'প্রজাপতি' ডানা মেলে চূড়ায় উঠেছিল এই দিনে

ম্যাথু হেইডেন জানতেন। কেউ পারলে ব্রায়ান লারাই পারবে। বিশ্বাস ছিল আমজনতারও। সম্ভবত তাঁর ব্যাটিং সৌন্দর্যের প্রতি দুর্বলতা থেকে। সেই সময় বাইশ গজের বাগানে নানা পদের ফুলে (পড়ুন উইকেটে) ঘুরে ঘুরে মধু (পড়ুন রান) আহরণের সৌন্দর্যে তাঁর জুড়ি মেলা ভার ছিল। সবার এই বিশ্বাসকে লারা শুধু বাস্তবে অনূদিত করেছিলেন আজ থেকে ১৬ বছর আগে।
শুধু—বললে ভুল হবে। একটু কল্পনার আশ্রয় নেওয়া যাক। বল খেলার আগে লারার শরীরের চকিত নড়াচড়া, এরপর উঁচু ব্যাকলিফট (ব্যাট তোলা)—এই পর্যন্ত মুহূর্তকে প্রজাপতির ডানা তোলার সঙ্গে মেলানো যায়। স্ট্রোক খেলে যখন ফলো–থ্রু শেষ করেন, তখন ডানা নামানো—আর এই পুরো ব্যাপারটি মিলিয়েই প্রজাপতির ডানা ঝাপটানো। তা দেখতে রাহুল দ্রাবিড় পয়সা খরচ করতেও রাজি ছিলেন। তাতে দর্শকদেরও আপত্তি থাকার কথা নয়। চোখজুড়ানো ব্যাটিং তো সব সময় মেলে না! আর এমন ব্যাটিং যদি ঘন্টার পর ঘণ্টা দেখার সুযোগ মেলে তাহলে তো পোয়াবারো! অ্যান্টিগার সেন্ট জনসে লারা সেদিন দেখিয়েছিলেন প্রায় পোয়া ‘তেরো’!
তেরো কেন, সে কথায় পরে আসা যাবে। আগে ক্যারিবীয় প্রজাপতির প্রিয় ফুলকে চিনে নেওয়া যাক—অ্যান্টিগার সেন্ট জনস মাঠ। এই মাঠে তিনি একবার বসলে (পড়ুন ব্যাটিং করলে) ব্যাট–বলের সর্বোচ্চ পরাগায়ন না করে ছাড়েননি। ১৯৯৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে সেই সেন্ট জনসে ৩৭৫ রানের বিশ্বরেকর্ড গড়েছিলেন লারা এই এপ্রিলে। ৯ বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে লারার রেকর্ড কেড়ে নেন হেইডেন। এরপর ছয় মাসও কাটেনি। ওই সেন্ট জনসেই টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের (৪০০*) রেকর্ড নতুন করে লিখিয়েছিলেন লারা—সেই ইংল্যান্ডেরই বিপক্ষে, এই এপ্রিলে!

১৯৯৪ সালের সেই সিরিজে ধবলধোলাই এড়াতে পেরে সুখি ছিল ইংল্যান্ড। ১০ বছর পরের সিরিজে ইংল্যান্ডের জায়গায় ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয় ক্রিকেটের এই বিবর্তনের মাঝে শুধু লারাই ছিলেন ধ্রুবক—আর তাই ৩৭৫ ও ৪০০ রানের দুটি ইনিংসের প্রেক্ষাপটও ছিল ভিন্ন। প্রথম রেকর্ড গড়ার সময় লারা ছিলেন ফিল সিমন্স, অ্যামব্রোস, ওয়ালশদের মতো সিনিয়রদের ছায়া। পরের রেকর্ডটি ছিল পতন্মোমুখ একটি দলের হয়ে বড় ইনিংস খেলার ক্যানভাস। এমন ব্যাটসম্যানশিপ ধারণ করতে পারা চাট্টিখানি কথা না।
