'নো বল' দুর্ভাগ্য ইংলিশ অভিষিক্তদের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থার্ড আম্পায়ারের চোখে ক্রেনের পা দাগের পেছনে ছিল না। ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া
থার্ড আম্পায়ারের চোখে ক্রেনের পা দাগের পেছনে ছিল না। ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া

ইংল্যান্ড লেগ স্পিনারদের দেশ নয়। গত ৫০ বছরে তেমন আহামরি কোনো লেগ স্পিনার পায়নি ইংলিশ ক্রিকেট। একসময় উঠে এসেছিলেন ইয়ান সলসবুরি। মাঝেমধ্যে সুবাস ছড়ানো আদিল রশিদের সঙ্গে এ সময় বলা যেতে পারে রবিন হবস, ক্রিস স্কোফিল্ড আর স্কট বোর্থউইকেটর নাম। কিন্তু শেন ওয়ার্নের প্রশংসাপত্র পাওয়া ম্যাসন ক্রেনকে একটু আলাদা চোখেই দেখা হচ্ছিল। কিন্তু তাঁর প্রতি এখন নিশ্চয়ই সবার মায়া হচ্ছে!

সিডনিতে অ্যাশেজের শেষ টেস্টে অভিষেক ঘটেছে ২০ বছর ৩২০ দিন বয়সী ক্রেনের। ১৯২৮ সালে ইয়ান পেবলসের পর গত ৯০ বছরে ক্রেনই সর্বকনিষ্ঠ বিশেষজ্ঞ স্পিনার হিসেবে খেলছেন ইংল্যান্ডের জার্সিতে। সিডনির দর্শকেরা কিন্তু শুরুতে তাঁকে ভালোভাবে নেয়নি। ঠাট্টা করেছে, দুয়ো দিয়েছে। সেটিরও কারণ আছে। নিজের প্রথম ১৭ ওভারের মধ্যে ১০ বারই যে বল করতে গিয়ে থমকে গেছেন তিনি!

তবে ধীরে ধীরে ঠিকই ছন্দে ফিরেছেন। আজ তৃতীয় দিনে ‘ডাবল সেঞ্চুরি’র দিকে এগিয়ে চলা উসমান খাজাকে (১৭১) স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে ক্রেন তুলে নিয়েছেন তাঁর প্রথম টেস্ট উইকেট। অথচ খাজা ১৩২ রানে থাকতেই পেতে পারতেন উইকেটটা। এবারের অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের অভিষিক্ত বোলারদের কেন যেন ‘নো বল’ রোগে ধরেছে!

মেলবোর্নে আগের টেস্টে ইংল্যান্ডের হয়ে অভিষেক হয়েছিল টম কারেনের। সে ম্যাচে ৯৯ রানে ব্যাট করছিলেন ডেভিড ওয়ার্নার। কারেন তাঁকে আউট করলেও ‘ওভারস্টেপিং’ করায় সেটা ছিল ‘নো বল’। ইংল্যান্ডের তৃতীয় বোলার হিসেবে ‘নো বল’ করার অপরাধে টেস্টে প্রথম উইকেট থেকে বঞ্চিত হয়েছিলেন কারেন। এখন তিনি হয়তো স্বস্তি পেতেই পারেন। ইংল্যান্ডের বর্তমান দলে ‘দুর্ভাগা’দের তালিকায় কারেন যে আর একা নন, আছেন ক্রেনও!

শেষ পর্যন্ত খাজাকে আউট করেই টেস্টে প্রথম উইকেটটি তুলে নিয়েছেন ম্যাসন ক্রেন। ছবি: টুইটার
শেষ পর্যন্ত খাজাকে আউট করেই টেস্টে প্রথম উইকেটটি তুলে নিয়েছেন ম্যাসন ক্রেন। ছবি: টুইটার

খাজা তখন ১৩২ রানে ব্যাট করছিলেন। লাঞ্চের আগের ওভারে ক্রেনের চতুর্থ বলটি না খেলে প্যাড দিয়ে ঠেকান খাজা। সমস্বরে এলবিডব্লুর আবেদন করে ইংলিশ দল। আম্পায়ার কুমার ধর্মসেনা তা নাকচ করে দিলে রিভিউ নেন অধিনায়ক জো রুট। টিভি রিপ্লেতে দেখা যায়, সেটি ছিল আউট! প্রথমত, খাজা কোনো শট খেলেননি, দ্বিতীয় বলটা আঘাত করত তাঁর অফ স্ট্যাম্পে। কিন্তু আউট হয়নি; কারণ সেই ‘নো বল’—ক্রেনের পা ছিল দাগের ওপাশে!

২০১৩ সালের পর থেকে ক্রেন ইংলিশ ক্রিকেটে চতুর্থ দুর্ভাগা ক্রিকেটার, প্রথম উইকেটটি যাঁরা পাননি ‘নো বলে’র কারণে। পাঁচ বছর আগে অ্যাডিলেড টেস্টে ‘নো বল’ করায় ব্রাড হাডিনকে তুলে নিতে পারেননি বেন স্টোকস। সেটি হতে পারত তাঁর প্রথম টেস্ট উইকেট। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে একই দুর্ভাগ্যের শিকার হন আরেক ইংলিশ পেসার মার্ক উড। মেলবোর্নে তাঁকে অনুসরণ করলেন কারেন, এবার ক্রেন!

সিডনি টেস্টের তৃতীয় দিন শেষে ইংল্যান্ডের ৩৪৬ রানের জবাবে ১৩৩ রানে এগিয়ে অস্ট্রেলিয়া। তাদের সংগ্রহ ৪ উইকেটে ৪৭৯। শন মার্শ অপরাজিত ৯৮ রানে আর তাঁর ভাই মিচেল অপরাজিত ৬৩ রানে। ইংল্যান্ডের পক্ষে একটি করে উইকেট পেয়েছেন জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, মঈন আলী আর ম্যাসন ক্রেন।