'দোষ' স্বীকার করেছিলেন অ্যান্ডারসন!
আইসিসির জুডিশিয়াল কমিশনারের রায়ে তিনি নির্দোষ। কিন্তু রবীন্দ্র জাদেজার শাস্তির বিরুদ্ধে আপিলের শুনানিতে ‘দোষ’ স্বীকার করেছিলেন নাকি জেমস অ্যান্ডারসন নিজেই! ইএসপিএনক্রিকইনফোর দাবি, জাদেজাকে ক্রমাগত কটু কথা বলা, ধাক্কা দেওয়া এবং ক্রিকেটের চেতনা ভাঙার কথা স্বীকার করেছিলেন অ্যান্ডারসন। বিসিসিআইয়ের আইনজীবীর দাবি ছিল, অ্যান্ডারসন নাকি জাদেজার দাঁত ভেঙে দিতে চেয়েছিলেন! তবে অ্যান্ডারসনের বিরুদ্ধে অভিযোগের শুনানিতে বিসিসিআইয়ের আইনজীবী থাকতে পারেননি। লেভেল-৩ মাত্রার অভিযোগ বলে নিয়মানুযায়ী সেই শুনানিতে ছিলেন আইসিসির আইনজীবী। এতেই আসলে একরকম বেঁচে যান আন্ডারসন। উপযুক্ত প্রমাণ না পাওয়ায় অ্যান্ডারসনকে দায়মুক্তি দেন আইসিসির জুডিশিয়াল কমিশনার গর্ডন লু্ইস।
জাদেজার শাস্তির বিরুদ্ধে ভারতের করা আপিলের শুনানিতে ছিলেন বিসিসিআইয়ের আইনজীবী অ্যাডাম লুইস। শুনানিতে উপস্থিত থাকাদের বরাতে ক্রিকইনফো জানিয়েছে, জাদেজাকে যেসব গালি দিয়েছিলেন অ্যান্ডারসন, শুনানির জেরাপর্বে হুবহু সেসব বলে অ্যান্ডারসনকে হকচকিত করে দেন বিসিসিআইয়ের আইনজীবী। একপর্যায়ে ইংলিশ পেসার স্বীকারও করেন, তাঁর আচরণ ছিল ক্রিকেটের চেতনাবিরোধী। পরে জাদেজাকে দেওয়া শাস্তি তুলে নেওয়া হয়।
অ্যান্ডারসনের বিরুদ্ধে ভারতের তোলা অভিযোগের শুনানিতে থাকতে পারেননি বিসিসিআইয়ের আইনজীবী। অ্যান্ডারসনকে তাই জেরাও করতে পারেননি। জুডিশিয়াল কমিশনার লুইস তাঁর রায়ে লিখেছেন, দুই পক্ষই নিজ দলের পক্ষে দৃষ্টিকটু রকম পক্ষপাতিত্ব করায় আর উপযুক্ত অডিও ও ভিডিও প্রমাণ না থাকায় অ্যান্ডারসনকে দোষী সাব্যস্ত করা যায়নি। মজার ব্যাপার হলো, লুইস যখন কোনো কূলকিনারা পাচ্ছিলেন না, তখন তাঁকে সিদ্ধান্ত নিতে সহায়তা করেছে বিসিসিআইয়ের আইনজীবীর একটি কথাই! অ্যান্ডারসনের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণে সুবিধা করতে না পেরে হতাশায় একপর্যায়ে ‘টু পুশ থিওরি’ উত্থাপন করেন বিসিসিআইয়ের আইনজীবী। কিন্তু এটার পক্ষে ন্যূনতম প্রমাণও না পাওয়ায় অ্যান্ডারসনকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে যায় জুডিশিয়াল কমিশনারের জন্য। রয়টার্স, ক্রিকইনফো।