'পাকিস্তানে ক্রিকেট ফিরবে '

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক ক্রিকেট দেশটিতে এখনো নির্বাসনে থাকলেও আস্তে আস্তে পাকিস্তানে সেটি ফেরানোর পথ তৈরি হচ্ছে। গত মার্চে কড়া নিরাপত্তার মধ্যে লাহোরে পিএসএলের ফাইনাল হয়েছে। আগামী সেপ্টেম্বরে বসতে যাচ্ছে আরও বড় আসর। বিশ্ব একাদশের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান দল। বিশ্ব একাদশে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি তামিম ইকবাল কাল বলেছেন, এ রকম একটি উদ্যোগ আরও আগেই নেওয়া উচিত ছিল।

মিরপুরে অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে তামিম ইকবালের সংবাদ সম্মেলনেই প্রসঙ্গক্রমে উঠে আসে বিশ্ব একাদশ বনাম পাকিস্তান ম্যাচ। তামিমের বিশ্বাস, ১২ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের এই আয়োজন পাকিস্তান সফলভাবে করতে পারলে সেখানে আবারও যেতে শুরু করবে আন্তর্জাতিক দলগুলো, ‘টেস্ট ক্রিকেটের ১০টি দেশ একটি পরিবারের মতো। পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে কাউকে না কাউকে তো সহায়তা করতেই হবে। আমার মনে হয়, এটা একটা চমৎকার ব্যবস্থা। এই জিনিসটা যদি সফলভাবে আয়োজন করতে পারে, সামনে দেখবেন অনেক আন্তর্জাতিক দল পাকিস্তানে যাচ্ছে। এটা একটা না একটা সময়ে শুরু হওয়ার দরকার ছিল। হয়তো আরও আগে হলে আরও ভালো হতো।’

বিশ্ব একাদশে দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসির নেতৃত্বে খেলবেন তামিম। এত বড় মঞ্চে খেলবেন, এটা ভেবেই দারুণ রোমাঞ্চিত বাংলাদেশের বাঁহাতি ব্যাটসম্যান, ‘প্রথমত এটা আইসিসি অনুমোদিত একটি টুর্নামেন্ট। ম্যাচগুলো আন্তর্জাতিক মর্যাদা পাবে। দ্বিতীয়ত আমার মনে হয়, বিশ্ব একাদশের প্রতিনিধিত্ব করা একটা বড় কথা। ওটার জন্য আমি গর্বিত।’