'পচা শামুক' মাশরাফিরা কেটে চলেছেন

তিন ছক্কার দুটি মারলেন মাহমুদউল্লাহর বলে আর অন্যটি বেনি হাওয়েলের ওভারে—১১ বলে ২০ রানের ছোট্ট একটা ঝড় তুলেছেন মাশরাফি বিন মুর্তজা। তাতেই যেন দীর্ঘ পথটা এক ঝটকায় ছোট হয়ে এসেছে কুমিল্লা ভিক্টোরিয়ানসের। মাশরাফি যখন উইকেটে এলেন, কুমিল্লার দরকার ৫৫ বলে ৮০ রান। যখন ফিরলেন, তখন সমীকরণটা নেমে এসেছে ৪২ বলে ৫৮ রানে। মারলন স্যামুয়েলসের অসাধারণ ব্যাটিংয়ে বাকি পথটা অনায়াসেই পাড়ি দিয়েছে কুমিল্লা।
কুমিল্লা এখনো প্রতিপক্ষের আতঙ্কের নাম। টানা তিন জয়ের পরও শেষ চারের স্বপ্ন হয়তো নিজেরাও দেখছে না। কিন্তু প্রতিপক্ষের হিসাব ঠিকই এলোমেলো করে দিচ্ছে। রাজশাহী কিংসকে হারিয়ে মাশরাফি পরশু যথার্থই বলেছেন, ‘আমরা এখন পচা শামুক, একেকটা দলকে কেটে যাব!’
আজ খুলনাকেও ‘কেটে’ দিলেন তাঁরা। মাহমুদউল্লাহদের জয় তো অবশ্যই, প্লে অফ খেলতে রান রেট বাড়িয়ে নেওয়ার দরকার ছিল আজ, সেখানে তাঁরা ৫ উইকেটে হেরেছে। ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে খুলনা তিনে আছে ঠিকই, তবে শেষ ম্যাচটি তাদের খেলতে হবে অন্যতম ফেবারিট ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে।
১৪২ রান তাড়া করতে নেমে ১ রানেই ওপেনার আহমেদ শেহজাদ আউট হলেও কুমিল্লাকে পথ দেখায় স্যামুয়েলস-ইমরুল কায়েসের দ্বিতীয় উইকেটে তোলা ৪৯ রান। কুমিল্লার ব্যাটসম্যানদের মধ্যে এবার সবচেয়ে ধারাবাহিক স্যামুয়েলস। ক্যারিবীয় ব্যাটসম্যান পেয়েছেন টুর্নামেন্টে তাঁর তৃতীয় ফিফটি। আজ অপরাজিত ছিলেন ৫৭ বলে ৬৯ রান করে। ৭ ম্যাচে তাঁর রান ৩০৪।
টুর্নামেন্টে এখনো পর্যন্ত ১১ উইকেট পেয়েছে মাশরাফি। এর মধ্যে ৬টি খুলনার বিপক্ষে। টুর্নামেন্টে দুই দলের প্রথম দেখায় ২৬ রানে পেয়েছিলেন ৩ উইকেট। আজ মাশরাফি আরও ভয়ংকর। টানা ৪ ওভার বোলিং করেছেন। ১৬ রানে তুলে নিয়েছেন ৩ উইকেট। এর মধ্যে ডট ১২টি। মাশরাফির অফ স্টাম্পের বাইরের বল চালাতে গিয়ে আবদুল মজিদ বোল্ড। আগের সাক্ষাতেও মাশরাফির শিকার হয়েছেন হাসানুজ্জামান। আজও তাই। মাশরাফিকে তুলে মারতে গিয়ে নিকোলাস পুরান ক্যাচ হয়েছেন ইমরুল কায়েসের হাতে।
টুর্নামেন্টজুড়েই খুলনার ব্যাটিং মাহমুদউল্লাহ-নির্ভর। খুলনা অধিনায়ক আবির্ভূত হয়েছেন ধারাবাহিকতার প্রতিচ্ছবি হয়ে। আজও হেসেছে তাঁর ব্যাট, ৩৮ বলে করেছেন ৪০ রান। যদিও সাইফউদ্দিনের বলে ডিপ মিড উইকেটে রশিদ খানের হাতে ক্যাচ তুলে দিয়েও বেঁচে গেছেন মাহমুদউল্লাহ। তখন তাঁর রান ২৬। খুলনার বলার মতো কোনো জুটি না হলেও শেষ ৩ ওভারে তারা তুলেছে ৩৬ রান। খুলনাও পারল না শেষ পর্যন্ত। এই না-পারা তাদের ভোগাতে পারে আরও।
সংক্ষিপ্ত স্কোর:
খুলনা টাইটানস : ২০ ওভারে ১৪১/৬ (হাসানুজ্জামান ২৯, মজিদ ১৮, মাহমুদউল্লাহ ৪০, পুরান ১৪, আরিফুল ১৩; শরীফ ১/২৭, সাইফউদ্দিন ১/৩১, রশিদ ১/৩৩, মাশরাফি ৩/১৬)।
কুমিল্লা ভিক্টোরিয়ানস: ১৮.৪ ওভারে ১৪২/৫ ( ইমরুল ২০, স্যামুয়েলস ৬৯*, মাশরাফি ২০, লিটন ২৪*; জুনায়েদ ১/২৪, মোশাররফ ১/২১, শফিউল ১/৪৬, হাওয়েল ২/২৫)।
ফল: কুমিল্লা ৫ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মারলন স্যামুয়েলস।