'পরে দেখলাম আমারটাই রেকর্ড!'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বিসিএলে পরশু ওয়ালটন মধ্যাঞ্চলের বিপক্ষে ৮০ রানে ৯ উইকেট পেয়েছেন সানজামুল ইসলাম। প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের বোলারদের মধ্যে যেটি ইনিংস-সেরা বোলিংয়ের রেকর্ড। কিন্তু স্কোর কার্ডে ভুল থাকায় বিসিবি উত্তরাঞ্চলের এই বাঁহাতি স্পিনার তাৎক্ষণিকভাবে জানতে পারেননি তাঁর রেকর্ডের কথা। চট্টগ্রাম থেকে কাল মুঠোফোনে সানজামুল বললেন তাঁর রেকর্ড নিয়ে। জানালেন স্বপ্ন আর লক্ষ্যের কথাও

l স্কোরকার্ডে ভুল থাকায় তাৎক্ষণিকভাবে রেকর্ডের কথা জানতে পারেননি। কী অনুভূতি হয়েছিল তখন?

সানজামুল ইসলাম: হ্যাঁ, শুরুতে জানতাম না। ৯ উইকেট পাওয়ার পর শুনলাম সজীব (সাকলাইন), রাজ (আবদুর রাজ্জাক) ভাইদের পরে আমি আছি। রানে পিছিয়ে থাকায় তাঁদের ছাড়াতে পারিনি। আজ (কাল) সকালে প্রথম আলোয় দেখলাম আমারটাই রেকর্ড!

l ৯ উইকেট পেয়েছেন। স্বাভাবিকভাবেই ভালো লাগা কাজ করবে। কিন্তু রেকর্ডটা গড়তে পারেননি, এটা জেনে কি আফসোস হচ্ছিল? 

সানজামুল: আফসোস ঠিক নয়। যা হয়েছে তাতেই খুশি। চিন্তাও করিনি ৯ উইকেট পাব। যখন বোলিং শুরু করেছি, ভেবেছিলাম একটা-দুইটা করে উইকেট পাচ্ছি, আগে পাঁচটা তো পাই। সেটা হলে চিন্তা করেছি উইকেট যত বাড়িয়ে নেওয়া যায়। এভাবেই নয়টা হয়ে গেছে। ফেসবুক-ফোনে সবাই আমাকে শুভেচ্ছা জানিয়েছে। কিন্তু তখনো জানতাম না রেকর্ড করেছি। আজ (কাল) সকালে জেনেছি, যেটা আপনাকে বললাম।

l সাকলাইন সজীবের ৮২ রানে ৯ উইকেটের রেকর্ডটা ভেঙে দিয়েছেন। তিনি কি শুভেচ্ছা বা কিছু বলেছেন এটা নিয়ে?

সানজামুল: না। মাঝে আমি একটা ম্যাচ খেলিনি। কদিন আগে সেটা নিয়ে আমার সঙ্গে ও মজা করছিল। তার সঙ্গে আমার সম্পর্কটা এমন। রাজশাহীতে একই জায়গায় আমাদের বাড়ি। নানা বিষয়ে দুজন ভীষণ মজা-রসিকতা করি। তবে এই ম্যাচে ভালো করার ওকে ফোন দেওয়ার সুযোগ পাইনি।

l শুনেছি চট্টগ্রামের উইকেটে ঘাস ছিল। স্পিনার হিসেবে সেখানে সাফল্য পাওয়ার রহস্যটা কী?

সানজামুল: আমরা যখন ৫০০ রান করলাম, ভেবেছিলাম এটা ব্যাটিং উইকেট। তবে সব বলেই কিন্তু রান হয়নি। ওভারে এক-দুইটা বল ভালো টার্ন করেছে। চেষ্টা করেছি গতিতে পরিবর্তন আনতে আর স্টাম্প টু স্টাম্প বোলিং করতে। উইকেটে ঘাস ছিল ঠিকই, তবে সব জায়গায় নয়। জাতীয় লিগে যতটা ঘাসের উইকেট দেখেছি, এটি তেমন নয়। উইকেট টার্ন পাওয়া যাচ্ছিল।

l কিছুদিন ধরে প্রথম শ্রেণির ক্রিকেটে খুব একটা সাফল্য পাচ্ছিলেন না। আগের তিন ম্যাচে পেয়েছেন ৩ উইকেট...।

সানজামুল: ওই তিন ম্যাচের দুটিই খেলেছি বগুড়ায়। বগুড়ার সবুজ উইকেটে স্পিনারদের সাফল্য পাওয়া কঠিন। পেসাররাই দাপট দেখিয়েছে সেখানে। ওখানে বোলিংও করেছি কম। ২-৩ বা ৫-৬ ওভার করে বোলিং করেছি।

l ঘরোয়া ক্রিকেটে প্রায় সাত-আট বছর কেটে গেছে। যাঁদের সঙ্গে শুরু করেছিলেন নাসির-সাব্বিররা এখন জাতীয় দলে খেলছেন। বাংলাদেশের হয়ে খেলার স্বপ্নটা নিশ্চয়ই দেখেন।

সানজামুল: হ্যাঁ, সব খেলোয়াড়ের মতো আমিও স্বপ্ন দেখি একদিন জাতীয় দলে খেলব। যেখানেই খেলি, চেষ্টা করি ভালো খেলার। ভালো খেললে একদিন সুযোগ নিশ্চয়ই আসবে।