'পৃথিবীতে ঘৃণার চেয়ে ভালোবাসাই বেশি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>ব্যাট হাতে ক্রিজে নামার সময় থেকে শুরু করে মাঠে যতক্ষণ থাকতেন, খেলোয়াড়ি জীবনে ভিভ রিচার্ডস সবকিছুতেই ছিলেন অনন্য। কিছুটা উদ্ধত ভঙ্গি, কিন্তু সেটিই যেন তাঁর সঙ্গে সবচেয়ে ভালোভাবে মানিয়ে যেত। খেলা ছেড়েছেন তো অনেক দিন আগে, তবু সর্বকালের সেরা ওয়ানডে ব্যাটসম্যান এখনো অনন্য। মানবিক চেতনায়, মানুষের প্রতি ভালোবাসায়। ভারতের দ্যটেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে উঠে এল ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তির মানবিক দিকটিই

*সব সময় যেন একটা অলৌকিক আভা আপনাকে ঘিরে থাকে। যার জন্য সৃষ্টিকর্তাকে সব সময় ধন্যবাদও দেন আপনি। যেভাবেই পারেন, তার কিছুটা ফিরিয়ে দিতে চাওয়ার এটাও কি একটা কারণ?

ভিভ রিচার্ডস: সৃষ্টিকর্তা সব সময়ই আমাকে সাহায্য করেছেন। যখন খেলতাম, মানুষ আমাকে উদ্ধত ভাবত। কিন্তু আমি আসলে একজন সহানুভূতিশীল মানুষ, যে অন্যদের জন্য কিছু করতে চায়। বাড়িয়ে বলতে চাই না, কারণ অ্যান্টিগা ও বারবুডায় গেলেই আমার কাজ দেখতে পাবেন।

* গত মাসে যখন অ্যান্টিগা গিয়ে দেখা গেল মানুষ কতটা সম্মান করে আপনাকে। সত্যিই অসাধারণ!

রিচার্ডস: আসলে ক্রিকেট-সংক্রান্ত কর্মকাণ্ডের বাইরে, আমার ফাউন্ডেশনের মাধ্যমে গৃহহীন কিছু মানুষকে সাহায্য করেছি। ঐতিহাসিক যে চার্চে আমি সব সময় যাই, সেটিতেও কিছু সহায়তা করেছি। ক্রিকেটের কথা বললে, কিছু ক্লিনিক ও সাহায্যকারী ক্লাব গড়ে দিয়েছি।

*সবাই তো আর তেমন কিছু করবে না। এ ক্ষেত্রে আপনি ভেতর থেকে কোনো আওয়াজ শুনতে পান?

ভিভ রিচার্ডস
ভিভ রিচার্ডস

রিচার্ডস: হয়তো সবাই এতটা ভাগ্যবান নয়। তাই যদি অন্যদের চেয়ে আপনার বাড়তি কিছু থাকে, সেটি যাদের নেই তাদের দিয়ে দিন। আমার বিশ্বাস এটাই। এবং আমি আমার বিশ্বাস মেনে চলি।
*ক্রিকেটের বাইরে আর কিছুর জন্যও কি লড়েছেন আপনি? কারণ, আপনাকে বিশেষ করে কৃষ্ণাঙ্গদের আদর্শ মানা হয়।
রিচার্ডস: এটা খুব গুরুত্বপূর্ণ যে, আমরা যারা বিভিন্ন ক্ষেত্রে সফল, যেন অসহায়দের পাশে দাঁড়াই। কারণ, তারা অনেক সমস্যার সঙ্গে লড়ছে। অনেকেই আছেন সাফল্য পেয়েছেন, তবু চুপচাপ। আমি অন্যকে সাহায্য করতে পছন্দ করি। এটা আসলে ব্যক্তিগত ব্যাপার।
* কখনো কোনো বৈষম্যের শিকার হয়েছেন?

রিচার্ডস: দেখুন, পৃথিবীতে ঘৃণার চেয়ে ভালোবাসাই বেশি আছে। যদি তেমনটা না হতো, আমাদের আরও বেশি সমস্যার মুখে পড়তে হতো।

* খেলাধুলার বাইরে, আপনার আদর্শ কারা?

রিচার্ডস: ডক্টর মার্টিন লুথার কিং, ম্যালকম এক্স, বব মার্লে। এঁদের সবাই কোনো-না-কোনোভাবে আমার ওপর প্রভাব রেখেছেন।

* যখন বোলারদের ‘অত্যাচার’ করতেন, তখনো কি কাউকে দেখে অনুপ্রাণিত হয়েছিলেন?

রিচার্ডস: মোহাম্মদ আলী...তিনি ছিলেন অবিশ্বাস্য, পুরো জাদুকরি। আলীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল তাঁর ইচ্ছাশক্তি। ইচ্ছাশক্তিই আরও দক্ষ হতে তাড়িত করে। তাঁর কাছ থেকেই এটা আমি শিখেছি। নিজের অভিজ্ঞতাও তা-ই।

* ইচ্ছাশক্তি আর দক্ষতার বাইরে একজন সফল খেলোয়াড় হতে আর কী কী লাগে?

