'দুঃখ প্রকাশ করার কিছু নেই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>সিরিজ নির্ধারণী ম্যাচের আগের সংবাদ সম্মেলনে খেলা-টেলা নিয়েই বেশি কথা হয়। কাল হলো ব্যতিক্রম। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সংবাদ সম্মেলনে বেশির ভাগ প্রশ্নই হলো মিরপুরের দ্বিতীয় ওয়ানডের বিতর্কিত ঘটনাগুলো নিয়ে। জস বাটলার আউটের পর বাংলাদেশের খেলোয়াড়দের উদ্‌যাপন, খেলা শেষে তামিমের সঙ্গে বেন স্টোকসের লেগে যাওয়া—ঘুরেফিরে এসব প্রসঙ্গ...

* গত ম্যাচের শেষে বাটলারের সঙ্গে তামিমের হাত মেলানোর সময়ের ঘটনা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। এ ব্যাপারে বাংলাদেশ দলের প্রতিক্রিয়াটা কী?

মাশরাফি বিন মুর্তজা: আমাদের দল পুরোপুরি স্বাভাবিক আছে। আমি শতভাগ নিশ্চিত যে দল ওটা নিয়ে ভাবছেও না। আমরা ভাবছি শেষ ওয়ানডেটা কীভাবে ভালো খেলতে পারি। আমি নিশ্চিত, আমাদের ছেলেরা সবাই শান্ত থাকবে এবং চেষ্টা করবে সেরাটা খেলতে।

* দ্বিতীয় ওয়ানডেতে বাটলারের আউটের পরের ঘটনায় আপনাদের দুজন খেলোয়াড়কে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। আপনার কি মনে হয় বিষয়টা আপনাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল?

মাশরাফি বিন মুর্তজা
মাশরাফি বিন মুর্তজা

মাশরাফি: দেখুন, আমরা ওই উইকেটটা পাওয়ার পর স্রেফ উদ্‌যাপন করছিলাম। এটাকে স্বাভাবিকভাবেই নেওয়া উচিত। সব দলই উইকেট পেলে উদ্‌যাপন করে। তবে এসবেরও একটা নিয়ম আছে। ম্যাচ রেফারি হয়তো ভেবেছেন আমাদের উদ্‌যাপন সে নিয়ম ভেঙেছে। কিন্তু আমরা সে রকম কিছু বোঝাতে চাইনি।

* আপনি কি ওই ঘটনার জন্য জস বাটলারকে ‘সরি’ বলবেন? যা ঘটেছে তার জন্য ক্ষমা চাইবেন?

মাশরাফি: সত্যি বলতে আমরা কোনো ভুল করিনি। কাজেই আমরা সেটা করব না। আমরা স্রেফ উদ্‌যাপনই করেছি। এখানে ‘সরি’ বলার কিছু নেই। দুঃখ প্রকাশ করারও কিছু নেই। যা হয়েছে, ম্যাচ রেফারি দেখেছেন।

* ম্যাচ রেফারি যে আপনাদের শাস্তি দিলেন, সেটা কি আপনারা মেনে নিচ্ছেন?

মাশরাফি: মেনে নেওয়া ছাড়া তো আর কোনো বিকল্পও নেই! মেনে নিতেই হবে।

* আপনি কি মনে করেন ওই ঘটনা পরের ম্যাচে আরও বেশি টেনশন ছড়াবে?

মাশরাফি: হতে পারে। তবে আমাদের দিক থেকে আমরা আশা করব—একটা স্বাভাবিক ম্যাচই যাতে হয়। সবাই স্বাভাবিক থাকবে।

* শেষ ওয়ানডেতে কি নিজেদের ফেবারিট ভাবছেন?

