'দায়' মোহালির উইকেটের নয়
স্কোরকার্ড বলছে মোহালির পিচটা স্পিন-মৃগয়াই ছিল। যে ম্যাচে ৪০টি উইকেটের ৩৪টিই স্পিনাররা নিয়েছেন, সেটি এই পরিচয় ছাড়িয়ে যেতে পারে না। কিন্তু মাঠে যেমন দেখা গেছে, পিচ কি আসলেই ততটা কঠিন ছিল? বিরাট কোহলির সেটি না মানায় খুব বিস্ময়ের কিছু নেই, তবে হাশিম আমলাও পিচের ওপর ‘দায়’ চাপাননি!
ভারতে সর্বশেষ চারটি টেস্টই শেষ হয়ে গেছে তিন দিনে। সেটির পেছনে স্পিনারদের ভূমিকাই ছিল বেশি। তবে মোহালির পিচে অন্তত স্পিনারদের কৃতিত্বের চেয়ে ব্যাটসম্যানদের ব্যর্থতাকেই বড় করে দেখছেন কোহলি, ‘উইকেট নিয়ে এত ধুয়া তোলার কোনো মানে নেই। অশ্বিন কাল যে রকম বলল, আমরা যখন বাইরে যাই তখন তো উইকেট নিয়ে এত কথা হয় না। এখানেও সে রকম কিছু হওয়া উচিত নয়।’ ম্যাচে বোলারদেরই আধিপত্য ছিল এটি মেনে নিয়েও কোহলি দাবি করলেন, ব্যাটসম্যানরাই উইকেট দিয়ে এসেছেন, ‘শুধু একটা ইনিংসে নয়, পুরো ম্যাচেই অনেকবার উইকেট বিলিয়ে দিয়ে আসা হয়েছে। আমার মনে হয় না উইকেটে এমন কোনো জুজু ছিল। বল সেভাবে খুব একটা ঘোরেওনি। ব্যাটসম্যানদেরই আরও বেশি সাবধানে খেলতে হতো।’ আমলার সুরটা অনেকটা প্রতিপক্ষ অধিনায়কের মতোই, ‘খারাপ হতে থাকা উইকেটে ১৫০-১৮০ তাড়া করতে পারলে ভালো হতো। কিন্তু আমরা কয়েকবার ওদের উইকেট উপহার দিয়ে এসেছি।’
কিন্তু তিন দিনেই টেস্ট ম্যাচ শেষ হয়ে যাওয়াটা ক্রিকেটের জন্য কতটুকু ভালো? ভারতের কিংবদন্তি ওপেনার সুনীল গাভাস্কার ব্যাপারটা ইতিবাচকভাবেই দেখছেন, ‘টেস্ট ক্রিকেটে একটা ফল পাওয়া আসলে ভালোই হয়েছে। স্বাগতিকেরা, টিভি বা সমর্থকেরা ম্যাচটা পাঁচ দিন দেখতেই চাইবেন। কিন্তু এটা শুধু ভারতেই যে ঘটছে, তা নয়। অস্ট্রেলিয়ায়ও ম্যাচ কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। আসলে ম্যাচ পাঁচ দিনে নিয়ে যাওয়ার জন্য যে ধৈর্য দরকার সেটাই এখনকার অনেক খেলোয়াড়ের নেই।’ রয়টার্স, টাইমস অব ইন্ডিয়া।