'দায়িত্বজ্ঞানহীন' আফ্রিদি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিসিবি-অধিনায়কত্ব-আফ্রিদি; প্রতিটি শব্দই বিতর্ক উসকে দেওয়ার জন্য যথেষ্ট। সেখানে তিনটি শব্দ যদি হয় একই সূত্রে গাঁথা, তবে একে বিতর্ক না বলে ‘বিস্ফোরণ’ বলাই শ্রেয়। ‘আমি বা মিসবাহ, যে-ই পাকিস্তানকে বিশ্বকাপে নেতৃত্ব দিই না কেন, আমাদের এখনই জানা উচিত’—অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ম্যাচ শেষে আফ্রিদির এই মন্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে রীতিমতো ধুয়ে দিয়েছেন পাকিস্তানের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান।
বছরের শুরু থেকেই বলে যাওয়া কথাটা আবারও বললেন পিসিবি-প্রধান, ‘মিসবাহ থেকে শুরু করে প্রধান কোচ ওয়াকার ইউনুস ও ম্যানেজার মঈন খান, আমি সবাইকে বলে দিয়েছি যে মিসবাহই বিশ্বকাপে পাকিস্তানকে নেতৃত্ব দেবে।’ তবুও অধিনায়কত্ব নিয়ে এই ধোঁয়াশা তৈরি করায় আফ্রিদির ওপর যারপরনাই বিরক্ত শাহরিয়ার খান। এতে শাস্তির ইঙ্গিতও দিয়েছেন তিনি, ‘আফ্রিদির বিবৃতি ছিল দায়িত্বজ্ঞানহীন। তার এই বিবৃতি পিসিবির আচরণবিধি ভেঙেছে কি না, তা আমরা খতিয়ে দেখছি।’
টানা ব্যাটিং ব্যর্থতার পর নিজ থেকেই মিসবাহ তৃতীয় ম্যাচে সরে যাওয়ায় অধিনায়কত্ব দেওয়া হলো যাঁকে, গত কিছু দিনে সেই আফ্রিদিরই বা কি এমন পারফরম্যান্স! সর্বশেষ ২৮টি ওয়ানডেতে তাঁর ব্যাট থেকে এসেছে মোটে একটি হাফ সেঞ্চুরি, এই সিরিজের আগে উইকেটশূন্য ছিলেন ৭টি ম্যাচ! আফ্রিদির ফর্ম নিয়েও তাই টিপ্পনী শাহরিয়ার খানের, ‘এখন লোকজন বলছে, আফ্রিদিকে অধিনায়কত্ব দেওয়া উচিত। অথচ তার বোলিংয়েই শুধু উন্নতি হয়েছে, ব্যাটিংয়ে নয়। নির্বাচকদের দেখা উচিত, ও দলে স্থান পাওয়ার যোগ্য কি না!’ এএফপি।