'নিষিদ্ধ' নারাইনের বিপিএল শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনীল নারাইন
সুনীল নারাইন

অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হলেন ওয়েস্ট ইন্ডিয়ান স্পিনার সুনীল নারাইন। যার অর্থ হচ্ছে, চলমান বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে আর দেখা যাবে না তাঁকে। আইসিসির বিজ্ঞপ্তি পেয়ে কালই ঢাকা থেকে দেশে ফিরে গেছেন নারাইন।
৯ নভেম্বর পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে তাঁর বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন ম্যাচ অফিশিয়ালরা। অবশ্য এর আগেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ও চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিতে অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হয়েছিলেন তিনি। বিপিএল খেলতে আসার আগে ১৭ নভেম্বর ইংল্যান্ডের লাফবরো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে যেতে হয়েছিল ওয়েস্ট ইন্ডিয়ান স্পিনারকে। কাল সেই পরীক্ষার ফল পেয়ে আইসিসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তাঁর সব ধরনের ডেলিভারিতেই কনুই ১৫ ডিগ্রির বেশি বাঁকে।
নিয়মানুযায়ী অ্যাকশন শোধরানোর আগে আন্তর্জাতিক ক্রিকেট ও অন্যান্য ঘরোয়া লিগে আর বোলিং করতে পারবেন না নারাইন। তবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড চাইলে নিজেদের ঘরোয়া ক্রিকেটে খেলতে পারবেন এই স্পিনার।
বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে ঢাকায় প্রথম পর্বের চারটি ম্যাচই খেলে নারাইন ২২.৫০ গড়ে নিয়েছেন ৪ উইকেট, ওভারপ্রতি রান দিয়েছেন ৫.৮ করে। ওয়ানডে ও টি-টোয়েন্টি দুটিতেই এ মুহূর্তে আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষ বোলার নারাইন। তবে তাঁকে আর না পাওয়ার খবরটা খুব বড় ধাক্কা হয়ে আসেনি কুমিল্লার জন্য। দলটির স্বত্বাধিকারী নাফিসা কামাল বলেছেন, ‘আমরা আগেই জানতাম ও চলে যাবে। নারাইন মোটামুটি নিশ্চিত ছিল যে সে পরীক্ষায় পাস করবে না। তাই সে আমাদের সঙ্গে চট্টগ্রামও আসেনি। আগে থেকেই ওর ফ্লাইট নিশ্চিত করা ছিল।’
নারাইনের বদলি হিসেবে আপাতত কাউকে আনা হচ্ছে না বলেও জানিয়েছেন নাফিসা কামাল।