'পরিকল্পনায় সফল হচ্ছি'

তামিম ইকবালকে ‘পরিপূর্ণ ব্যাটসম্যানে’র স্বীকৃতি দিয়ে দিয়েছেন আকরাম খান। তামিম নিজেও কি তা-ই ভাবতে শুরু করেছেন? কাল রাতে মুঠোফোনে বাংলাদেশ ওপেনারের উত্তর, ‘এটা আমি বলতে পারব না। তবে এতটুকু মনে করি, আগের চেয়ে এখন আমার পরিকল্পনাগুলো ভালো হচ্ছে। পরিকল্পনায় সফলও হচ্ছি।’
টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরি করেছেন। পরশু রাতটা নিশ্চয়ই স্বপ্নের মতো কেটেছে। তবে কলকাতায় এসে তামিম এখন আর ধর্মশালার দিকে ফিরে তাকাতে চাইছেন না, ‘একটা ভালো লাগা তো আছেই। তবে সামনে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। সেগুলোতেও যেন এ রকমই খেলতে পারি, সেই চেষ্টা করব।’
এই প্রতিজ্ঞা মূলত দলকে ওপরে টেনে তোলার জন্যই। নয়তো সুপার টেনেও ব্যক্তিগতভাবে পরিকল্পনা বড় কিছু করার পণ এখনই করে রাখেননি তামিম, ‘সেঞ্চুরি করব, দেড় শ করব-এ রকম চিন্তা নিয়ে কখনো মাঠে নামি না। যেভাবে প্রতিটা ম্যাচ খেলছি, দলের জন্য অবদান রাখছি; সেভাবেই খেলে যেতে চাই। সেটা পারলেই বুঝব আমি আমার দায়িত্ব পালন করতে পেরেছি। নয়তো পরের ম্যাচের জন্য প্রস্তুত হব।’