'নিষেধাজ্ঞা' থেকে রেহাই গেইলের

বিগ ব্যাশে টেলিভিশন সাক্ষাৎকার দিতে গিয়ে নারী সাংবাদিকের উদ্দেশে অযাচিত মন্তব্য করে ফেঁসেছেন ক্রিস গেইল। টি-টোয়েন্টি যতই বিনোদনের খেলা হোক, সরাসরি সাক্ষাৎকারে গেইল তো আর অচেনা সাংবাদিককে অভিসারের প্রস্তাব দিয়ে বসতে পারেন না! এ নিয়ে অনেক বিতর্ক হয়েছে। বড় ধরনের শাস্তিও সামনে দেখতে পাচ্ছিলেন গেইল। শাস্তি গেইলের হচ্ছে ঠিকই, তবে সেটা যাচ্ছে জরিমানার ওপর দিয়েই। আপাতত নিষেধাজ্ঞার হাত থেকে রেহাই পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেট তারকা।
গেইলের জরিমানা হচ্ছে তাঁর বিগ ব্যাশ দল মেলবোর্ন রেনেগেডসের তরফ থেকেই। আপাতত তাঁকে সাত হাজার মার্কিন ডলার দণ্ড দিতে হচ্ছে। তবে ভবিষ্যতে আবারও এ ধরনের কিছু করলে বেশ বড় শাস্তি হবে বলেও সতর্ক করে দেওয়া হয়েছে।
গেইলকে জরিমানার শাস্তি দিতে গিয়ে মেলবোর্ন রেনেগেডসে তাঁর সাম্প্রতিক আচরণ বিবেচনায় আনা হয়েছে। সেই আচরণ ভালো হওয়াতেই আপাতত জরিমানা দিয়েই পার পাচ্ছেন। ফ্র্যাঞ্চাইজির প্রধান নির্বাহী স্টুয়ার্ট কভেন্ট্রি গেইলের জরিমানার ঘোষণা দিয়ে বলেন, ‘গত চার-পাঁচ সপ্তাহ ধরে গেইল রেনেগেডসের হয়ে খেলছেন। এই সময় তাঁর আচরণ ছিল দারুণ। এসব বিবেচনা করে আমরা তাঁকে কেবল জরিমানা করারই সিদ্ধান্ত নিয়েছি।’
গেইলের এমন আচরণকে ‘অনভিপ্রেত’ বললেও সংস্কৃতির পার্থক্যের কারণেই এমনটা হয়েছে বলে দাবি কভেন্ট্রির, ‘সংস্কৃতির পার্থক্য তো আছেই। সে ঠাট্টা করেই কথাগুলো বলেছে, কিন্তু কথাগুলো ছিল অনভিপ্রেত।’
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী সাদারল্যান্ড বলেছেন, ‘এমন আচরণ আবার করলে গেইলকে অবশ্যই আরও কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি মনে করি সাক্ষাৎকারে ওই সব কথা বলে গেইল সাংঘাতিক অন্যায় করেছে। আমরা অস্ট্রেলিয়ায় খেলাটিকে সর্বজনীন করার জন্য কঠিন পরিশ্রম করে যাচ্ছি। আমাদের লক্ষ্য ব্যাহত করে, এমন কোনো কিছুকেই আমরা সহ্য করব না।’ সূত্র: হেরাল্ড সান।