'পরীক্ষা'য় বসতে হ্যামিল্টনে তামিম-মাহমুদউল্লাহরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হ্যামিল্টনে টেস্ট সিরিজ শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার। নিউজিল্যান্ডে টেস্ট খেলাটা বাংলাদেশের জন্য বরাবরই বড় পরীক্ষা। এবার ব্যাপারটা আরও কঠিন। কারণ, এবারের সিরিজ তিন টেস্টের


ওয়ানডে সিরিজ এখন অতীত। ঘোরতর বর্তমান হলো টেস্ট সিরিজ। ‘বর্তমান’ বলাটা অবশ্য একটু ভুল হলো। নিকট ভবিষ্যৎ বলাই বরং ঠিক হয়। 

কারণ টেস্ট ম্যাচ শুরু হতে মাঝখানে আরও দুদিন। ক্রাইস্টচার্চে দু্ই দিনের প্রস্তুতি ম্যাচ দিয়েই অবশ্য শুরু হয়ে গেছে পরিবর্তনটা। রঙিন পোশাকের বদলে সাদা পোশাক উঠেছে ক্রিকেটারদের গায়ে। সেই প্রস্তুতিটা সর্বাঙ্গীণ সুন্দর হতে পারেনি বৃষ্টির কারণে। ব্যাটসম্যানরা তাঁদের চাওয়াটা পূরণ করতে পারলেও বোলাররা বোলিং করতে পেরেছেন মাত্র ১২ ওভার। সেই হতাশা পেছনে ফেলে আজ দুপুরে ক্রাইস্টচার্চ থেকে হ্যামিল্টনে এসেছে বাংলাদেশ দল।
ক্রাইস্টচার্চ থেকে ফ্লাইট ছিল সকাল ১১টায়। এক ঘণ্টা ২০ মিনিটের ফ্লাইটে অকল্যান্ড। বিমানবন্দরের বাইরেই অপেক্ষা করছিল বাস। ঘণ্টা দেড়েকের বাসযাত্রা শেষে বাংলাদেশ দল একেবারে হ্যামিল্টনে হোটেলের সামনে। যে হোটেল দলের অনেকেরই পরিচিত। হ্যামিল্টনে যতবার এসেছে, প্রতিবারই নভোটেল তানু্ই হোটেলে থেকেছে বাংলাদেশ দল। এবারও তা-ই। এই সফরে সব শহরে দুই দলের হোটেল মেলেনি। এখানে সেটিও মিলে গেছে। নিউজিল্যান্ড দলও আছে একই হোটেলে।
হ্যামিল্টনে টেস্ট ম্যাচ শুরু আগামী বৃহস্পতিবার। নিউজিল্যান্ডে খেলাটা বরাবরই বাংলাদেশের জন্য বড় এক পরীক্ষা। এবার সেই পরীক্ষাটা আরেকটু কঠিন। কারণ এবারের টেস্ট সিরিজটি তিন টেস্টের। । নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের তিন টেস্টের সিরিজ এই প্রথম। টেস্ট ক্রিকেটে প্রায় সোয়া ১৮ বছরেই যে অভিজ্ঞতা খুব বেশি হয়নি বাংলাদেশের। বড় পরীক্ষা, আবার কালেভদ্রে তিন টেস্টের সিরিজ আসে বলে বড় সুযোগও।