পারলে টেন্ডুলকারের সমালোচনা করো

একজন আধুনিক ক্রিকেটে ব্যাটিংয়ের শেষ কথা। আরেকজন ক্রিকেটের অন্যতম সেরা ফিনিশার। শচীন টেন্ডুলকার যেমন ব্যাটিংয়ে অবিশ্বাস্য সব রেকর্ড গড়ে নিজেকে অন্য এক উচ্চতায় তুলেছেন, ঠিক তেমনি ভারতীয় দলকে অসংখ্যবার কোণঠাসা অবস্থা থেকে ম্যাচ জিতিয়ে নিজেকে আলাদা একটা অবস্থানেই নিয়ে গেছেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু এই দুজনের মধ্যে তুলনা? এই দুঃসাহসই বা দেখিয়েছেন কয়জন! টেন্ডুলকার ও ধোনির খেলার ধরন আর ব্যক্তিত্বের তফাৎ এতটাই বেশি যে দুজনের মাঝে তুলনায় যাওয়াটাই তো বোকামি।
সাবেক প্রোটিয়া ব্যাটসম্যান গ্যারি কারস্টেন অবশ্য এই দুজনের তুলনায় গেছেন। কারস্টেনের অবশ্য সেই অধিকারটা আছে। ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপটা ভারত যে জিতেছিল তাঁরই প্রশিক্ষণে।
কারস্টেন তুলনায় গেছেন, তবে একটু অন্যভাবে। ধোনির প্রতি সমালোচকদের আচরণে কিছুটা বিরক্ত হয়েই তিনি ওয়ানডে অধিনায়কের তুলনা করেছেন টেন্ডুলকারের সঙ্গে। তিনি সরাসরিই প্রশ্ন রেখেছেন, যারা ধোনির এত সমালোচনা করছেন, তারা কি আদৌ টেন্ডুলকারের এমন সমালোচনা করতে পারতেন?
ব্যাটসম্যান হিসেবে পাওয়া সাফল্যই ধোনিকে ইতিহাসে জায়গা করে দিতে যথেষ্ট। কিন্তু ধোনি তো কেবল ব্যাটিং কিংবা ম্যাচ বের করিয়ে আনার অস্বাভাবিক ক্ষমতার জন্য বিখ্যাত নন। ধোনির খ্যাতি তাঁর অধিনায়কত্বকে ঘিরেও। এই উইকেটকিপার ব্যাটসম্যানের অধিনায়কত্বেই ক্রিকেটের সবগুলো বড় শিরোপা জিতেছে ভারত। কেবল স্বল্প দৈর্ঘ্যে পাওয়া সফলতাতেই সীমাবদ্ধ নেই ধোনির কৃতিত্ব। ভারত টেস্ট ক্রিকেটে এক নম্বর দল হিসেবে উঠে এসেছিল তাঁর অধীনেই। ভারতের অধিনায়কদের মধ্যে সাফল্যের দিক দিয়ে ধোনির ধারে কাছেও নেই কেউ। এমনকি টেন্ডুলকারের মতো খেলোয়াড়ও অধিনায়কের আসনে বসে মোটামুটি ব্যর্থতারই পরিচয় দিয়েছিলেন।
এই একটি দিক দিয়ে নিজের পূর্বসূরিদের চেয়ে যোজন যোজন এগিয়ে ধোনি। অথচ কিছুদিন সাফল্য না পেলেই তাঁর বিরুদ্ধে উঠে পরে লেগে যায় সবাই। ব্যাপারটা কারস্টেনকে পীড়া দিচ্ছে যথেষ্টই, ‘সেদিনও তো ধোনিকে অনেক বড় বড় শট খেলতে দেখলাম। শট গুলো কি মিডিয়া মেরে দিচ্ছে? কেন এ রকম একজন খেলোয়াড়কে (তাঁর অবস্থান থেকে) টেনে নামাতে চায় সবাই? ভারতের সর্বকালের সেরাদের একজন ধোনি। তাঁরা কি শচীনের এমন সমালোচনা করতে পারবে? ধোনির সঙ্গে অন্যায় করছে সবাই।’
অনেক বড় একটি সময় জুড়ে ধোনিকে কাছ থেকে দেখেছেন কারস্টেন। ধোনির প্রশংসাটা তাই তাঁর বাঁধভাঙা। একটি বাক্যেই তিনি বুঝিয়ে দিয়েছেন দলে ধোনির গুরুত্ব, ‘সে যদি দলে না থাকে তবে দক্ষিণ আফ্রিকান খেলোয়াড়েরাই সবচেয়ে বেশি খুশি হবে। কিন্তু তাঁর জায়গায় কাকে খেলাবেন আপনি? কোহলি তো তিনে খেলে। ধোনির ব্যাটিং গড়ের দিকে তাকান, প্রশ্নের উত্তর পেয়ে যাবেন সঙ্গে সঙ্গেই। আমি এ ধরনের কথাবার্তার কোনো মানে খুঁজে পাই না।’
প্রথম ওয়ানডেতে হারের পর ধোনির সমালোচনায় মেতেছিলেন অজিত আগারকার। এমনকি সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনও তাঁকে দল থেকে বাদ দেওয়ার দাবি তুলেছিলেন। কিন্তু দ্বিতীয় ওয়ানডের পর নিজের মতো করেই ধোনি সব সমালোচনার জবাব দিয়ে দিয়েছেন দারুণভাবেই। সূত্র: জি নিউজ।