুনতে হচ্ছে।
অসাধারণ এক ক্যারিয়ার দিয়ে মাইকেল যে শ্রদ্ধা ও সম্মান অর্জন করেছে, সেই শ্রদ্ধা ও সম্মান নিয়েই বিদায়টা তাঁর প্রাপ্য। তার বর্ণাঢ্য ক্যারিয়ার যথাযথভাবে উদ্যাপিত হচ্ছে, এটাই দেখতে চাই আমি। অস্ট্রেলিয়াকে টেস্টে নেতৃত্ব দেওয়া বিশেষ একটা দলে ও আছে এবং সব ধরনের কন্ডিশনে নিজের পারফরম্যান্স দিয়েই সে এটি অর্জন করেছে। তার নেতৃত্বে আমরা টেস্ট ও ওয়ানডে দুটি র্যাঙ্কিংয়েই আমরা এক নম্বর হয়েছি, বিশ্বকাপ জিতেছি। দুই ধরনের ক্রিকেটেই অস্ট্রেলিয়ার হয়ে চতুর্থ সর্বোচ্চ রান তার।
তার ক্যারিয়ারের পুরো সময়টাতেই আমরা দেখেছি, মাইকেল সব সময় অনুশীলনে আন্তরিক। সে প্রতিদিনই অনুশীলন করে, এমনকি যখন ঐচ্ছিক অনুশীলন কিংবা ছুটি থাকে তখনো। আর অনুশীলনের দিনগুলোতে সহযোগী স্টাফরা যখন সবকিছু ঠিকঠাক করার জন্য আগে মাঠে যায়, ও তাদের সঙ্গেই যায়।
গত মে মাসে আমাদের সফর শুরুর পর ওয়েস্ট ইন্ডিজে ও এখানে সবগুলো প্রস্তুতি ম্যাচেই সে খেলছে। এই সপ্তাহেও নর্দাম্পটনশায়ারের বিপক্ষে অনুশীলন ম্যাচে না খেলার জন্য তাঁকে আমাদের অনুরোধ করতে হয়েছে। আমরা চেয়েছি যাতে সে এই সময়টা লন্ডনে গিয়ে তার পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাতে পারে, শেষ টেস্টের প্রস্তুতি নিতে পারে।
কোচ ও নির্বাচক প্যানেলের একজন সদস্য হিসেবে আমি জানি, অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ককে কেমন চাপ নিতে হয়, সব সময় কেমন আতশি কাচের নিচে থাকতে হয়। আমরা তাই চাই, সে পরিবারের সঙ্গে কিছু সময় কাটাক, যারা তার শেষ টেস্টটা দেখবে বলে এত দূর এসেছে।