পঁয়ত্রিশ বছরে পা রাখি রাখি অবস্থায় চার শ–র সেই চূড়ায় উঠেছিলেন লারা। বিতর্কের ধোঁয়া উঠছিল চারপাশে। আগের তিন টেস্ট মিলিয়ে করেছিলেন মাত্র ১০০ রান। নেতৃত্ব যায় যায় অবস্থা। সাহসের পাঁচন দিয়েছিলেন ভিভ রিচার্ডস, তুমি নিজেকে এভাবে অপমানিত করতে পারো না। ওদিকে লারার জন্য জমে যাওয়ার মতো নম্র–ভদ্র বাইশ গজ তৈরি করে রেখেছিলেন অ্যান্ডি রবার্টস। ভাগ্যও সুপ্রসন্ন ছিল, জিতলেন টস নিলেন ব্যাটিং। বাকিটা ইতিহাস।
ক্রিস গেইল সুর বেঁধে দিয়ে লাঞ্চের আগে ফিরে যান। ভোজবিরতির পরই নামার কথা ছিল লারার। কিন্তু ঝড় ওঠায় দেরি হয়। ঝড় শেষে উঠল আরেক ঝড়, বলা ভালো প্রজাপতির নাচন। শুরুতে তাল ছিল না। চতুর্থ বলে বিপদ হয়েছিল স্টিভ হার্মিসনের বলে। ড্যারিল হেয়ার সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন। এই ড্যারিল হেয়ার আম্পায়ার ছিলেন লারার ৩৭৫–এর মহাকাব্যেও। মরা উইকেটে বলের গতির সঙ্গে হাত–চোখের সমণ্বয় একবার ঠিক করে নেওয়ার পর সেদিন লারা ফিরে গিয়েছিলেন নিজের যৌবনে।
হগার্ড, হার্মিসন, ফ্লিনটফদের হুল ভেঙেছেন এক এক করে। গ্যারেথ ব্যাটি ও ভনের স্পিনকে স্রেফ ছেলেখেলায় পরিণত করেছিলেন এভাবে—ডিপ মিডউইকেট, কভার বা স্ট্রেট খালি রেখে লারাকে তুলে খেলার লোভ দেখিয়েছেন তারা। লারা এসব জায়গায় খেলেছেন ইচ্ছেমতো, কখনো সামনে গিয়ে, কখনো মুড়মুড়ে ড্রাইভে। নিচে খেলেছেন বেশি। মানে ব্যাটিংয়ের মৌলিক বিষয়াদি ঠিক রেখে মজা করা আরকি! উইজডেনে লেখা হয়েছিল, লারা সেদিন অসংযত সুন্দর ব্যাটিংয়ের চেয়ে হিসেবি ছিলেন বেশি। মনের মধ্যে হেইডেনের রেকর্ড ভাঙার পণ ছিল বলেই কী!

কিছু একটা তো ছিলই। প্রথম দিন শেষে অপরাজিত ছিলেন ৮৬ রানে। দ্বিতীয় দিন শেষে ৩১৩! ইংলিশ ক্রিকেটার গ্রাহাম থর্পের কাছে পরে স্বীকার করেছিলেন লারা, ওই ইনিংস খেলার সময় রাতে তাঁর ঘুম হতো না। রবাটর্সের উইকেটে হগার্ড–ফ্লিনটফ–জোনসরা সব রকম চেস্টাই করেছিলেন। বল তোলা থেকে সিম মুভমেন্ট আরও কত কী! কিন্তু ব্যাটসম্যানরা জোন এ ঢুকে পড়লে লাল বলটার আয়তন এমনিতেই বড় হয়ে যায়(!)। বলটা দেখা যায় ফুটবলের মতো। সঙ্গে যোগ করুন লারার চকিত টাইমিং, ফুটওয়ার্ক, সেটি ঠিকঠাকমতো না হলে শুধু নিচু মাথার অবস্থান আর মিডলিং দিয়েই সীমানা পার করেছেন বলকে। বড় ইনিংস খেলতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, জমাট ডিফেন্স—সেটি তো ছিলই চীনের প্রাচীর কিংবা তাঁর মনের ধর্নুভঙ্গ সংকল্পের মতো।
সুবিধা করে দিয়েছিল ইংল্যান্ডও। পেটের পীড়ায় ১৮ ওভারের বেশি বল করতে পারেননি হগার্ড। ৩৭ ওভার বোলিংয়ের পর হার্মিসনকে নিষিদ্ধ করেন আম্পায়ার, কয়েকবার উইকেট মাড়ানোর অপরাধে। লারার রানক্ষুধা মেটাতে ছিলেন শুধু গ্যারেথ ব্যাটি, ট্রেসকোথিক, ভন ও সাইমন জোনস। তৃতীয় দিন মধ্যাহৃভোজের ২০ মিনিট আগে ব্যাটিকে ভিভ রিচার্ডস প্যাভিলিয়নে উড়িয়ে মেরে হেইডেনকে ছুঁয়ে ফেলেন লারা (৩৮০)। পরের বলে চার মেরে পুনরুদ্ধার করেন রেকর্ড। হেইডেন মাত্র ১৮৫ দিন দখলে রাখতে পেরেছিলেন। মধ্যাহ্নভোজের পর ব্যাটির বলে সিঙ্গেল নিয়ে ছুঁয়ে ফেলেন ৪০০! ধারাভাষ্যকারের কণ্ঠে কাঁপুনি, ‘টেস্ট ক্রিকেটের ইতিহাসে সম্ভবত এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ১ রান।’

