'দুঃস্বপ্ন' হয়ে এসেছিলেন মহসিন কামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের ক্রিকেট কোচদের নিয়ে আমাদের নতুন ধারাবাহিক। সপ্তম পর্বে থাকছেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এখনো পর্যন্ত সবচেয়ে বিতর্কিত কোচ মহসিন কামাল।
মহসিন কামালের নিয়োগ ছিল দেশের ক্রিকেটের ভুল এক সিদ্ধান্ত। ছবি: সংগৃহীত।
মহসিন কামালের নিয়োগ ছিল দেশের ক্রিকেটের ভুল এক সিদ্ধান্ত। ছবি: সংগৃহীত।

টেস্ট মর্যাদা পাওয়ার পর ট্রেভর চ্যাপেলের কাছ থেকে প্রায় কিছুই পায়নি বাংলাদেশের ক্রিকেট। কিন্তু ট্রেভর চ্যাপেলের পর যিনি বাংলাদেশের কোচ হয়ে এসেছিলেন, সেই মহসিন কামাল রীতিমতো দুঃস্বপ্ন হয়েই আবির্ভূত হয়েছিলেন এ দেশের ক্রিকেটে। টেস্টের প্রাথমিক যুগে যখন মাথা উঁচু করে দাঁড়ানোর শক্ত জমি খুঁজে বেড়াচ্ছে বাংলাদেশ, ঠিক তখনই জাতীয় দলের কোচ হিসেবে মহসিন কামালের নিয়োগ বাংলাদেশের ক্রিকেটকে ঠেলে দেয় চোরাবালিতে পা রেখে অতলে হারিয়ে যাওয়ার দিকেই।
ট্রেভর চ্যাপেলের চুক্তি নবায়ন করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সে সময় ট্রেভরের নিয়োগের ভুল থেকেও শিক্ষা নেয়নি বিসিবি। ২০০২ সালে এপ্রিলে বাংলাদেশের কোচ হয়ে আসেন পাকিস্তানের সাবেক টেস্ট ক্রিকেটার মহসিন কামাল। সঙ্গে নিয়ে আসেন জীবনে কোনো দিন টেস্ট না খেলা ব্যাটসম্যান আলী জিয়াকে। বলেন, তাঁরা জুটি হয়েই কাজ করবেন বাংলাদেশ জাতীয় দলকে নিয়ে।
আশির দশকে পাকিস্তানের হয়ে ৯টি টেস্ট খেলেছিলেন মহসিন। ৯ টেস্টে ২৪ উইকেট। ইমরান খান, ওয়াসিম আকরাম, সেলিম জাফরদের যুগে ক্যারিয়ারের টেস্টের সংখ্যা আর বাড়েনি তাঁর। ১৯টি ওয়ানডেতে ২১ উইকেট। তবে আলী জিয়া পাকিস্তানের হয়ে কখনোই খেলেননি। তাঁর ক্যারিয়ারও জাভেদ মিয়াঁদাদ, মহসিন খান, সেলিম মালিকদের মতো ব্যাটসম্যানের সময়ে। তবে জিয়াকে নাকি পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে ধরা হতো। ১৬৫টি প্রথম শ্রেণির ম্যাচে ৩৩.৯০ গড়ে রান ছিল ৮ হাজার ৫শ ৫৯। ১৩ সেঞ্চুরি আর ৪৯টি হাফ সেঞ্চুরি, সর্বোচ্চ অপরাজিত ২২৯।
তবে বাংলাদেশের মতো একটি নবীন ক্রিকেট রাষ্ট্রের কোচ হিসেবে যে ধরনের অভিভাবকসুলভ ব্যক্তিত্ব থাকার কথা ছিল, মহসিন ও জিয়ার মতো তাঁর ঘাটতি ছিল যথেষ্টই। তাঁদের সময় বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলন সেশন দেখার ভাগ্য যাঁদের হয়েছে, তাঁরা একবাক্যে সেটা স্বীকার করবেন। ট্রেভর চ্যাপেলের সময়েও অনুশীলনের ধরনে একটা আধুনিকতা ছিল। কিন্তু মহসিন ও জিয়ার সময় এ সবের কিছুই ছিল না। সে সময়কার অনেক ক্রিকেটারই কৌতুকভরে মহসিনের একটি অভ্যাসের কথা তুলে ধরেন। ব্যাটিং নিয়ে ব্রিফিংয়ে সময় তিনি নাকি একটা কথাই সব সময় বলতেন—‘সিধা খেলো ভাই!’ এই দর্শনেই তিনি বদলে দিতে চেয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটকে!
মহসিন কামাল ও আলী জিয়ার সময় বাংলাদেশ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলেছিল। ২০০২ সালের জুলাইয়ে শ্রীলঙ্কা সফর, অক্টোবর-নভেম্বরে দক্ষিণ আফ্রিকা সফর, ডিসেম্বরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ। প্রতিটি সিরিজেই ভরাডুবি হয়েছিল বাংলাদেশের। 

