'ধীরে চলো' নীতিতে এগোচ্ছে অস্ট্রেলিয়া

৩৫৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৫ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২ উইকেটে ১৩৪ রান।
বিশ্বকাপে এর আগে এত বড় লক্ষ্য কখনো তাড়া করেনি অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা তাই হয়তো বেছে নিয়েছেন ধীরে চলার নীতি। ৩৫৩ রানের বিশাল লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুই ওপেনারের উইকেট হারিয়ে ২৫ ওভারে ১৩৪ রান তুলেছে অস্ট্রেলিয়া।
প্রথম উইকেটটি হারাতে হয়েছে দুই ব্যাটসম্যানের ভুল বোঝাবুঝিতে। হার্দিক পান্ডিয়ার নিরীহ ধরনের একটি বল কভার অঞ্চলে ঠেলে দিয়ে দুই রানের জন্য দৌড়েছিলেন ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ। কিন্তু ওয়ার্নারের ডাকে সাড়া দিতে একটু দেরি করে ফেলেন অধিনায়ক ফিঞ্চ। বাউন্ডারি থেকে কেদার যাদবের থ্রোতে স্টাম্প ভেঙে ৬১ রানের উদ্বোধনী জুটি ভাঙেন পান্ডিয়া। এরপর ২৫ তম ওভারে যুজবেন্দ্র চাহালকে উড়িয়ে মারতে গিয়ে ভুবনেশ্বর কুমারকে ক্যাচ দিয়ে ফিরেছেন ওয়ার্নার।
আউট হওয়ার আগে অবশ্য বেশ আক্রমণাত্মকই ছিলেন ফিঞ্চ। অপর প্রান্তে ওয়ার্নারের গতি কিছুটা মন্থর ছিল বলেই কি না, রান বাড়ানোর দায়িত্বটা নিজের কাঁধে তুলে নেন অস্ট্রেলীয় অধিনায়ক। ৩ চার ও ১ ছয়ে ৩৫ বলে ৩৬ করে আউট হওয়ার আগে আত্মবিশ্বাসীই দেখাচ্ছিল ফিঞ্চকে। সাম্প্রতিক সময়ে নতুন বলে ইনসুইংয়ে তাঁর দুর্বলতা দেখা গেলেও আজ বড় ইনিংসের আশাই দেখাচ্ছিলেন ফিঞ্চ।
ফিঞ্চ ফিরলেও স্মিথকে সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়াকে এগিয়ে নিচ্ছিলেন ওয়ার্নার। দলের পরিকল্পনা মেনেই কি না, সহজাত আক্রমণাত্মক ব্যাটিংয়ের বদলে বেশ রয়েসয়ে খেলছিলেন ওয়ার্নার। ফিফটি করতে খেলেছেন ৭৬ বল, বাউন্ডারি মেরেছেন মাত্র ৫টি। তবে ডট বলগুলো পুষিয়ে দিয়ে যেতে পারেননি, অযথাই উড়িয়ে মারতে গিয়ে ফিরেছেন ৮৪ বলে ৫৬ রানে।
ভারতীয় বোলাররাও বেশ আঁটসাঁট বোলিং করেছেন। বিশেষ করে নতুন বলের দুই বোলার ভুবনেশ্বর কুমার ও যশপ্রীত বুমরা দারুণ কিপটে বোলিংয়ে আটকে রেখেছেন ব্যাটসম্যানদের। ৫ ওভারের প্রথম স্পেলে ভুবনেশ্বর দিয়েছেন মাত্র ১২ রান। বুমরা দিয়েছেন ৪ ওভারে ১৮ রান। তবে দুই স্পিনার চাহাল ও কুলদীপকে খুব একটা জেঁকে বসতে দেননি ওয়ার্নার-স্মিথ। বাউন্ডারি না এলেও নিয়মিত এক-দুই নিয়ে চাপে রেখেছিলেন ভারতকে।
লক্ষ্য বড় হলেও অস্ট্রেলিয়া আশা দেখছে সাম্প্রতিক ইতিহাসে। এই বছরই মোহালিতে ভারতের ৩৫৮ রান ১৩ বল হাতে রেখে টপকে গিয়েছিল তারা। সেঞ্চুরি করেছিলেন পিটার হ্যান্ডসকম্ব, আর শেষ দিকে ৪৩ বলে ৮৪ রানের মারকাটারি ইনিংস খেলেছিলেন অ্যাশটন টার্নার। দুজনের কেউই অবশ্য অস্ট্রেলিয়ার বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ দলে নেই। স্মিথকে জায়গা করে দিতে গিয়েই বাদ পড়তে হয়েছে হ্যান্ডসকম্বকে, অস্ট্রেলীয় নির্বাচকেরা বলেছিলেন এমনটাই। অস্ট্রেলিয়া তাই চাইবে, স্মিথ আজ হয়ে উঠুন হ্যান্ডসকম্ব, আর টার্নারের ঝড় উঠুক ম্যাক্সওয়েল কিংবা স্টয়নিসের ব্যাটে।