'নির্বাসিত' পাকিস্তানের পাশে শ্রীলঙ্কারই জয়াসুরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের ক্রিকেট ফেরানোর পক্ষে জয়াসুরিয়া। ফাইল ছবি
পাকিস্তানের ক্রিকেট ফেরানোর পক্ষে জয়াসুরিয়া। ফাইল ছবি

নির্বাসিত জীবন বড় কঠিন। পাকিস্তান ক্রিকেটের দিকেই তাকিয়ে দেখুন। পাকিস্তানের মাটিতে শেষ কোনো বড় দল ক্রিকেট খেলেছে প্রায় ছয় বছর আগে। তবে পাকিস্তানের নির্বাসন শেষ হওয়ার পথে। অন্তত সনাৎ​ জয়াসুরিয়ার তা-ই ধারণা।
২০০৯ সালে শ্রীলঙ্কা দলের বাসে সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট হচ্ছিল না। নিজের মাঠ বাদ দিয়ে আরব আমিরাতে খেলতে হয়েছিল নিজেদের সব ‘হোম’ সিরিজ। সেই অবস্থার অবসান ঘটে এই জুন মাসে। জিম্বাবুয়ে দল পাকিস্তানে এসে দুইটি টি-টোয়েন্টি আর তিনটি ওয়ানডে খেলে গেছে মাত্র। তার পরই জয়াসুরিয়াও গিয়েছেন পাকিস্তান সফরে। পাকিস্তানে সেখানকার নিরাপত্তা পরিস্থিতি দেখতে। এখন পর্যন্ত তাঁকে সন্তুষ্টই মনে হচ্ছে।
পাকিস্তান সফরে প্রাণঘাতী হামলার শিকার হওয়া শ্রীলঙ্কাই সম্ভব আবার প্রথম বড় দল হিসেবে পাকিস্তানে সফরে যাবে। এমন কথা শোনা যাচ্ছে অনেক দিন ধরেই। জয়াসুরিয়ার মন্তব্য পাকিস্তানকে আশাবাদী করে তুলতে পারে। শ্রীলঙ্কা-পাকিস্তান সিরিজ উপলক্ষে পাকিস্তানের একটি টিভি চ্যানেলে বিশেষজ্ঞ হিসেবে কাজ করতে যাওয়া সাবেক এই তারকা বলেছেন, ‘পাকিস্তান শান্তিপ্রিয় জাতি। এখানকার মানুষও শান্তিপ্রিয়।’ বেশ কিছু দিন ধরে পাকিস্তানে অবস্থান করছেন। এমনকি এর মধ্যে সেই স্কুলটিও পরিদর্শন করে গেছেন, গত ডিসেম্বরেই সন্ত্রাসী হামলায় যে স্কুলে ১৫৪ জন শিক্ষার্থী মারা যায়।
​পাকিস্তানে নিজের অভিজ্ঞতা সম্পর্কে জয়াসুরিয়া বলেন, ‘এখানে জীবন এখন খুব স্বাভাবিক, দুশ্চিন্তা করবার কিছু নেই। খুব শিগগিরই পাকিস্তানে ক্রিকেট ফিরে আসবে।’ তাঁর নিজের দেশও কয়েক বছর আগপর্যন্ত গৃহযুদ্ধে বিপর্যস্ত ছিল। এ কারণেই হয়তো জয়াসুরিয়ার মতো অনেকেই পাকিস্তানের ব্যাপারে সমব্যথী।
পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে মরিয়া পিসিবি। শ্রীলঙ্কা ছাড়াও আয়ারল্যান্ড ও হল্যান্ডকে তাঁদের দেশে খেলবার আমন্ত্রণ জানিয়ে রেখেছে পাকিস্তান। সূত্র: এএফপি।