'নির্মাণ স্কুল' ফেরাতে চান তামিম

স্বপ্নটা অনেক বড়। সারা দেশ তার পরিধিতে ছড়িয়ে। তামিম ইকবাল স্বপ্ন দেখেন, দেশের সব জেলা থেকে বয়সভিত্তিক দল আসবে চট্টগ্রামে। ‘ইকবাল মেমোরিয়াল ক্রিকেটের’ শামিয়ানার নিচে বসবে খুদে ক্রিকেটারদের মেলা। ফিরে আসবে নির্মাণ স্কুল ক্রিকেটের স্মৃতি।
নির্মাণ স্কুল ক্রিকেট টুর্নামেন্ট দিয়েই একসময় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটে পা রাখত বাংলাদেশের উঠতি ক্রিকেটাররা। স্কুলপর্যায়ে রীতিমতো ক্রিকেট-উৎসব হতো ওই টুর্নামেন্ট ঘিরে। বিসিবির অধীনে স্কুল ক্রিকেট এখনো হয়, হয় অন্যান্য বয়সভিত্তিক টুর্নামেন্টও। তবে উৎসবটা হারিয়ে গেছে। প্রয়াত বাবা ইকবাল খানের নামে চট্টগ্রামে অনূর্ধ্ব-১৩, ১৫ ও ১৮ পর্যায়ের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে নবীন ক্রিকেটারদের সেই উৎসব ফিরিয়ে দিতে চান চট্টগ্রামেরই ছেলে তামিম।
কাল বিওএ অডিটোরিয়ামে প্রাণ ফ্রুটো-বিএসজেএ মিডিয়া ক্রিকেটের জার্সি ও ট্রফি উন্মোচন এবং ড্র অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে এসে টুর্নামেন্ট নিয়ে প্রাথমিক পরিকল্পনার কথা জানালেন তিনি। বিএসজেএ কর্মকর্তারা ছাড়াও সেখানে ছিলেন প্রাণ বেভারেজের প্রধান পরিচালন কর্মকর্তা আনিছুর রহমান। বিপণন বিভাগের প্রধান আতিকুর রহমান।
এ বছর শুধু চট্টগ্রামের একাডেমি দলগুলোকে নিয়েই হবে তামিমের টুর্নামেন্ট। ভবিষ্যতে আমন্ত্রণ জানানো হবে চট্টগ্রামের বাইরের একাডেমিগুলোকেও। ‘অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্টে দুই দিনের ম্যাচ হবে। ফাইনাল হবে তিন দিনের। অনূর্ধ্ব-১৩ ও অনূর্ধ্ব ১৫ টুর্নামেন্টে হবে ৩০ ওভার ও ৪০ ওভারের ম্যাচ’—জানিয়েছেন তামিম। ফেব্রুয়ারিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পর পরই টুর্নামেন্টগুলো আয়োজনের ইচ্ছা তাঁর।
টুর্নামেন্ট নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন আগামী ২৫ জানুয়ারি। তবে কাল প্রাথমিক পরিকল্পনার কথা জানাতে গিয়েই তামিম অনেক কিছু বলে ফেললেন। স্বপ্নের পরিধিটা কত বড়, জানালেন সেটাও, ‘আমার পরিকল্পনা অনেকটা নির্মাণ স্কুল ক্রিকেটের মতো। আমাদের দেশের প্রতিটি এলাকায় কেউ না কেউ নির্মাণ স্কুল ক্রিকেট খেলেছে। বাংলাদেশের ক্রিকেট এখন সেটা মিস করছে। এটা মাত্র শুরু, পরিকল্পনা অনেক আছে।’
‘নো টু ড্রাগ, ইয়েস টু ক্রিকেট’ এই হবে ইকবাল মেমোরিয়াল ক্রিকেটের স্লোগান। তামিম স্বপ্ন দেখেন, ‘আমি চাই যারা খেলবে তারা যেন বুঝতে পারে এই টুর্নামেন্টে খেলার মূল্যটা কী।’ ছোটদের খেলা হলেও ইকবাল মেমোরিয়াল ক্রিকেটে তাই আন্তর্জাতিক ক্রিকেটের প্রতিটি নিয়মই অনুসরণ করার ইচ্ছা তামিমের।