'নিয়ম'টা বজায় থাকুক এবারও
>নিউজিল্যান্ড সফরের কতশত স্মৃতি তাঁর। সেই অভিজ্ঞতার আলোয় সাবেক অধিনায়ক হাবিবুল বাশার লিখেছেন এবার বাংলাদেশ দলের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে
প্রথম নিউজিল্যান্ড সফর, এদিক-ওদিক যেদিকে তাকাই মুগ্ধতা কাটেই না। ছবির মতো এক দেশ। যা দেখি সব লাগে ভালো! মনের ভেতর অন্য রকম রোমাঞ্চ। বাংলাদেশ দল এখন নিউজিল্যান্ডে। আমার স্মৃতিতেও ভিড় করছে ১৯ বছর আগের সেই সফর।

১৯৯৭ সালের নভেম্বরে একটি প্রথম শ্রেণির টুর্নামেন্ট খেলতে নিউজিল্যান্ডে গিয়েছিলাম আমরা। ওটাই বাংলাদেশ দলের প্রথম নিউজিল্যান্ড সফর। সেই টুর্নামেন্ট দিয়ে প্রথম শ্রেণিতে অভিষেক আকরাম খান, আমিনুল ইসলাম, আতহার আলী খান, আল শাহরিয়ার, জাভেদ ওমর, হাসিবুল হোসেন, খালেদ মাসুদ, আমিসহ আরও কয়েকজনের।
সেখানেই প্রথম দেখা, ড্রেসিংরুমে অনেক সময় এসি থাকে না, থাকে হিটার। মাঠের খেলায়ও অন্য রকম অভিজ্ঞতা হয়েছিল। প্রথম শ্রেণির ক্রিকেট হলেও খেলা হয়েছিল রঙিন পোশাকে, তবে বল লালই ছিল। সূর্যের আলো তুলনামূলক বেশি থাকায় দিনে ১১০ ওভারের খেলা। উইকেট-প্রতিপক্ষ সম্পর্কে খুব একটা ধারণা ছিল না। ব্যাটিংয়ে অনেক কষ্ট করতে হয়েছে। সব ম্যাচই হেরেছিলাম। নিউজিল্যান্ডের মাটিতে চার দিনের ম্যাচ খেলা ভীষণ কঠিন হলেও টেস্ট মর্যাদা পাওয়ার আগে কাজে লেগেছিল সেই সফর।
২০০১ সালে যখন টেস্ট সিরিজ খেলতে গিয়েছিলাম, আমাদের তারা তখন থেকেই চিনতে শুরু করে। ওই সফরেও আমাদের কষ্ট করতে হয়েছে। অনেকে মনে করেন নিউজিল্যান্ডের কন্ডিশনে পেস বোলাররা বোধ হয় সহজেই সাফল্য পায়। আসলে তা নয়। আমাদের কন্ডিশনে উইকেটে একটা বল জোরে আসে, একটা ধীরে। বাউন্স সমান হয় না। কিন্তু নিউজিল্যান্ডের উইকেটে জায়গামতো বোলিং করতে না পারলে ভালো করা কঠিন। বাজে বল করলে পার পাওয়া যায় না। সফরের দুটি টেস্টেই হেরেছিলাম। তবে মাশরাফি অসাধারণ বোলিং করেছিল। প্রস্তুতি ম্যাচে সে এক ব্যাটসম্যানের মাথায় বল লাগিয়েছিল। ওই প্রথম উইকেটে রক্ত দেখলাম! ব্যাটসম্যানকে হাসপাতালে পর্যন্ত নিতে হয়েছিল।
২০০৭-০৮ মৌসুমে যখন গেলাম, আমার ক্যারিয়ার শেষ দিকে। ব্যক্তিগত পারফরম্যান্স খুব একটা ভালো হয়নি। তবে আগের তুলনায় একটু হলেও ভালো করেছিল দল। বোঝা যাচ্ছিল দলে ধীরে ধীরে পরিবর্তন আসতে শুরু করেছে। এরপরের সিরিজ ২০১০ সালে। তত দিনে ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেলেছি। সেবার আমরা দেখলাম, প্রতিকূল কন্ডিশনেও বাংলাদেশ ভালো করতে পারে। ইমরুল কায়েস ওয়ানডেতে সেঞ্চুরি পেল, মাহমুদউল্লাহ সেঞ্চুরি করল সিরিজের একমাত্র টেস্টে। আগের সিরিজগুলোর চেয়ে এই সিরিজে বাংলাদেশ তুলনামূলক ভালো করেছে। এটা একটা মজার ব্যাপার। বাংলাদেশ যখনই নিউজিল্যান্ডে গেছে, আগের সফরের চেয়ে কিছুটা ভালো করেছে।