রিচার্ডস: মাঝে মাঝে, ভাগ্য! আপনার হয়তো প্রতিভা আছে, তবু এমন হতে পারে যে আপনি সেটি দেখানোরই সুযোগ পেলেন না। তাই একভাবে দেখলে, সঠিক সময়ে সুযোগ পেতে আপনার ভাগ্যও লাগে। পাশাপাশি, যে প্রতিভা আছে সেটিকে ঠিকভাবে তুলে ধরতে পারার ক্ষমতা।

*আপনি অনেক বড় একটা নাম বলেছেন—আলী! কিন্তু আপনি নিজেও তো একজন সুপারস্টার।

রিচার্ডস: কখনো কখনো কেউ কেউ আমাকে সেটি বলে। তবে আমি নিজেই জানি না, এটা কী! সবার আগে আমরা মানুষ, এসব উপমা আসবে পরে। যদি কেউ আপনার মতো অবস্থানে না আসতে পারেন, আপনার উচিত তাঁকে সাহায্য করা।

* আপনি কি চান ক্রিকেটাররা আরও বেশি কিছু করুন? দাতব্য কাজের মাধ্যমে সমাজকে আরও বেশি কিছু দেন?

রিচার্ডস: যদি কেউ তেমন বড় অবস্থানে যেতে পারে, কেন নয়?

* কখনো রাজনীতিতে নামার কথা ভাবেননি?

রিচার্ডস: না, রাজনীতি পুরোপুরি ভরসার ব্যাপার। আর (রাজনীতিতে) আমি আশপাশে খুব বেশি ভরসা করার মতো মানুষ দেখি না। লোকজন আজ কিছু একটা বলে, পরের দিনই বলে তার চেয়ে সম্পূর্ণ বিপরীত কিছু। রাজনীতি আমার জন্য নয়।

* একটু বেশি ছাঁচাছোলা হয়ে গেল কি?

রিচার্ডস: চাইলে ওভাবে বলতে পারেন।

*৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জিতে গেলে কি একটু উদ্বিগ্ন হবেন?

রিচার্ডস: অবশ্যই! যখন আপনি কিছু নির্দিষ্ট জাতীয়তা ও কমিউনিটির মানুষকে নিষিদ্ধ করা বা তাড়িয়ে দেওয়ার কথা বলেন, সেটি সমাজের বিদ্যমান দূরত্বটাকে না কমিয়ে বরং আরও বাড়িয়ে দেয়। আমার মনে হয়, এমন কয়েকজন নেতাই আসলে সমস্যার কারণ। যদি আমি ভোট দিতে পারতাম, নিশ্চিতভাবেই হিলারি ক্লিনটনকে দিতাম। তাঁকে বরং বেশি দায়িত্বশীল মনে হয়।

* জীবনে কোনো কিছু নিয়ে অনুতাপ করেন?

রিচার্ডস: যদি অনুতাপের কথা ভাবেন, তাহলে এমন লাখ লাখ পাওয়া যাবে। যেখানে আছি, তাতে আমি খুশি, ভাগ্যবানও। অনুতাপ যা আছে, সেটি পৃথিবীতে যেসব নির্বোধের মতো ব্যাপার-স্যাপার হচ্ছে, তা নিয়ে। ঘৃণিত সন্ত্রাসী হামলাগুলো এর একটি। এটি শেষ হতে দেখতে চাই আমি, কম বয়সী তরুণ ছেলেমেয়েদের আর আত্মঘাতী বোমা হামলা করতে শুনতে বা পড়তে চাই না। সৌভাগ্যবশত, অ্যান্টিগা ও বারবুডাতে তেমন কোনো ঝামেলা নেই আমাদের। এখানে শান্তি আছে। (গত মাসেও একবার এই প্রতিবেদকের সঙ্গে কথা বলার সময় নাকি ভিভ রিচার্ডস বলেছিলেন, ‘এখনকার সময়ে নিষ্পাপ মানুষগুলোই দোষী ব্যক্তিদের অপরাধের শাস্তি পাচ্ছে।’)

* শেষ প্রশ্ন, নিজেকে কীভাবে স্মরণীয় করে রাখতে চান?

রিচার্ডস: (কিছুক্ষণ সময় নিয়ে) এমন একজন যে কিনা অন্য অনেকের চেয়ে অনেক বেশি ভালোবাসাপূর্ণ ছিল, যে মানুষকে সম্মান দেওয়ায় বিশ্বাস করত...যে সব সময় জানত সে কী বলতে চায় এবং নিজেকে মানুষের সামনে কীভাবে উপস্থাপন করতে চায়...এই তো!