'নতুন শুরু বলতে পারেন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইলিয়াস সানি
ইলিয়াস সানি

‘এ’ দলেও সুযোগ না পাওয়ার হতাশায় পুড়েছিলেন কদিন আগে। সেই তিনিই হুট করে এখন টেস্ট দলের অংশ। ডাক পেয়েছেন সোহাগ গাজীর বদলি হিসেবে। বিস্ময়ভরা আনন্দ নিয়ে উড়ে যাচ্ছেন ক্যারিবিয়ানে। সেই অনুভূতি, দারুণ শুরুর পর পথ হারানো আর নতুন শুরুর স্বপ্ন নিয়ে কথা বললেন বাঁহাতি স্পিনার ইলিয়াস সানি
হঠাৎই টেস্ট দলে সুযোগ, বিস্ময়টাই বেশি নাকি আনন্দ?
ইলিয়াস সানি:
শুরুতে বিস্ময়টাই বেশি ছিল। জাতীয় দল তো বহু দূর, কদিন আগে ‘এ’ দলের প্রাথমিক স্কোয়াডেও আমি ছিলাম না। পরে অবশ্য নেওয়া হয়েছে। ‘এ’ দলে খেলা নিয়েই তাই ভাবছিলাম। শুক্রবার রাতে দু-একজন সাংবাদিক যখন ফোন দিয়ে টেস্ট দলে সুযোগ পাওয়া নিয়ে প্রশ্ন করলেন, আমি আকাশ থেকে পড়েছিলাম। পরে জানতে পারলাম, আসলেই যাচ্ছি ওয়েস্ট ইন্ডিজ। ধাক্কাটা এখন সয়ে গেছে অনেকটা, এখন আনন্দই বেশি।
ঘরোয়া ক্রিকেটে সাম্প্রতিক পারফরম্যান্স ভালো ছিল না, ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরেও না...
সানি: পারফরম্যান্স ভালো ছিল না হয়তো উইকেট-সংখ্যায়। পরিসংখ্যান দেখে হয়তো বলতে পারেন ফর্মে ছিলাম না। কিন্তু জাতীয় লিগে আমি খুব ভালো বোলিং করেছি (৬ ম্যাচে ১১ উইকেট), বিসিএলেও (৩ ম্যাচে ১৪ উইকেট)। সমস্যা হলো, ক্রিকেটে অনেক সময় ভালো বোলিং করলেও উইকেট পাওয়া যায় না। ভাগ্য লাগে। অনেক সময় আবার ভালো বোলিং না করলেও উইকেট পাওয়া যায়। হয়তো এক পাশে কোনো বোলার ভালো বোলিং করলে আরেক পাশের বোলার উইকেট পেয়ে যায়। গত মৌসুমে ভাগ্যটা ভালো ছিল না আমার। বিসিএলে তবু শেষ ম্যাচে ভালো করেছিলাম (৯/১৫৫)। ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে একটি ম্যাচই খেলেছিলাম। বারবাডোজের বাউন্সি উইকেট বিবেচনায় খুব খারাপ করিনি (২ উইকেট)।

‘এ’ দলের সব খেলা যদিও বারবাডোজেই হয়েছিল, তবু অভিজ্ঞতাটা কাজে লাগার কথা...
সানি: সেটা কিছুটা হলেও লাগবে। অন্তত মনে হবে না হুট করেই নতুন কোনো জায়গায় এসে পড়েছি। মাত্র কদিন আগেই তো ঘুরে এলাম! (গত মে-জুন)
ওয়েস্ট ইন্ডিজ দলটির সঙ্গে তো আপনার সুখস্মৃতিও জড়িয়ে...
সানি: টেস্ট অভিষেকে ৬ উইকেট পাওয়া, ম্যান অব দ্য ম্যাচ হওয়া, ওই সময়টা ছিল স্বপ্নের মতো। দীর্ঘদিন ধরে ঘরোয়া ক্রিকেট খেলার পর সুযোগ পেয়েছিলাম দলে, এ জন্যই আরও বেশি ভালো লেগেছিল। এবার মাঠে নামলে অবশ্যই অভিষেকের কথা মনে হবে। চেষ্টা করব তেমন কিছু করতে।
টেস্ট অভিষেকের পর টি-টোয়েন্টি অভিষেকেও ৫ উইকেট নিয়েছিলেন। এরপর খুব দ্রুতই আবার পথ হারালেন। ঘাটতি কোথায় ছিল মনে হয়?
সানি: অজুহাত দেব না। পরে আমি ভালো বোলিং করতে পারিনি। ভাগ্যটাও সব সময় পক্ষে ছিল না। এই তো!
বাইরে থাকার সময়টায় মনে হয়নি, আর বুঝি ফেরা হবে না!
সানি: সত্যি বলতে, মনে হয়েছে প্রায়ই। কখনো কখনো আশাও ছেড়ে দিয়েছি। কিন্তু কানাডা থেকে যে মনোবিদকে আনা হয়েছিল, উনার ক্লাস করার পর মনোবল ফিরে পেয়েছি। এত চমৎকার করে অনেক কিছু ব্যাখ্যা করেছিলেন উনি, মনে হয়েছে না পারার কারণ নেই!
হঠাৎ করেই ক্যারিয়ারে নাটকীয় বাঁক, লক্ষ্য কী এখন?
সানি: এটাকে নতুন শুরু বলতে পারেন। অনেক দিন ভাগ্যকে পাশে পাইনি, হঠাৎ করেই আবার পেলাম। সোহাগের অ্যাকশনে সমস্যা ধরা না পড়লে তো আর ডাক পেতাম না। আশা করি, সোহাগ শিগগিরই ফিরবে। তবে আমার লক্ষ্য থাকবে একাদশে সুযোগ পেলে ভালো করা।