সে হিসেবে এবার আরও ভালো করার কথা। তবে বাস্তবতা হলো উপমহাদেশের যেকোনো দলের জন্যই নিউজিল্যান্ডের কন্ডিশনে ভালো করা কঠিন। এমনকি তাদের প্রতিবেশী অস্ট্রেলিয়ার জন্যও কন্ডিশনটা সহজ নয়। নিউজিল্যান্ডের আবহাওয়া আর্দ্র ও নরম বলে সাইড এজ মুভমেন্ট থাকে বেশি। উপমহাদেশের সব দলকেই সেখানে কষ্ট করতে হয়। কদিন আগে পাকিস্তানের খেলা দেখে নিশ্চয়ই বুঝেছেন।
নিউজিল্যান্ডে এখন গ্রীষ্মের মাঝামাঝি সময়। যদি নভেম্বরে বা আরও আগে যেতাম উইকেট আরও নরম থাকত। এখন ওদের উইকেট একটু হলেও কঠিন ও শুকনো থাকবে। বাংলাদেশও এখন অনেক ভালো করছে। দলটাতে পারফরমারের সংখ্যা বেড়েছে। মোটামুটি সবাই এখন ব্যাকফুটে ভালো খেলে। শর্ট বল নিয়ে হয়তো ভাবনা থাকতে পারে। ২০০৮ সালে যখন নিউজিল্যান্ডে গেলাম কোচ জেমি সিডন্স বাউন্সার, শর্ট বলের অনুশীলনে বেশি জোর দিয়েছিলেন। কিন্তু ম্যাচে আমরা যতটা না বাউন্সারে তার চেয়ে বেশি ভুগেছি সামনে পড়া বলে। নিউজিল্যান্ডের উইকেটে বাউন্সার নয়, সবচেয়ে বেশি বিপাকে ফেলে আসলে সামনে পড়া বলই। শর্ট বলটা ভালোভাবে দেখে ছাড়া যায়। কিন্তু সামনে পড়া বলে এমন সুইং থাকে, খেলা কঠিন। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট নিশ্চয়ই এটা নিয়ে কাজ করছে। এই বলটা ভালো খেলতে পারলে বাংলাদেশ দারুণ কিছু করবে।
যেকোনো কন্ডিশনে খেলতে যাওয়ার আগে ছন্দে থাকলে সেটা কাজে দেয়, বিশেষ করে ব্যাটসম্যানদের। এবারের বিপিএলে দলের শীর্ষ ব্যাটসম্যানরা রান পেয়েছে। এটা তাদের আত্মবিশ্বাসী করবে। তবে কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়া খুবই জরুরি। বাংলাদেশ এখন যথেষ্ট অভিজ্ঞ। ভিন্ন কন্ডিশনে কঠিন হলেও মানিয়ে নিয়ে ভালো খেলার সামর্থ্য তাদের আছে।
নিউজিল্যান্ডে বাতাস বেশি থাকে, পেসারদের সেটি কাজে দেবে। তবে জায়গা মতো বোলিং না করলে উল্টো ফল হতে পারে। আমাদের পেস আক্রমণ যথেষ্ট শক্তিশালী। মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, তাসকিন আহমেদ আছে। মোস্তাফিজুর রহমান ফেরার অপেক্ষায়। এর সঙ্গে দারুণ কিছু তরুণ পেসারও আছে। ভালো জায়গায় বল ফেললে নিশ্চয়ই সাফল্য পাবে। ইতিবাচক দিক হচ্ছে, বাংলাদেশ একটু আগে-ভাগে চলে গেছে। আশা করি ‘নিয়ম’টা এবারও বজায় থাকবে। নিউজিল্যান্ডে আগের চেয়ে ভালো করবে বাংলাদেশ।