প্রত্যাশার সীমা বাড়িয়ে দিয়েছিলেন নিজেরাই। ওয়ানডে সিরিজে পাকিস্তানকে ‘বাংলাওয়াশ’, একমাত্র টি-টোয়েন্টিতেও দাপুটে জয়। এরপর প্রথম টেস্টে সাহসী ড্র ঢাকা টেস্টে বড় কিছুর স্বপ্ন দেখিয়েছিল বাংলাদেশ দলকে। কিন্তু প্রায় দেড় দিন বাকি থাকতেই ৩২৮ রানের হার! ম্যাচ শেষে কাল সংবাদ সম্মেলনে নিজেদের ভুল-ত্রুটি নিয়ে কথা বললেন মুশফিকুর রহিম। বাংলাদেশের টেস্ট অধিনায়ক ব্যাখ্যা দিলেন টসে জিতে আগে ফিল্ডিং এবং দল নির্বাচন নিয়েও—
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্তে উইকেটের ভূমিকা—

মুশফিকুর রহিম: উইকেট দেখেই পরিকল্পনা করা হয়েছিল। প্রথমে ১২ জন থাকে, ম্যাচের দিন সকালে আমরা সিদ্ধান্ত নিই কোন ১১ জন খেলবে।
দলে বিশেষজ্ঞ পেসার দুজন নেওয়া প্রসঙ্গে—
মুশফিক: দুজন পেস বোলার তো না! সৌম্যকে ধরলে আমরা তো তিন পেস বোলার নিয়ে খেলেছি। টিম ম্যানেজমেন্টে যাঁরা ছিলেন, তাঁদের সবার সম্মিলিত সিদ্ধান্তে এটা হয়েছে। ফলাফল দেখে হয়তো ভুল মনে হচ্ছে। তবে সব ঠিক থাকলে হয়তো এত কথা হতো না।
আগে ফিল্ডিং করায় অনেক সমালোচনা হয়েছে। সেসবের কতটুকু প্রভাব পড়েছে পারফরম্যান্সে?
মুশফিক: এটা নতুন কিছু নয়। আমরা সব সময় এসবের মধ্য দিয়েই খেলি। এটা খুব স্বাভাবিক। একটা সমস্যাই হয়েছে, আমরা প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারিনি। দায়টা আমাদের সবার। এই টেস্টে আমরা নিজেদের ভাবমূর্তি অনুযায়ী খেলতে পারিনি। প্রথম টেস্টে খুব ভালো ব্যাট করে আমরা ম্যাচ বাঁচালাম, বড় একটা লিড নিলাম। অথচ এই টেস্টে কোনো ইনিংসেই ভালো ব্যাট করতে পারিনি।
দল নির্বাচনে অধিনায়কের ভূমিকা—
মুশফিক: এখানে বলার সুযোগ সবারই থাকে। এটা আমার একার দল নয়, কোচেরও দল নয়, কারোরই নয়। এটা বাংলাদেশ দল। এখানে সবারই মতামত থাকে। শেষ পর্যন্ত সবাই যা ভালো মনে করেন সেই সিদ্ধান্তই হয়। নির্বাচকেরা থাকেন, আমরাও থাকি। সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হয় কোন এগারো জন খেলবে।
জুবায়ের হোসেনের না খেলানো—
মুশফিক: লিখন (জুবায়ের) প্রথম দিন সকাল পর্যন্ত এই টেস্টের দলে ছিল। সকালে এসে ও চোট পাওয়ায় বিকল্প নিতে হয়। আমাদের মনে হয়েছিল বিকল্প হিসেবে শুভাগতকে নিলে ভালো হবে। ওদের ইয়াসির শাহ ভালো বোলিং করেছে। লিখন খেললে হয়তো উইকেটের সুবিধা পেত।
টেস্ট সিরিজে নিজের পারফরম্যান্স—
