'দেশের ডাকে আপনি কীভাবে না বলবেন!'

- এজবাস্টনে ১ আগস্ট শুরু ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজ
- ইংল্যান্ড দলে আদিল রশিদের ডাক পাওয়া নিয়ে চলছে তর্ক-বিতর্ক
ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম টেস্টের দলে আদিল রশিদকে ডেকে নিয়েছেন ইংল্যান্ড ক্রিকেট দলের প্রধান নির্বাচক এড স্মিথ। এই লেগ স্পিনারকে দলে নেওয়ার সমালোচনায় মুখর ইংল্যান্ডের সাবেক ক্রিকেটাররা। এসব সমালোচনার জবাব দিতে এতটুকু দ্বিধা করেননি রশিদ।
এই ফেব্রুয়ারিতে রশিদ জানিয়েছিলেন, ২০১৯ বিশ্বকাপকে মাথায় রেখে প্রস্তুত হতে চান। লাল বলের ক্রিকেট নিয়ে আপাতত ভাবতে রাজি নন। কাউন্টি দল ইয়র্কশায়ারের সঙ্গে চুক্তিটাও করেছিলেন শুধু সাদা বলের ক্রিকেটে। ইংল্যান্ডের টেস্ট দলে বিবেচিত হওয়ার জন্য একটা শর্ত আছে, খেলোয়াড়কে কাউন্টি ক্রিকেট খেলতে হবে। কিন্তু রশিদের বেলায় এ নিয়ম মানেননি স্মিথ। ইয়র্কশায়ারের প্রধান নির্বাহী মার্ক আর্থার ওদিকে দলের ক্ষতিতে খেপেছেন। এভাবে সীমিত ওভারের জন্য চুক্তিবদ্ধ খেলোয়াড়কে টেস্টে ডেকে নেওয়াটা কাউন্টির জন্য ক্ষতিকর বলে ভাবেন আর্থার, ‘আমরা খুবই অবাক হয়েছি যে ইংল্যান্ড আদিলকে ডেকেছে। সে এ মৌসুমে লাল বলের ক্রিকেটই খেলেনি। সে এমন ইচ্ছার কথাও জানায়নি কখনো। আমি আশা করি, ইংল্যান্ড জানে আদিলকে নিয়ে ওদের কী পরিকল্পনা এবং কাউন্টির ম্যাচ নিয়েও।’
টেস্টে রশিদের পারফরম্যান্স আহামরি কিছু নয়। ১০ টেস্টে ৪২.৭৮ গড়ে নিয়েছেন ৩৮ উইকেট। এই স্পিনার সর্বশেষ টেস্ট খেলেছেন ২০১৬ সালে। সেটাও ভারতের বিপক্ষেই, সে সফরে ইংল্যান্ডের ৪-০ ভরাডুবির পেছনে রশিদের নিষ্ক্রিয়তার ভূমিকা দেখেন অনেকেই। এমন অবস্থায় রশিদের দলভুক্তি প্রশ্ন তুলছে। কিন্তু অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৮ ম্যাচে রশিদ নিয়েছেন ১৮ উইকেট। এ পারফরম্যান্সেই টেস্ট দলে রশিদ। কিন্তু ‘লাল বলে খেলতে না চাওয়া’ ক্রিকেটারকে দলে নেওয়াতে চটেছেন সাবেক ক্রিকেটাররা। ইংল্যান্ন্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন রশিদকে দলে নেওয়াকে ‘অপেশাদার’ হিসেবে উল্লেখ করেছেন।
বিবিসি স্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে এ ব্যাপারে মুখ খুলেছেন ৩০ বছর বয়সী রশিদ, ‘এটা (আমাকে দলে নেওয়া) নিয়ে খুব হইচই হচ্ছে। কিন্তু আমি কোনো কারণ খুঁজে পাচ্ছি না। অনেক পণ্ডিত যেভাবে বলছে, মনে হচ্ছে আমি অবসর নিয়েছিলাম। এটা সহজ সিদ্ধান্ত ছিল না, কিন্তু দেশের ডাকে আপনি কীভাবে না বলবেন!’ দলে জায়গা পাওয়ার পর ভনের সমালোচনায় খেপেছেন রশিদ, ‘মানুষের কাছে তার কথার কোনো দাম নেই। আর ভালো কিছু বলার নেই ভেবে যদি সে (ভন) বকবক করতেই থাকে তবে সেটা তার ইচ্ছে।’