'পত্রবোমার' পাল্টা ব্ল্যাকমেলের অভিযোগ ভারতের নারী ক্রিকেটারের বিরুদ্ধে
>

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে তারকা ব্যাটসম্যান মিতালি রাজকে ছাড়াই মাঠে নেমে হেরেছে ভারত। ব্যাপারটা সবাইকে চমকে দিলেও আসল ঘটনা তখন জানা যায়নি। বিশ্বকাপ শেষে বিসিসিআইকে পাঠানো এক বিস্ফোরক চিঠিতে সবকিছু খুলে বলেছেন মিতালি। অভিযোগ তোলেন বিসিসিআইর কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটরস (সিওএ) সদস্য ডায়না এডুলজি আর নতুন কোচ রমেশ পাওয়ারের বিপক্ষে। এবার ১০ পৃষ্ঠার প্রতিবেদনে মিতালির বিপক্ষে ‘ব্ল্যাকমেল’-এর পাল্টা অভিযোগ তুলেছেন পাওয়ার
ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) পাঠানো মিতালি রাজের ‘পত্র বোমা’র পর মুখ খুলেছেন মেয়েদের জাতীয় দলের কোচ রমেশ পাওয়ার। মিতালির বিপক্ষে তিনি ‘ব্ল্যাকমেল’ করার অভিযোগ এনেছেন। ভারতের এই ব্যাটসম্যান দলে নাকি বিভক্তির চেষ্টাও করেছেন। বিসিসিআইয়ের প্রধান নির্বাহী রাহুল জোহরি ও ক্রিকেট অপারেশনসের জিএম সাবা করিমের কাছে ১০ পৃষ্ঠার একটি প্রতিবেদন জমা দিয়েছেন পাওয়ার। সেই প্রতিবেদনে ভারতের ওয়ানডে অধিনায়ক মিতালির বিপক্ষে ‘ব্ল্যাকমেল ও কোচদের চাপে ফেলা’র অভিযোগ করেছেন ৩৫ বছর বয়সী সাবেক এই স্পিনার।
ওয়েস্ট ইন্ডিজে কিছুদিন আগে শেষ হয়েছে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেমিফাইনালে ইংলিশ মেয়েদের কাছে হেরে বিদায় নেয় ভারত। ওই ম্যাচে দলের সিনিয়র এবং তারকা ব্যাটসম্যান মিতালির না খেলাটা ছিল বড় চমক। এ নিয়ে মিতালি তখন কিছু না বললেও দেশে ফেরার পর বিসিসিআইকে পাঠানো এক মেইলে নতুন কোচ পাওয়ার এবং বোর্ডের কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটরস (সিওএ) সদস্য ডায়না এডুলজির বিপক্ষে অভিযোগ করেন। পাওয়ার তাঁকে ‘অপমান’ করেছেন এবং সিওএ সদস্য এডুলজির সঙ্গে এককাট্টা হয়ে তাঁকে ‘ধ্বংস’ করার চেষ্টা করেছেন বলে সেই মেইলে অভিযোগ করেন আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান করা এই নারী ক্রিকেটার।
ভারতীয় ক্রিকেটে ব্যাপারটা রীতিমতো শোরগোলই ফেলে দেয়। সুনীল গাভাস্কারের মতো ক্রিকেট-ব্যক্তিত্ব দাঁড়িয়েছেন মিতালির পাশে। গ্রুপপর্বে টানা দুই ফিফটির করেও সেমিফাইনালের দলে মিতালির সুযোগ না পাওয়াটা অবাক করেছে গাভাস্কারকে, ‘মিতালির জন্য খারাপ লাগছে। তাঁর কথায় যুক্তি আছে। সে একটি ম্যাচে চোট পেয়েছিল। কিন্তু পরের ম্যাচে ফিট ছিল। বিষয়টি ছেলেদের ক্রিকেটে মিলিয়ে দেখুন—বিরাট কোহলি চোটের জন্য এক ম্যাচ খেলতে পারল না। কিন্তু পরের ম্যাচটি খেলার জন্য সে ফিট। আপনি কি তাঁকে দলের বাইরে রাখবেন? নকআউট পর্বে আপনাকে দলের সেরাদেরই বেছে নিতে হবে।’
কিন্তু পাওয়ার তাঁর প্রতিবেদনে মিতালিকে ‘স্বার্থপর’ বলছেন। যে দলের প্রয়োজনের চেয়ে নিজের ব্যক্তিগত মাইলফলক অর্জনেই বেশি মনোযোগী। মেয়েদের এই কোচ তাঁর প্রতিবেদনে লিখেছেন, ‘আশা করি মিতালি রাজ ব্ল্যাকমেল করা, কোচদের চাপে ফেলা ও ব্যক্তিগত মাইলফলক অর্জনকে বেশি গুরুত্ব দেওয়া বন্ধ করবে। সে দলে নিজের ভূমিকা ভুলে ব্যক্তিগত মাইলফলকের জন্য ব্যাট করে থাকে। এ কারণে বাকিরা চাপে পড়ে যায়।’
এর আগে মিতালি তাঁর মেইলে অভিযোগ করেছিলেন, টানা দুই ফিফটির পরও তাঁকে দল থেকে বাদ দেওয়ার পেছনে শুধু ক্রিকেটীয় কারণ থাকতে পারে বলে মনে করেন না। মূলত পাওয়ারের বিপক্ষেও বেশি অভিযোগ তুলেছেন মিতালি, ‘ওয়েস্ট ইন্ডিজে নামার পর থেকেই কোচের সঙ্গে সমস্যার শুরু। প্রথমে ছোট ছোট ব্যাপার নিয়ে তাঁর আচরণ ছিল অন্যায্য আর বৈষম্যমূলক। কোচ আমার আশপাশেও থাকতে চাইতেন না। নেটে অন্যদের ব্যাটিং দেখলেও আমি ব্যাট করতে এলেই তিনি সরে যেতেন। কিছু বলতে গেলে উপেক্ষা করে ফোন নিয়ে ব্যস্ত হয়ে চলে যেতেন। সবাই বুঝেছে যে আমাকে অপমান করা হচ্ছে। তবে আমি মেজাজ হারাইনি।’
মিতালি ভেবেছিলেন, তাঁর সঙ্গে কোচের এই আচরণ দলের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই টিম ম্যানেজারকে বিষয়টি জানান। কিন্তু পরিস্থিতি এরপর আরও খারাপ হয়। পাওয়ার তাঁর সঙ্গে এমন আচরণ শুরু করেন যে দলে মিতালির কোনো অস্তিত্বই নেই! এমনকি অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে পাওয়ার তাঁকে মাঠে যেতেও নিষেধ করেছিলেন।