হেইডেন ফোন করে অভিনন্দন জানিয়েছেন লারাকে। চারপাশ থেকে স্তুতির বৃষ্টি শুরু হলেও এর মধ্যে শিলও পড়েছে। স্বার্থপরের মতো খেলেছেন এমন অভিযোগ উঠেছিল। ‘আমরা এভাবে খেলি না। প্রথম ইনিংসটা শুধু একজনকে ঘিরে আবর্তিত হয়েছে। সেজন্য টেস্ট ছাড়তেও কার্পণ্য করেনি তারা। অস্ট্রেলিয়া দল এভাবে খেলে না’—বলেছিলেন রিকি পন্টিং। কিন্তু ২ মিনিট কম ১৩ ঘন্টা (পোয়াতেরো) ধরে ব্যাট করে ৫৮২ বলের মোকাবিলায় (৪৩টি চার ও ৪টি ছক্কা) অমন ইনিংস যে হরহামেশা খেলা যায় না তা মেনে নিয়েছিল ক্রিকেট বিশ্ব। প্রয়াত ধারাভাষ্যকার ও সাবেক ক্রিকেটার টনি গ্রেগ বলেছিলেন আসল কথা, ‘এত সময় ধরে ব্যাট করায় প্রশংসা করতেই হচ্ছে। রেকর্ড ভাঙার পণ করেই সে নেমেছিল। তা না পাওয়া পর্যন্ত খেলে গেছে।’
পরে কাউড্রে লেকচারে লারা ইনিংসটি নিয়ে মজা করেছিলেন ভনের সঙ্গে। সে ম্যাচের ইংল্যান্ড অধিনায়কের উদ্দেশে ‘প্রিন্স অব ত্রিনিদাদ’ বলেছিলেন, ‘ভনকে জিজ্ঞেস করলে সে বলবে, ওটা ক্যাচ ছিল (হার্মিসনের বলে)। ভন এখানে (কাউড্রে লেকচার) থাকলে বলতাম, সিরিজে তো এগিয়ে ছিলে। আমার ৪০০ পেতে তোমাদের মাত্র কয়েকটা দিন রোদের মধ্যে খাটতে হয়েছে, এটা কোনো ব্যাপার না।’ ভন পরে বলেছিলেন, ‘লারা যে কোনো অধিনায়ককে গাধা বানাতে পারে। ফিল্ডার মিড অফে তুলে আনলে সে ওপর দিয়ে মারে। মিড অন তুলে আনলেও তাই। পয়েন্ট সামনে টেনে আনলে তুলে খেলে।’
সেই ম্যাচে ৩৯০ রানে থাকতে লাঞ্চ বিরতিতে যাচ্ছিলেন লারা। ধারাভাষ্যকার ও সাবেক ব্যাটসম্যান ডেভিড গাওয়ার পথ আটকে নৈবদ্য দিয়েছিলেন লারাকে, ‘ধন্যি তোমার ব্যাটিং সামর্থ্য, তোমার ব্যাট করার ইচ্ছা! লারা অনেক কথার মাঝে আলাদা করে শুধু বলেছিলেন, ভীষণ ক্লান্তিকর, ভীষণ। তবে অনুভূতিটা অসাধারণ।’
সে তো বটেই। প্রজাপতি ফুলে বসে মধু সংগ্রহ করে ধ্যানমগ্ন ঋষির (ডিফেন্স) ন্যায়। কখনো ডানা ঝাপটায় (স্ট্রোক) কখনো একটু উড়ে (ডাউন দ্য উইকেট) আবারও বসে। কষ্টার্জিত মধু আহরণ শেষে যখন উড়াল দেয় তখন মুগ্ধ প্রকৃতিপ্রেমী হয়তো অস্ফুটেই বলে ফেলেন, যাহ, উড়ে গেল!
লারার সেই ইনিংস শেষে অনেকেরই কী তেমন লেগেছে? মন কেমন করার অনুভূতির পুরো চিত্রটা তো কখনো মেলে ধরা যায় না। শুধু এটুকু বেরিয়ে আসে, আজ থেকে ১৬ বছর আগে এই দিনে!