'নেকড়ে'র সামনে ক্যারিবীয় অধিনায়ক
জেসন হোল্ডার যেন এক দল নেকড়ের সামনে নিঃসঙ্গ হরিণ। মেলবোর্ন টেস্টের তিন দিনেই ফলটা আবছা ফুটে উঠেছে। আজ চতুর্থ দিনে ফলটা আরও স্পষ্ট হয়ে যাবে। সেটি হলে অস্ট্রেলিয়ার কাছে আরেকটি বড় পরাজয়ের স্বাদ নিতে হবে ক্যারিবীয়দের। সমালোচকেরা হয়তো সমালোচনার চাবুক ছোটাতে পারেন হোল্ডারের দিকে। কিন্তু কীই-বা করার আছে ওয়েস্ট ইন্ডিজের তরুণ অধিনায়কের?
ক্যারিবীয়দের দুর্দশা ব্রায়ান লারা-মাইকেল ক্লার্কের মতো জেসন গিলেস্পিকেও ভাবাচ্ছে। সাবেক অস্ট্রেলীয় পেসার তাই বললেন, হোল্ডারকে ঠেলে দেওয়া হয়েছে একদল নেকড়ের সামনে। ওয়েস্ট ইন্ডিজের পারফরম্যান্সে বিগ ব্যাশের দল অ্যাডিলেড স্ট্রাইকার্সের কোচ গিলেস্পির কণ্ঠে ঝরে পড়ল একরাশ হতাশা, ‘খেলোয়াড় ও প্রশাসকদের মধ্যে কিছু সমস্যা তো আছেই। এগুলোর সমাধান যতক্ষণ না হচ্ছে, কোনো উন্নতি দেখা যাবে না। আমার উত্তর জানা নেই...তবে যা দেখছি খুবই হতাশার। এখন দলটি খুবই বাজে খেলছে। প্রতিটি বিভাগেই খারাপ করছে। তরুণ অধিনায়ক হোল্ডার দারুণ ক্রিকেটার। কিন্তু তাকে তো নেকড়ের সামনে ঠেলে দেওয়া হয়েছে।’
অস্ট্রেলিয়ায় যখন একের পর এক পরাজয়ে ক্লিষ্ট হচ্ছে, সেই অস্ট্রেলিয়াতেই বিগ ব্যাশ মাতাচ্ছেন ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো, লেন্ডল সিমন্স, আন্দ্রে রাসেল, স্যামুয়েল বদ্রি, ড্যারেন স্যামির মতো ক্যারিবীয় তারকারা। এ সমস্যা সমাধানে আইসিসিকে এগিয়ে আসতে বলছেন গিলেস্পি, ‘সমস্যার সমাধানে আইসিসিকে একটি উপায় বের করতে হবে। ওয়েস্ট ইন্ডিজ প্রশাসনে নিশ্চিত কিছু সমস্যা রয়েছে।’
আরও একটি বিষয়েও আইসিসির দৃষ্টি আকর্ষণ করেছেন গিলেস্পি। ক্রিকেটকে আরও ছড়িয়ে দিতে আয়ারল্যান্ডকে টেস্ট মর্যাদা দেওয়ার দাবি ক্যারিয়ারের শেষ টেস্টে ডাবল সেঞ্চুরি করা গিলেস্পির, ‘আয়ারল্যান্ডের টেস্ট মর্যাদা দেওয়ার ক্ষেত্রে আমার পূর্ণ সমর্থন রয়েছে।’ সিডনি মর্নিং হেরাল্ড।