'দিনটা ছিল বাংলাদেশের'
সবই বাংলাদেশের প্রতিপক্ষ। নিউজিল্যান্ড তো বটেই; ওয়েলিংটনের তীব্র বাতাস, বেসিন রিজার্ভের উইকেট সম্পর্কে সাধারণ ধারণা—সব। তার ওপর একটু পরপর বৃষ্টির হানায় বন্ধ করে দিতে হচ্ছিল খেলা। মনঃসংযোগে ব্যাঘাত ঘটছিল ব্যাটসম্যানদের। দিন শেষের সংবাদ সম্মেলনে তবু বাংলাদেশকেই এগিয়ে রাখলেন নিল ওয়াগনার।
নিউজিল্যান্ডের এই বাঁহাতি পেসার ওয়েলিংটন টেস্টের প্রথম দিনে এগিয়ে রাখলেন বাংলাদেশকেই, ‘আমি মনে করি, দিনটা ছিল বাংলাদেশের। জুটি বেঁধে লম্বা সময় ধরে ভালো বোলিং করতে পারিনি আমরা।’ তামিম ইকবাল আর মুমিনুল হককেও প্রশংসাবৃষ্টিতে ভেজালেন ওয়াগনার, ‘তামিম আসলেই খুব ভালো ব্যাট করেছে। বাজে বলে মেরেছে, সব মিলিয়ে তারা খুব ইতিবাচক ছিল আজ। এই জিনিসটাই আমাদের পেছনে ঠেলে দিয়েছে। তারা যেভাবে ব্যাট করেছে, আমরা কখনোই একটু থিতু হতে পারিনি।’
মুমিনুল সম্পর্কে তাঁর এখনো পুরোনো ধারণাটাই আছে। বাংলাদেশেও মুমিনুলের বিপক্ষে খেলেছেন তিনি। সেই মুমিনুলের সঙ্গে এই মুমিনুলের তেমন পার্থক্য দেখেন না ওয়াগনার, ‘কয়েক বছর আগে ওকে ঢাকায় যেমন দেখেছি, মনে হয় না তার চেয়ে বেশি পরিবর্তন এসেছে ওর খেলায়। খুবই ভালো ব্যাটসম্যান, আজ (কাল) অনেক ধৈর্যও দেখাল। আমাদের একটাও সুযোগ দেয়নি, বলও ছাড়ছিল দারুণ।’ এরপরই মুমিনুলকে দিলেন প্রচ্ছন্ন একটা হুমকি, ‘আমাদের বিপক্ষে ব্যাটিংটা সে পছন্দই করে। কাজেই কাল (আজ) তার ব্যাপারে আরও কঠোর হতে হবে।’
নিউজিল্যান্ডের বিপক্ষে মুমিনুলের এটি তৃতীয় টেস্ট। আগের দুটি টেস্টই ২০১৩ সালের হোম সিরিজে এবং দুটিতেই করেছিলেন সেঞ্চুরি। ওয়াগনার হয়তো সে জ্বালা জুড়ানোর কথাই বললেন। শুধু মুমিনুলকে থামানোই নয়, নিউজিল্যান্ডের লক্ষ্য ওয়েলিংটন টেস্টে আজ ভালোভাবে ফিরে আসা। চেনা কন্ডিশনে সেটা কঠিন হবে না বলেই বিশ্বাস এই ফাস্ট বোলারের।
তীব্র বাতাসের মধ্যে কাল নিজেদেরও যে খেলতে সমস্যা হয়েছে, সেটিও স্বীকার করেছেন কিউই পেসার, ‘ব্যাটসম্যানদের জন্য দিনটা কঠিন করে দিয়েছে তীব্র বাতাস। এমন কন্ডিশনে বারবার বাইরে যাওয়া এবং মাঠে ফিরে নতুন করে শুরু করা ব্যাটসম্যানদের জন্য সহজ নয়। একই সঙ্গে বোলারদের জন্যও কঠিন একটি দিন ছিল এটা। তবে এটাই ক্রিকেটের চরিত্র এবং আপনাকে কোনো না কোনো উপায় খুঁজে বের করতেই হবে।’