'দেউলিয়া' পোলক চাকরি চান আইপিএলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটা চাকরি চান গ্রায়েম পোলক ছবি: সংগৃহীত
একটা চাকরি চান গ্রায়েম পোলক ছবি: সংগৃহীত

স্যার ডন ব্র্যাডম্যানের পরপরই তাঁর ব্যাটিং গড়। গ্রায়েম পোলককে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের সর্বকালের সেরাদের তালিকায় স্থান না দিয়ে কোনো উপায়ই নেই। বর্ণবাদের অভিশাপ মাত্র ২৩ টেস্টের পর তাঁর আন্তর্জাতিক ক্রিকেট খেলার অধিকার কেড়ে নেওয়ায় ক্রিকেট গ্রেট হিসেবে তিনি নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন। কিন্তু জীবন-সায়াহ্নে এসে পোলক যে তার চেয়েও বড় দুর্ভাগ্যের শিকার হবেন, সেটা কি তিনি ভেবেছিলেন?
দক্ষিণ আফ্রিকার সর্বকালের সেরা ক্রিকেটারদের একজন এই গ্রায়েম পোলক এখন দেউলিয়া। হতদরিদ্র। পার্কিনসন, মস্তিষ্কে রক্তক্ষরণ, কোলন ক্যানসার—শারীরিক সমস্যারও অন্ত নেই তাঁর। ব্যাংক ঋণের টাকা পুরোপুরি পরিশোধ করতে না পারার কারণে সম্প্রতি তাঁর বন্ধক বাড়িটি ব্যাংকের হয়ে গেছে। চিকিৎসার খরচ মেটাতে হিমশিম খাওয়া এই প্রোটিয়া গ্রেট একটু স্বস্তির সঙ্গে বাকি জীবনটা কাটাতে দ্বারস্থ আইপিএলের। তাঁর আশা যে প্রতিযোগিতার আকাশে-বাতাসে টাকা ওড়ে, সেখানে কোনো ফ্র্যাঞ্চাইজিতে ছোটখাট একটা পরামর্শক ধরনের চাকরি পেলেই তিনি আর্থিক সমস্যাটা মোটামুটি কাটিয়ে উঠতে পারেন।
ভারতীয় পত্রিকা মুম্বাই মিরর পোলকের এই দুরবস্থার তথ্য জানিয়ে বলেছে, নিজের আর্থিক পরিস্থিতির উত্তরণের জন্য গ্রায়েম পোলক আইপিএলে যেকোনো ধরনের একটা কাজ পেলেই খুশি। মুম্বাই মিরর অবশ পোলকের এই অবস্থার খবরটি দিয়েছে তাঁর এজেন্ট বাসিল ও’ হাগানের বরাত দিয়ে। ও’ হাগান জানিয়েছেন, ‘গ্রায়েম পোলকের আর্থিক অবস্থা ভয়াবহ। ব্যাপারটা সত্যিই দুঃখজনক যে যেই পোলক ক্রিকেট ইতিহাসকে সমৃদ্ধ করেছেন তাঁর পারফরম্যান্স দিয়ে। হাজার হাজার ভক্ত-সমর্থককে আনন্দিত করেছেন তাঁর ব্যাটিং দিয়ে, সেই পোলক আর্থিক দুরবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন। তিনি আইপিএলের মতো একটি সমৃদ্ধ ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক প্রতিযোগিতায় কাজ করতে চান। হ্যাঁ, আর্থিক অসংগতি দূর করতেই এই বয়সে আইপিএলে আসতে চান পোলক।’
ও’ হাগান জানিয়েছেন, পোলক নাকি আইপিএলের নিয়মিত দর্শক। তিনি বলেন, ‘ক্রিকেটের এই পরিবর্তনকে সাদরেই গ্রহণ করেছেন। তিনি বর্তমান যুগে নতুন নতুন ব্যাটিং টেকনিকেরও ভক্ত। আর্থিক সমস্যার কারণেই তিনি আইপিএলে যেকোনো ফ্র্যাঞ্চাইজি দলের সঙ্গে ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করতে চান। এমন কাজ দেশে করতে পারলেই সবচেয়ে বেশি খুশি হতেন পোলক। কিন্তু দুঃখের বিষয় দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে পোলকের বয়সীদের কিছু করার নেই। আমরা জেনেছি ভারতীয় ক্রিকেট বোর্ড সাবেক খেলোয়াড়দের পেনশনের আওতায় নিয়ে এসেছে। কিন্তু দক্ষিণ আফ্রিকায় পোলকের মতো খেলোয়াড়েরা এ ধরনের সুবিধাদি ভোগ করেন না।’
দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ও ফাস্ট বোলার শন পোলকের আপন চাচা এই গ্রায়েম পোলক। এই প্রোটিয়া গ্রেটের আর্থিক দুরবস্থায় দুঃখ প্রকাশ করেছেন সুনীল গাভাস্কার। তিনি বলেছেন, পোলকের মতো একজন আপাদমস্তক ভদ্রলোক, একজন গ্রেট ক্রিকেটার এমন অবস্থার মধ্য দিয়ে যাবেন, এটা মেনে নেওয়া যায় না। আমাদের সবারই উচিত তাঁর জন্য কিছু করা।’