'পঞ্চাশের' দুঃখ কাটল না বাংলাদেশের

পঞ্চাশের মাইলফলকটা বাংলাদেশের জন্য ‘আনলাকি থারটিন’ই হয়ে থাকল!
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে ৫০ টেস্ট খেলেছেন মাত্র তিনজন। প্রথম জন হাবিবুল বাশার। তিনি নিজের ৫০তম টেস্টে ১৩ রান করেছিলেন। দ্বিতীয় জন মোহাম্মদ আশরাফুল। তিনি করেছিলেন ১৫ রান। ঢাকা টেস্টের প্রিভিউতে তাই আশা করা হয়েছিল মুশফিকুর রহিম যেন এই ধারায় আটকা না পড়েন! কিন্তু শেষ পর্যন্ত মুশফিকও ধরা ৫০ টেস্টের চক্র পাকে। হাবিবুল-আশরাফুলদের মতোই ব্যর্থ তিনি। দুই ইনিংস মিলিয়ে ওই ১৩ রান করেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক।
প্রথম ইনিংসে আউট হয়েছিলেন অদ্ভুতভাবে। মঈন আলীর বলে এগিয়ে এসে গ্ল্যান্স করতে গিয়ে ধরা পড়েছিলেন লেগ স্লিপে। বল তাঁর দুই পায়ের ফাঁক গলে চলে যায় লেগ স্লিপে দাঁড়ানো ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুকের হাতে। দ্বিতীয় ইনিংসে সে তুলনায় অনেক ‘প্রথাগতভাবে’ আউট হলেন। বেন স্টোকসের অফ স্টাম্পের অনেক বাইরে দিয়ে যাওয়া বলে আলতো করে ব্যাট ছুঁয়ে দিয়ে। দলের এমন গুরুত্বপূর্ণ সময়ে কী বুঝে এমন শট খেললেন বোঝা গেল না। বিশেষ করে আগের ওভারেই যখন আউট হয়ে গেছেন সাকিব আল হাসান। ৪ উইকেটে ২৩৮ থেকে মুহূর্তেই বাংলাদেশ পরিণত হলো ৬ উইকেটে ২৩৮! বড় এক লিডের আশা থেকে আবারও দলকে পেয়ে বসল দ্রুত অলআউট হয়ে যাওয়ার শঙ্কা।
ম্যাচের ফল কী হয়, সেটি এখনো দেখার বিষয়। তবে ৫০তম টেস্ট যে বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য বড় অশুভ হয়ে উঠছে, সেটি বোধ হয় আর না বললেও চলে। সাকিব ও তামিম ইকবালকে একটু সাবধান হতেই হচ্ছে। বাংলাদেশের পক্ষে ৫০ টেস্ট খেলার দৌড়ে এখন সবচেয়ে এগিয়ে যে এ দুজনই (৪৪ টেস্ট)!