'নিরাপত্তা নয়, ব্যক্তিগত কারণে দেরি হচ্ছে ট্রেনারের'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কন্ডিশনিং ক্যাম্পের শুরুতেই থাকছেন না মারিও ভিল্লাভারায়াণ। ছবি: প্রথম আলো
কন্ডিশনিং ক্যাম্পের শুরুতেই থাকছেন না মারিও ভিল্লাভারায়াণ। ছবি: প্রথম আলো

লম্বা এক বিরতির পর আবারও ব্যস্ততা শুরু হচ্ছে জাতীয় দলের খেলোয়াড়দের। ইংল্যান্ড সিরিজের প্রাথমিক দলে থাকা ৩০ জনকে নিয়ে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে কাল থেকে শুরু হচ্ছে কন্ডিশনিং ক্যাম্প। যাঁর তত্ত্বাবধানে শুরু হওয়ার কথা ছিল এই ক্যাম্প, জাতীয় দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়াণ থাকছেন না শুরুতেই। ঠিক নিরাপত্তার কারণে নয়, বিসিবি জানিয়েছে ব্যক্তিগত কারণেই তাঁর আসতে দেরি হচ্ছে।
গুলশানের হলি আর্টিজানে সন্ত্রাসী হামলার পর বিসিবির বিদেশি কোচ-ট্রেনারদের নিরাপত্তা নিয়ে নানা আলোচনা কদিন ধরেই। নিরাপত্তাজনিত কারণেই কি তবে ভিল্লাভারায়াণের আসা দেরি হচ্ছে? বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস অবশ্য বলছেন অন্য কথা, ‘তাঁর পরিবার অস্ট্রেলিয়া নাকি শ্রীলঙ্কায় থাকবে এটা নিয়ে একটু সমস্যা তৈরি হয়েছে। পরিবারকে এক জায়গায় রেখে আগামী মাসে দলের অন্য স্টাফদের সঙ্গে আসবে সে। এখানে অন্য কোনো বিষয় নেই। ব্যক্তিগত কারণেই আসতে পারছে না।’
ভিল্লাভারায়াণের অনুপস্থিতিতে আপাতত দলের দায়িত্বে থাকবেন বিসিবির ফিটনেস ট্রেনার ইফতেখারুল ইসলাম। আগামী দুই সপ্তাহ তাঁর অধীনেই ফিটনেস নিয়ে কাজ করবেন মাশরাফিরা। এর পর শুরু হবে খেলোয়াড়দের ব্যাটে-বলে শান দেওয়ার কাজ।