'পরীক্ষা'য় উতরে যাওয়ার আশা আল আমিনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আল আমিন হোসেন
আল আমিন হোসেন

আনুমানিক ১৫-২০টা ক্যামেরা হবে। সঙ্গে আইসিসির দুজন প্রতিনিধি। চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র বিশ্ববিদ্যালয়ে এমন সূক্ষ্ম দৃষ্টির সামনেই বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে এলেন পেসার আল আমিন হোসেন।
কাল বিকেলে ভারত থেকে ফেরা আল আমিনের কণ্ঠে আশার সুর, ‘আমাকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওই ম্যাচের মতো বল করতে বলা হয়েছিল। আমি তাই করে দেখিয়েছি। বল করার সময়ই বুঝেছি, অ্যাকশনে কোনো সমস্যা হচ্ছে না। আশা করি ভালো ফলাফল আসবে।’ আল আমিনের সঙ্গে চেন্নাই যাওয়া বিসিবির ন্যাশনাল ম্যানেজার (গেম ডেভেলপমেন্ট) নাজমুল আবেদীনও বললেন একই কথা, ‘মনে হয় ভালো কিছুই হবে। যেসব পরীক্ষা-নিরীক্ষা করেছে, সেগুলোতে ও (আল আমিন) সন্তুষ্ট। আমার মনে হয় সমস্যা হবে না।’ পরীক্ষার ফলাফল আসার কথা আগামী দুই সপ্তাহের মধ্যে।
শ্রী রামচন্দ্র বিশ্ববিদ্যালয়ে পরশু বেলা আড়াইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলেছে আল আমিনের বোলিং অ্যাকশনের পরীক্ষা। ৫ ওভারের বোলিংয়ে ৫টি করে বাউন্সার, ইয়র্কার, স্লোয়ার ছাড়াও বলা হয়েছে ওভার দ্য উইকেট ও রাউন্ড দ্য উইকেট বোলিং করে দেখাতে। যে গতির বোলিংয়ের জন্য আল আমিনের অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে, বল করে দেখাতে হয়েছে সেই গতিতেও। এ ছাড়া মাপা হয়েছে শরীরের উচ্চতা, ওজন এবং বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ। এসব মেপেটেপে আইসিসির বিশেষজ্ঞরা নাকি বলেছেন, আল আমিন হাইপার মোবিলিটি সমস্যায় ভুগছেন। যার অর্থ তাঁর শরীর অতিমাত্রায় নমনীয়। এটির তাৎপর্য হলো, বোলিংয়ের সময় আল আমিনের কনুই বেশি বাঁকা হয়ে যাচ্ছে বলে মনে হওয়ার সঙ্গে এর যোগ থাকতে পারে।