'দাউদের আশ্রয়দাতা'দের সঙ্গে খেলবে না ভারত

যাওবা একটা সম্ভাবনা দেখা দিয়েছিল। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব অনুরাগ ঠাকুরের মন্তব্যে আবারও অনিশ্চয়তায় পড়ে গেল ভারত-পাকিস্তান সিরিজ।
ভারত-পাকিস্তানের সর্বশেষ সিরিজ হয়েছে ২০১২ সালের ডিসেম্বর ও ২০১৩ সালের জানুয়ারিতে। ভারত সফরে সেবার ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল পাকিস্তান। এরপর আইসিসির টুর্নামেন্টগুলোয় মুখোমুখি হলেও দ্বিপক্ষীয় সিরিজে খেলা হয়নি দুই দেশের। সূচি অনুযায়ী, আগামী ডিসেম্বরে নিরপেক্ষ ভেন্যু আরব আমিরাতে অনুষ্ঠেয় হওয়ার কথা দ্বিপক্ষীয় সিরিজের। কিন্তু এ সিরিজ খেলতে ভারতের অনীহা স্পষ্ট।
এত দিন এ সিরিজ প্রসঙ্গে কূটনৈতিক উত্তর দিলেও এবার ঝাঁজালো মন্তব্যই করলেন বিসিসিআইয়ের শীর্ষকর্তা অনুরাগ। পাকিস্তানকে মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের ‘আশ্রয়দাতা’ হিসেবে অভিহিত করে নিজের টুইটারে অ্যাকাউন্টে লিখেছেন, ‘দাউদ (ইব্রাহিম) করাচিতে। এনএসএ (ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি) সেখানে চরমপন্থীদের খুঁজছে। আপনারা শান্তি নিয়ে সত্যিই ভাবছেন? প্রত্যাশা করছেন আমরা আপনাদের সঙ্গে ক্রিকেট খেলব?’
অনুরাগের এ মন্তব্যে স্পষ্ট, আন্তসীমান্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়টি মীমাংসা না হওয়া পর্যন্ত পাকিস্তানের সঙ্গে খেলতে আগ্রহী নয় ভারত। আর এ এমনই বিষয়, শিগগির মীমাংসার হওয়ার সম্ভাবনাও সামান্য। তবে কি ঝুলে গেল দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বৈরথ? তথ্যসূত্র: এনডিটিভি।