'দাদার কীর্তি' ছুঁতে পারেননি আর কেউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

♦ ওয়ানডেতে টানা তিন ম্যাচে সেরা খেলোয়াড় হয়েছিলেন মাশরাফি।
♦ সাকিব কাল ম্যাচসেরা হলে মাশরাফিকে ছুঁতেন।

ত্রিদেশীয় সিরিজে সাকিবে ব্যাটে-বলে দ্যুতি ছড়াচ্ছেন সাকিব
ত্রিদেশীয় সিরিজে সাকিবে ব্যাটে-বলে দ্যুতি ছড়াচ্ছেন সাকিব

দলীয় স্কোর সাদামাটা ২১৬। দ্বিতীয় উইকেটে তামিম-সাকিবের ১০৬ রানের জুটি যার ভিত্তি। এর মধ্যে সাকিবের অবদান বেশি—৫১। দলের জয়ে বোলার সাকিবের অবদানও তাৎপর্যপূর্ণ। শুরুতেই ফিরিয়েছেন সলোমন মিরে আর ব্রেন্ডন টেলরের মতো দুই ম্যাচ উইনারকে। সেটাও পরপর দুই বলে! জিম্বাবুয়ের লেজ ছাঁটাইয়েও তাঁর অবদান চাতারার উইকেট। সাকিব যে ম্যাচসেরা, সেটা অনেকে দিব্যদৃষ্টিতে দেখতে পাচ্ছিলেন। কিন্তু চোখের সামনেই কত কিছু দেখতে ভুল হয়, আর ওটা তো দিব্যদৃষ্টি!
অনেকে সেই দিব্যদৃষ্টিতেই সাকিবকে দেখছিলেন মাশরাফির পাশে। সেটা যে এক ধরনের ‘কীর্তি’, তা না বললেও চলে। ওয়ানডেতে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টানা তিন ম্যাচে সেরা খেলোয়াড় হওয়ার কীর্তি। যেখানে দাঁড়িয়ে শুধু একা মাশরাফি।
সাকিব এই ত্রিদেশীয় সিরিজে টানা দুটি পুরস্কার জিতেছেন বাংলাদেশের প্রথম দুই ম্যাচে। জিম্বাবুয়ের বিপক্ষে গতকাল তামিমের হাতে ম্যাচসেরা পুরস্কার তো অনেকের চোখেই অন্যায়-অবিচার! তর্কসাপেক্ষ ব্যাপার। তবে একটা ব্যাপারে তর্কের কোনো অবকাশ নেই, প্রায় এক যুগ পর টানা তিন ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার জয়ের খুব কাছে পৌঁছে গিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটার।
খুব কাছে কী, সাকিব তো অনেকের চোখেই ম্যাচসেরা! তাহলে সেই দিব্যদৃষ্টিতে মাশরাফি-সাকিব তো একটা জায়গায় সমানে সমান—২০০৬ সালে কেনিয়া সফরে গিয়ে টানা তিন ওয়ানডেতে ম্যাচসেরা হয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। প্রায় ১২ বছর পর সাকিব বাস্তবে টানা তিন ম্যাচে পুরস্কার না জিতেও অনেকের চোখে ঠিক তা-ই!
সেবার স্টিভ টিকোলোর কেনিয়াকে তিন ম্যাচ সিরিজে ধবলধোলাই করেছিল বাংলাদেশ দল। মাশরাফি ছিলেন মূল কারিগর। প্রথম দুই ম্যাচে ৩ উইকেট করে নেওয়ার পর শেষ ম্যাচে নিলেন ২৬ রানে ৬ উইকেট! মাশরাফির ওয়ানডে ক্যারিয়ারে এটা এখনো সেরা বোলিং ফিগার। দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে ৪৩ রান করেও বড় ভূমিকা রেখেছিলেন জয়ে। গতকাল সেই মাশরাফিকে ছুঁতে পারলে আগামীকাল সাকিবের সামনে দাঁড়িয়ে থাকতেন শুধুই সৌরভ গাঙ্গুলী!

টরন্টোর সেই সিরিজে ব্যাটে-বলে সতীর্থদের ছাপিয়ে গিয়েছিলেন সৌরভ গাঙ্গুলী। ছবি: এএফপি
টরন্টোর সেই সিরিজে ব্যাটে-বলে সতীর্থদের ছাপিয়ে গিয়েছিলেন সৌরভ গাঙ্গুলী। ছবি: এএফপি

ওয়ানডেতে টানা চার ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা একমাত্র ক্রিকেটার। সেটাও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে! টরন্টো সিরিজ মনে পড়ে? নব্বই দশকের শেষভাগে কানাডার টরন্টোতে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের মুখোমুখি হওয়া আগ্রহ ছড়িয়েছিল এ দেশেও। ১৯৯৭ সালে সেই টরন্টোয় পাঁচ ম্যাচের সিরিজে ‘প্রিন্স অব ক্যালকাটা’ সেরা খেলোয়াড় হয়েছিলেন টানা চার ম্যাচে।
‘দাদা’র সেই উত্তুঙ্গ ফর্মের শুরু দ্বিতীয় ম্যাচ থেকে। তৃতীয় ম্যাচটি বৃষ্টির জন্য মাঠে গড়ায় নির্ধারিত দিনের পরের দিন। সেদিন ব্যাটে রান না পেলেও করেছিলেন ক্যারিয়ার সেরা বোলিং (৫/১৬)। পরের দুই ম্যাচেও ছিল ব্যাটে-বলে দারুণ অবদান। নব্বই প্রজন্মের অনেক ক্রিকেটামোদীর চোখেই সেটা ছিল দাদার সিরিজ। যেমনটা কেনিয়াতে ছিলেন মাশরাফি, আর এবার তাহলে কার? সাকিব না তামিমের?