'নতুন যুগের' অস্ট্রেলিয়া দল
অ্যাশেজের পর একে একে বিদায় নিয়েছেন ক্রিস রজার্স, মাইকেল ক্লার্ক, ব্র্যাড হাডিন, শেন ওয়াটসনরা। পালাবদলের মধ্য দিয়ে যাওয়া অস্ট্রেলীয় ক্রিকেটের নতুন যুগের সূচনা হতে পারত বাংলাদেশ সফর দিয়েই। কিন্তু নিরাপত্তাশঙ্কায় সফরটাই গেল স্থগিত হয়ে। পিছিয়ে গেল উসমান খাজা-জো বার্নসদের টেস্ট ক্যারিয়ারের পুনরুজ্জীবনও। টেস্টে নতুন করে পথচলার সুযোগটা অবশ্য আবারও পেয়ে গেলেন বার্নস-খাজারা। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই টেস্টের দলে রাখা হয়েছে এই দুই ব্যাটসম্যানকে। কিন্তু বাংলাদেশ সফরের দলে ডাক পাওয়া ক্যামেরন ব্যানক্রফট ও শন মার্শের জায়গা হয়নি ১২ জনের দলে।
নতুন যুগের কথা মাথায় রেখেই কাল দল ঘোষণা করেছেন অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক রডনি মার্শ। জিওফ মার্শের বড় ছেলে শনকে দলে না রাখলেও ছোট ছেলে মিচেলকে দলে রেখেছেন রডনি মার্শ। ডেভিড ওয়ার্নারের সঙ্গে জুটি বেঁধে ব্যাটিং উদ্বোধন করবেন বার্নস। গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেকের পর দুটি ম্যাচ খেলেই বাদ পড়েছিলেন বার্নস।
আগামী ৫ নভেম্বর ব্রিসবেনে শুরু হচ্ছে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এএফপি।
অস্ট্রেলিয়ারটেস্টদল: স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, জো বার্নস, উসমান খাজা, অ্যাডাম ভোজেস, মিচেল মার্শ, পিটার নেভিল, মিচেল জনসন, মিচেল স্টার্ক, পিটার সিডল, নাথান লায়ন, জশ হ্যাজলউড।