'পৃথিবীর যেকোনো উইকেটে সাকিব ভালো'

বাংলাদেশের ক্রিকেটের বড় তিন তারকা—সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। এ ত্রয়ীর প্রতি দর্শকদেরও বিপুল প্রত্যাশা। তিনজন খেলেছেন দুটি করে বিশ্বকাপ—২০০৭ ও ২০১১। তবে বিশ্বকাপ মঞ্চে এ তিনের পারফরম্যান্স বড্ড ম্লান। অন্যদেরটা আহামরি না হলেও খ্যাতির বিচারে এঁদের সম্পর্কে এমন মনে হওয়াটা অস্বাভাবিক নয়।
সাকিব দুই বিশ্বকাপে ১৫ ম্যাচে ১৫ ইনিংসে ২৬.৪৬ গড়ে রান করেছেন ৩৪৪ রান, ফিফটি ৩টি। উইকেট ১৫টি। মুশফিক ১৫ ম্যাচে ১৪ ইনিংসে ২১.২০ গড়ে রান করেছেন ২১২। ফিফটি মাত্র ১টি। তামিমের পারফরম্যান্সও বলার মতো নয়। বাঁ-হাতি ওপেনারের ১৫ ম্যাচে ১৫ ইনিংসে ২১.৯৩ গড়ে ৩২৯ রান, ফিফটি ২টি।
পরিসংখ্যান যা-ই হোক, বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার পূর্ণ আস্থা এ তিনের ওপর। বললেন, ‘দেশের হয়ে তারা বহুদিন ধরেই পারফর্ম করছে। শুরু থেকেই তারা ভালো খেলছে। তবে খারাপ-ভালোর মধ্য দিয়েই একজন খেলোয়াড় যায়। এখন সময় এসেছে এ পর্যায়ে (বিশ্বকাপে) ভালো কিছু করা। ক্রিকেট দুনিয়া তাদের যেভাবে চেনে, সে অনুযায়ী যদি বিশ্বকাপেও ভালো করে, তবে নিজেদের অন্য উচ্চতায় নিয়ে যেতে পারবে। আমি মনে করি, দলের যতটুকু প্রয়োজন, তারা ততটুকু দিতে পারলেই হবে। অতিরিক্ত চাপ নেওয়ার দরকার নেই। বিশ্বকাপে ভালো করতেই হবে—এমন চিন্তা থাকা ভালো। তবে এসব ভেবে অতিরিক্ত চাপ নেওয়া যাবে না।’
বিশ্বকাপ দলে ব্যাটিংয়ে মুশফিক ও বোলিংয়ে সাকিবকেই সেরা মানলেন মাশরাফি, ‘ব্যাটিংয়ের ক্ষেত্রে আলাদাভাবে বললে মুশফিক, বোলিংয়ে সাকিব। আমার বিশ্বাস, পৃথিবীর যেকোনো উইকেটে সাকিব ভালো বল করতে পারে। হয়তো সব কন্ডিশনে স্পিন হয় না। সেটা ব্যাপার নয়। তবে পৃথিবীর যেকোনো উইকেটে সে ভালো বোলার। এ ছাড়া রিয়াদ (মাহমুদউল্লাহ) ফর্মে এসেছে। তবে র্যাঙ্কিং দিয়ে আমি একজন খেলোয়াড়কে বিচারের পক্ষপাতী নই। তবে দলের র্যাঙ্কিং অনেক গুরুত্বপূর্ণ। কারণ, একজন খেলোয়াড়ের হয়তো আজ ভালো পারফর্ম করছে। কিন্তু বিশ্বকাপে কিছুই করতে পারল না। তবে দল ভালো কিছু করতে পারলে মানুষ আজীবন সেটাই মনে রাখে। এ কারণে দলীয় সাফল্যটা অধিক গুরুত্বপূর্ণ।’