মুশফিক: টি-টোয়েন্টি ও ওয়ানডেতে ব্যাটিং খারাপ-ভালো যা-ই হোক না কেন, টেস্ট ক্রিকেটে অন্য রকম একটা মনোযোগ থাকতে হয়। নিজের সঙ্গে চ্যালেঞ্জ থাকে। সেদিক থেকে এই সিরিজ হতাশাজনক অবশ্যই। শেষ কবে এমন সিরিজ খেলেছি নিজেই ভুলে গেছি। চোটের কারণে ব্যাটিংয়ে একটু প্রভাব পড়েছে। জানতাম আমি শতভাগ ফিট হতে পারব না। দলের জন্য যেন কিছু করতে পারি, সেটাই চেষ্টা করেছি। দুর্ভাগ্য, সেটা পারিনি।
খুলনা টেস্টের উইকেটের সঙ্গে ঢাকা টেস্টের উইকেটের পার্থক্য—
মুশফিক: খুলনার চেয়ে ঢাকার উইকেট বোলারদের জন্য বেশি ভালো ছিল। তবে খুলনায় কেন ফ্ল্যাট উইকেটে খেললাম, যেখানে ২০ উইকেট নেওয়া যায় না—এ নিয়েও অনেক কথা হয়েছে। আমাদের ব্যাটসম্যানরা ফর্মে থাকায় আমরা চেষ্টা করেছি সেখানে তাদের একটু বেশি সুযোগ দিতে। এসব ভেবেই টিম ম্যানেজমেন্ট ও রকম সিদ্ধান্ত নিয়েছিল। আর উইকেট নিয়ে এত কথা বলার কিছু নেই। ব্যাটসম্যানরা বাজেভাবে আউট হয়েছে, বোলাররাও তাদের কাজ ঠিকভাবে করতে পারেনি। এ ছাড়া নো বলে উইকেট পড়েছে, এসব বিষয় নিয়ে কথা বললে ভালো হবে। মনোযোগ বা অন্য কিছুতে আমাদের ঘাটতি ছিল না।
শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং পরিকল্পনা—
মুশফিক: নিজেদের স্বাভাবিক খেলা খেলারই পরিকল্পনা ছিল। মিডল অর্ডারের কেউ কেউ চেষ্টাও করেছে। তবে তাদের উচিত ছিল পরিস্থিতি চিন্তা করে খেলা। চতুর্থ দিনের উইকেটে সব বলে মারা বা সুইপ করা অনেক কঠিন ছিল। আমাদের চিন্তা ছিল আজকের প্রথম এক ঘণ্টায় টপ অর্ডারে বড় একটা জুটি গড়া। কারণ একজন ব্যাটসম্যান কম, রাজিব (শাহাদাত) ব্যাটিং করতে পারবে না। কিন্তু আমরা তা পারিনি। লাঞ্চের আগেই চারজন আউট। ম্যাচ থেকে তখনই আমরা ছিটকে গেছি।
ইতিবাচক প্রাপ্তি—
মুশফিক: শেষটা সবাই মনে রাখে। তবে আমরা যে এতদূর পর্যন্ত এসেছি, সেটাও কম অর্জন নয়। আসলে অন্য কোনো সময় যদি কোনো টেস্টে এভাবে হারতাম, তাহলে এত কথা হতো না। তখন হয়তো মনে করা হতো পাকিস্তানের সঙ্গে আমরা এভাবেই হারব। এবার আমরা ভালো খেলাতেই এত কথা। ভালো খেলার কৃতিত্ব পুরো দলকে এবং টিম ম্যানেজমেন্টকেও দিতে হবে। বাংলাদেশ দল সাত মাস ধরেই ভালো ক্রিকেট খেলছে।
ভারত সিরিজের প্রস্তুতি—
মুশফিক: ভারত সিরিজের আগে আমরা বিসিএলে ম্যাচ খেলার সুযোগ পাব। প্রস্তুতিতে এটা কাজে লাগবে। এই সিরিজে যারা ভালো খেলেছে, তারা জানে তাদের কী করতে হবে। যারা খারাপ খেলেছে, তারা চেষ্টা করবে দ্রুত ফর্মে ফিরতে। বোলিংয়েও আমাদের অনেক কাজ করতে হবে। ব্যাটসম্যানদের যতটা উন্নতি হয়েছে, সে হিসেবে বোলারদের হয়নি।