তবে মহসিন কামাল ও আলী জিয়ার সময়ে সবচেয়ে ভালো ব্যাপার ছিল বাংলাদেশ দলে অলক কাপালি ও তাপস বৈশ্যর আবির্ভাব। শ্রীলঙ্কা সফরে অলোক কাপালিকে লেগ স্পিনার হিসেবে দলে নিলেও তিনি নিজের ব্যাটিং সামর্থ্যের প্রমাণ দেন। ফাস্ট বোলার তাপস বৈশ্যর মধ্যে বাংলাদেশ খুঁজে পেয়েছিল ভালো এক অলরাউন্ডারকে।
২০০২ সালের সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় চ্যাম্পিয়নস ট্রফিতেও দলের অবস্থা ছিল খুবই খারাপ। অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনোমতে এক শ পেরোলেও নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে একশর নিচেই অলআউট হয়েছিল বাংলাদেশ। টানা ম্যাচ হারায় বাংলাদেশ পরিণত হয়েছিল ক্রিকেট বিশ্বের হাস্যরসের খোরাকে। বাংলাদেশের টেস্ট মর্যাদাই পড়ে গিয়েছিল হুমকির মুখে।
আত্মবিশ্বাসকে তলানিতে রেখেই ২০০৩ সালের শুরুর দিকে নিজেদের ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপটা খেলতে দক্ষিণ আফ্রিকা গিয়েছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ একদিক দিয়ে অন্যরকম এক বিশ্বকাপ ছিল বাংলাদেশের জন্য। টেস্ট মর্যাদা পাওয়ার পর প্রথম বিশ্বকাপ!
খালেদ মাসুদের নেতৃত্বে খেলা ওই বিশ্বকাপটা ভুলেই থাকতে চায় বাংলাদেশ। দুঃস্বপ্নকে কেইবা মনে করতে চায়! নিজেদের গ্রুপে শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার সঙ্গে স্বাদ পেতে হয় বিশাল হারের। হারতে হয় কানাডার মতো দলের কাছে। কেনিয়ার বিপক্ষেও জিততে পারেনি দল। বৃষ্টির কারণে পরিত্যক্ত ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ থেকে পাওয়া একটি পয়েন্টই ছিল ওই বিশ্বকাপে বাংলাদেশের সম্বল। ১৯৯৯ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে গিয়ে যে দল পাকিস্তানের মতো দলকে হারিয়েছিল, চার বছরের মাথায় তাদেরই এমন ভরাডুবি বিমূঢ় করে দিয়েছিল দেশের ক্রিকেটপ্রেমীদের। পবিত্র ঈদুল আজহার আগের রাতে দুর্বল কানাডার কাছে যাচ্ছেতাইভাবে হারার সেই দুঃসহ স্মৃতি আজও তাড়িয়ে বেড়ায় বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের।
সেবার পিটারমারিজবার্গে ম্যাচের প্রথম ওভারেই শ্রীলঙ্কার চামিন্ডা ভাসকে হ্যাটট্রিক ‘উপহার’ দিয়েছিল বাংলাদেশের ব্যাটসম্যানরা। মাত্র ৫ রানে ৪উইকেট হারানো বাংলাদেশের সে ইনিংসটি হয়ে উঠেছিল মহসিন কামালের সময়কালে দলের সার্বিক অবস্থার একটি ভয়াবহ ছবি।
বিশ্বকাপের পর স্বাভাবিকভাবেই চাকরি হারান মহসিন কামাল। বিশ্বকাপের ভয়াবহ ব্যর্থতা তদন্তে গঠিত কমিটিও তাদের প্রতিবেদনে দলের এমন অবস্থার জন্য মহসিন কামাল ও আলী জিয়াকেই দায়ী করেছিলেন। এই প্রতিবেদন প্রকাশের জন্য ডাকা সংবাদ সম্মেলনে সে সময়কার বোর্ড সভাপতি স্বীকার করেছিলেন, মহসিন কামাল ও আলী জিয়াকে কোচ হিসেবে নিয়োগ দেওয়া ছিল ক্রিকেট বোর্ডের বিরাট এক ভুল সিদ্ধান্ত। তিনি সেই সিদ্ধান্তের জন্য সবার কাছে দুঃখও প্রকাশ করেছিলেন।
এমন ব্যর্থতার পরেও দমে যাননি মহসিন কামাল। নিজ দেশে বসে একটি বার্তা সংস্থার সঙ্গে সাক্ষাৎকারে তিনি ব্যর্থতার দায়ভার চাপিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটার ও ক্রিকেট সংশ্লিষ্টদের কাঁধে। বলেছিলেন, মানসিকতা পরিবর্তন করতে না পারলে বাংলাদেশের ক্রিকেটের নাকি কোনো ভবিষ্যৎ নেই! একটি বছর একটি দলের কোচের দায়িত্বে থাকার পর ব্যর্থতার সব দায় যিনি খেলোয়াড়দের ওপর চাপিয়ে দিতে পারেন, তিনি কেমন কোচ ছিলেন, সেটা বলতে খুব বড় বিশেষজ্ঞ হতে হয় না।
বাংলাদেশ নিজেদের বদলেছিল। তবে সেটা মহসিন কামালের কথায় অবশ্যই নয়। বদলেছিল নিজেদের তাগিদেই। ডেভ হোয়াটমোরকে নিয়োগ দিয়ে দেশের ক্রিকেট হেঁটেছিল নতুন দিনের সন্ধানে।

 আরও পড়ুন: