'পুরস্কার' পেলেন মুস্তাফিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কঠিন তপস্যার পুরস্কার পেলেন মুস্তাফিজ। ছবি: এএফপি
কঠিন তপস্যার পুরস্কার পেলেন মুস্তাফিজ। ছবি: এএফপি

হাত ঘোরালেই উইকেট——আন্তর্জাতিক ক্রিকেটটা হয়তো বড় সহজ মনে হচ্ছিল তাঁর কাছে। তবে ‘গুরু’ রণদেব বসু সতর্ক করেছিলেন, সামনে কঠিন পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষায় অন্যতম অস্ত্র হবে ধৈর্য। সেই ধৈর্যের পুরস্কার অবশেষে পেলেন মুস্তাফিজুর রহমান। আজ প্রথমে আঘাত হানলেন ডি কককে সাব্বিরের ক্যাচ বানিয়ে। এর পর জেপি ডুমিনি আর রাবাদা। দুজনই ফিরলেন সেই বিষময় বিস্ময় অফ কাটারে।
এমন নয় যে ভালো বোলিং করছিলেন না। কিন্তু দক্ষিণ আফ্রিকা যে তাঁকে নিয়ে ভালো হোমওয়ার্ক করে এসেছে তা তাদের ব্যাটিং দেখেই বোঝা যাচ্ছিল। ক্যারিয়ারের প্রথম তিন ওয়ানডেতে পেয়েছিলেন ১৩ উইকেট। এমন কীর্তি আর কোনো বোলারেরই নেই। এর সঙ্গে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচটি ধরলে প্রথম চারটি আন্তর্জাতিক ম্যাচে পেয়েছেন ১৫ উইকেট। সেই তিনিই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা তিন ম্যাচে উইকেট পেলেন মাত্র একটি! ১৪ ওভার বোলিং করে ৭৯ রান দিয়ে একটি মাত্র উইকেট! বোঝাই যাচ্ছিল, তাঁকে নিয়ে কী পরিমাণ গবেষণা করেছে দক্ষিণ আফ্রিকা।
এখানেই ছিল মুস্তাফিজের আসল পরীক্ষা। প্রথম ওয়ানডেতে উইকেট না পেলেও সেই পরীক্ষায় তাঁকে লেটার নম্বর কিংবা ‘এ প্লাস’ দিতেই হবে। ৬ ওভার বোলিং করে দিয়েছেন মাত্র ১৫ রান। কিন্তু উইকেট না পেলে বোলারদের ওপর মানসিক চাপ তৈরি হয়। ১৯ বছরের মস্তিষ্ক সেই চাপের পরীক্ষাতেও উতরে গেলেন। আজও বোলিংটা করেছেন দুর্দান্ত। দক্ষিণ আফ্রিকার যাবতীয় সফটওয়্যার আর ভিডিও অ্যানালিস্টের গবেষণা করে দিলেন অকেজো!
প্রথম বল থেকেই মুস্তাফিজের বল ঝামেলায় ফেলছিলেন প্রোটিয়াদের। হাশিম আমলার মতো শুদ্ধ ক্রিকেটের পুজারিকেও নিজের বৈচিত্র্য দিয়ে বারবার পরাজিত করছিলেন। কিন্তু ভাগ্য আমলার পক্ষে থাকায় তার উইকেটটি পাওয়া হয়নি মুস্তাফিজের। অবশ্য আমলার পার্টনার কুইন্টন ডি কককে তুলে নিয়েছেন নিজের তৃতীয় ওভারের প্রথম বলেই। এর পর আমলা ও ফ্যাফ ডু প্লেসির সাবধানী ব্যাটিংয়ে মুস্তাফিজ প্রথম স্পেলে আর কোনো সাফল্যের দেখা পাননি। প্রথম স্পেল শেষ হয় ৫-০-১৭-১-এ।
দ্বিতীয় স্পেলে ফিরে এসে ও সেই পুরোনো মুস্তাফিজ। দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানদের রীতিমতো নাচিয়েছেন। বেহারডিয়েন এক ইনিংসেই কয়েকবার যেন আউট হলেন! অন্তত মানসিকভাবে। সেই দুর্বোধ্য অফ কাটার। ৩০তম ওভারে আক্রমণে এসে পরের ওভারেই আবারও পেলেন লাইন মেনে বল করে যাওয়ার পুরস্কার। তিন ওভারের এই স্পেলে মাত্র ৭ রান দিয়ে তুলে নিলেন ডুমিনির উইকেট। তৃতীয় স্পেলে এসে আবারও উইকেটের দেখা পেলেন মুস্তাফিজ। এবারের শিকার রাবাদা। তৃতীয় স্পেলটি একটু ‘খরুচে’। তবে স্লগ ওভার বিবেচনায় সেটি কিছুই নয়। ২ ওভারে ১৪ আর এমন কী! শেষ পর্যন্ত মুস্তাফিজের বোলিং ফিগার দাঁড়াল ১০-১-৩৮-৩।