'পাগলা' এবার প্রতিপক্ষ অধিনায়ক

হোটেল সোনারগাঁওয়ে টিম মিটিং সেরে বেরোচ্ছিলেন ডেভ হোয়াটমোর। মাশরাফি বিন মুর্তজা ঢুকবেন সংবাদ সম্মেলনে। তখনই দুজন মুখোমুখি, যেন ‘আজ আবার সেই পথে দেখা হয়ে গেল’! ‘কী খবর পাগলা’—মাশরাফির দিকে হাতটা বাড়িয়ে দিলেন হোয়াটমোর। দুজনের মুখে বিস্তৃত হাসি। জানতে চাইলেন কুশলাদি।
হোয়াটমোরের সঙ্গে মাশরাফির সম্পর্ক যে বহু পুরোনো। ক্যারিয়ারের শুরুর দিকে হোয়াটমোরকে কোচ হিসেবে পেয়েছিলেন। দুজনের সম্পর্ক এতটাই গাঢ় ছিল, ২০০৬ সালের সেপ্টেম্বরে মাশরাফির বিয়ের দাওয়াত খেতে নড়াইল পর্যন্ত গিয়েছিলেন হোয়াটমোর।
সময়ের পরিক্রমায় দুজন এখন প্রতিপক্ষ। অবশ্য হোয়াটমোর-মাশরাফি একে অন্যের মুখোমুখি হয়েছেন আগেও। ২০১২ সালের মার্চে পাকিস্তান দলের দায়িত্ব পাওয়ার পরই এশিয়া কাপে এসেছিলেন বাংলাদেশে। মাশরাফিও তখন হাঁটুতে সপ্তম অস্ত্রোপচারের পর প্রায় এক বছর পর ফিরেছিলেন দলে। হোয়াটমোরের পাকিস্তানের কাছেই ফাইনালে বাংলাদেশ হেরেছিল ২ রানে। প্রথম যাত্রায়ই সাফল্য পেলেন, তাও আবার একসময়ের প্রিয় দলটার বিপক্ষে।
পাকিস্তানের কোচের দায়িত্ব ছেড়েছেন গত বছরের ফেব্রুয়ারিতে। একই বছরের ডিসেম্বরে কোচ হয়েছেন জিম্বাবুয়ের। হোয়াটমোর নিশ্চয়ই চাইবেন, এ বছর একের পর এক সিরিজ পরাজয়ের পর বাংলাদেশের বিপক্ষে দারুণ কিছু করতে। জিম্বাবুয়ের কোচের প্রেরণাতেও রয়েছে বাংলাদেশ। দীর্ঘদিন হারের বৃত্তে ঘুরতে থাকা বাংলাদেশকে জয়ের স্বাদ এনে দিয়েছিলেন হোয়াটমোরই। সেটাও এই জিম্বাবুয়ের বিপক্ষে। এবার তো এখানে এসেই বলে দিয়েছেন বাংলাদেশের বিপক্ষে একই সূত্র প্রয়োগ করতে চাইবেন।
মাশরাফি মানছেন হোয়াটমোর বাংলাদেশের অনেক কিছুই চেনেন-জানেন। তবে বাংলাদেশ অধিনায়কের কাছে বড় হয়ে উঠছে সময়ের পার্থক্য, ‘কোচ ও মানুষ হিসেবে তিনি অসাধারণ। তাঁর ক্রিকেট জ্ঞান অসাধারণ। তিনি একটা গুরুত্বপূর্ণ নিয়ামক তো অবশ্যই। তবে তিনি যখন বাংলাদেশের কোচ ছিলেন, তখনকার সময় আর এ সময়ের অনেক পার্থক্য। তখনকার সাকিব-মুশফিক-তামিম এখন অনেক পরিণত।’
অধিনায়ক হিসেবে এই প্রথম হোয়াটমোরের দলের বিপক্ষে খেলতে গিয়ে মাশরাফির ফিরিয়ে দেওয়ার আছে অনেক কিছুই। ২০১২ এশিয়া কাপের ফাইনালের ‘ক্ষত’টা পুষিয়ে নেওয়ার এই তো সুযোগ! জয়ই মাশরাফির কাছে শেষ কথা, ‘কোচ হিসেবে তাঁকে সম্মান করি। তবে স্বাভাবিকভাবেই তাঁর দলকে হারাতে চাইব।’