মাশরাফি: ঠিক তা নয়। সিরিজ শুরুর আগেই বলেছিলাম, ইংল্যান্ড ভালো খেলছে। গত দুই ম্যাচেও তারা ভালো খেলেছে। আমরাই বরং সেরা খেলাটা খেলতে পারিনি। পরের ম্যাচটা আমাদের জন্য অনেক বড় ম্যাচ।

* এসব আলোচনা-সমালোচনার জবাব দিতে আপনারা কতটা মুখিয়ে আছেন?

মাশরাফি: আলোচনা-সমালোচনা আমাকে একবারের জন্যও স্পর্শ করেনি। আমার আর সাব্বিরের ২০ শতাংশ জরিমানা হয়েছে। তবে ওদিকে আমাদের একদমই নজর ছিল না। আজ পর্যন্ত এসব নিয়ে চিন্তাও করিনি। ঘটনার তাৎক্ষণিকতায় অনেক কিছু হতে পারে। এটা নিয়ে এত বাড়াবাড়ি করার কিছু নেই। সবাইকে এগুলো সহজভাবে নিতে হবে। আর সেখানে ম্যাচ রেফারি ছিলেন। তিনি যার ভুল পেয়েছেন, তাকে জরিমানা করেছেন। আমার নিজেরও জরিমানা হয়েছে। আমি এটা মেনে নিয়েছি। আমি মনে করি, সবকিছুর ওপরে এটা হচ্ছে ভদ্রলোকের খেলা।

* ম্যাচে অনেক কিছুই হতে পারে। কিন্তু ম্যাচ শেষে বেন স্টোকস তামিমের সঙ্গে যেটা করলেন, এটাকে আপনি কীভাবে দেখেন?

মাশরাফি: ভিডিওটা আমি দেখেছি। আমি তামিমের কোনো দোষ খুঁজে পাইনি। আমি তাদেরও দোষ দিচ্ছি না, আবার তামিমেরও কোনো ভুল খুঁজে পাইনি। আমি তামিমের সামনেই ছিলাম। তামিমকে কিছু বলতে বা করতে শুনিনি। আমরা খুব স্বাভাবিকভাবে হাত মেলাতে গিয়েছি। প্রথম ম্যাচে হারার পর আমরা স্বাভাবিক ছিলাম। জেতার পরও সেভাবেই হাত মেলাতে গিয়েছি।

* স্টোকস তো সেখানে ছিলেন না। পেছন থেকে এসে ধাক্কা দিলেন...

মাশরাফি: আগেও বলেছি, কারও দোষ থাকলে সেটা ঘটনার তাৎক্ষণিকতায় হয়েছে। আমি বলতে চাই না যে, তাদের কারও ভুল ছিল। এগুলো ভুলে ক্রিকেট খেলতে চাই। আমাদের উদ্‌যাপনটা যে রকম ছিল, সেটা হয়তো এখন আচরণবিধির ভেতরে নেই। হয়তো ওই কারণে জরিমানা হয়েছে। মাঠে ওরকম উত্তেজনাপূর্ণ মুহূর্তে অনেকেই এভাবে উল্লাস করে। এমনকি ইংল্যান্ডের সঙ্গেও আমরা যখন অস্ট্রেলিয়ায় জিতেছি, তখন এভাবেই উল্লাস করেছি। তখন হয়তো এই ধরনের আইন ছিল না।

* মঈন আলী বলেছেন, গত ম্যাচের ঘটনার পর দুই দলই জিততে মরিয়া থাকবে। আপনারা এটাকে কীভাবে দেখছেন?

মাশরাফি: আমরাও অবশ্যই জিততে মরিয়া থাকব। আমরাও এখানে খেলতেই এসেছি। আমাদেরও লক্ষ্য থাকবে জেতা। তবে যদি বাইরে কিছু করে কেউ জিততে চায়, তাহলে তারাই নিজেদের ওপর অপ্রয়োজনীয় চাপ নেবে। স্বাভাবিক ক্রিকেট খেলার বাইরে আমরা আর কিছু ভাবছি না।