'নার্ভাস' ছিলেন আমির

স্পট ফিক্সিং–কাণ্ডের ছয় বছর পর লর্ডসে প্রথম পা রাখা আমিরের জন্য সুখকর হবে না—এমন শঙ্কা ছিল অনেকেরই। কেউ কেউ বলেও ফেলেছিলেন, লর্ডসের দর্শকেরা আমিরকে খুব ভালোভাবে গ্রহণ করবেন না। গ্যালারি থেকে ‘দুয়োধ্বনি’ ছুটে যাবে তাঁর দিকে।
লর্ডস টেস্ট শুরুর আগেই যাঁর খেলা নিয়ে এত আলোচনা, সেই আমিরের মাঠে নামার ঠিক আগমুহূর্তের প্রতিক্রিয়া কী? চাপে ছিলেন পাকিস্তানি পেসার। পাকিস্তান ইনিংসের ১০ নম্বর ব্যাটসম্যান হিসেবে যখন মাঠে পা রাখলেন, নার্ভাস হয়ে পড়েছিলেন।
আমির নিজে নন, এই তথ্য জানিয়েছেন মুশতাক আহমেদ। আমির-মিসবাহদের কোচিং দলের সদস্য হিসেবে পাকিস্তানের সাবেক লেগ স্পিনার ইংল্যান্ড সফররত দলের সঙ্গেই রয়েছেন। বলেছেন, ‘যদি সত্য বলি, তাহলে বলতেই হয়, হ্যাঁ, আমির নাভার্স ছিল এবং সেটা আমরা সবাই জানি।’
লর্ডসের দর্শকেরা অবশ্য আমিরের প্রতি বিরূপ আচরণ করেননি। যে আশঙ্কা করা হয়েছিল, তেমন কিছু ঘটেনি। লর্ডসের দর্শকদের এ জন্য ধন্যবাদ জানিয়েছেন মুশতাক, ‘আমি সবাইকে, লর্ডসের দর্শকদের ধন্যবাদ জানাতে চাই। আমিরের জন্য লর্ডসের দর্শকেরা যথেষ্ট সদয় ছিল। আমি মনে করি, ভালো একজন ক্রিকেটার ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে খেলছে, তারা এটাই দেখতে চেয়েছিল।’
কুককে বোল্ড করেই আমির উদ্যাপন করেছেন ছয় বছর পর তাঁর লর্ডসে ফেরার উপলক্ষটা। উদ্যাপনটা আরও আগেই শুরু হতে পারত আমিরের। কুক যখন ২২ রানে, আমিরের বল তাঁর ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল স্লিপে দাঁড়ানো মোহাম্মদ হাফিজের কাছে। হাফিজ ফেলে দেন সেই ক্যাচ। যে কয়জন পাকিস্তানি ক্রিকেটার আমিরের ফেরার বিরোধিতা করেছিলেন, হাফিজ তাঁদের অন্যতম। ব্যক্তিগত ৫৫ রানে আরও একবার ‘জীবন’ পান কুক; বঞ্চিত বোলার এবারও আমির। এবার তাঁর ক্যাচ ফেলে দিলেন সরফরাজ আহমেদ। শেষ পর্যন্ত কুকের উইকেটিই তাঁর বড় প্রাপ্তি। সূত্র: এএফপি।