'দ্বিস্তর টেস্টে শুধু বড় দলেরই লাভ'
ফ্লোরিডায় গত সপ্তাহে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি চলার সময়ও কথাটা বলেছিলেন তিনি। এবার আরও একবার আইসিসির প্রস্তাবিত দ্বিস্তর টেস্টের বিরোধিতা করলেন অনুরাগ ঠাকুর। আগামী সপ্তাহে দুবাইয়ে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার সভা, যেখানে দ্বিস্তর টেস্টের বিষয়ে আরও বিস্তারিত আলোচনা হবে। তার আগে ভারতীয় ক্রিকেটের প্রধান কর্তা আবারও বললেন, ‘দ্বিস্তর টেস্ট শুধু বড় দলগুলোরই উপকারে আসবে, ছোট দলগুলোর নয়।’
এরই মধ্যে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড সম্মতি দিয়েছে দ্বিস্তর টেস্টের পক্ষে। উত্তরণ-অবনমনের এই পদ্ধতিতে টেস্টে দুটি আলাদা স্তর থাকবে। ওপরের স্তরে খেলবে টেস্ট খেলুড়ে শীর্ষ সাতটি দেশ, নিচের স্তরে টেস্ট খেলুড়ে তিনটি দেশের সঙ্গে যোগ হবে শীর্ষ দুটি সহযোগী সদস্যদেশ।
তবে বিশ্ব ক্রিকেটের অন্যতম প্রভাবশালী বোর্ড ভারত এর পক্ষে নয়। গত মাসেও দুবার অসম্মতি জানিয়েছিলেন বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর। এবার আরও একবার ক্রিকইনফোকে বললেন, ‘খেলাটির নিয়ন্ত্রক হিসেবে আইসিসির কাজ হলো এটিকে আরও জনপ্রিয় করে তোলা, বিশ্বব্যাপী এর আবেদন বাড়ানো। কিন্তু হচ্ছে উল্টোটা। এই পদ্ধতি হয়তো শীর্ষ পাঁচটি দেশের জন্য ভালো হবে, কিন্তু বাকিরা ঝামেলায় পড়বে। একদিকে আমরা বলি, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও জিম্বাবুয়ের মতো দলগুলোকে সাহায্য করতে হবে। অন্যদিকে এমন কিছু সামনে এনে ওদের পা কেটে ফেলার ব্যবস্থা করছি।’ ক্রিকইনফো।