'প্রতিটি সুযোগই আমরা নিতে চাই'

ইংল্যান্ডকে বধ করে বাংলাদেশ দল উঠে গেছে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। তবে এ ম্যাচে প্রাপ্তি ১৫ রানের জয়ই শুধু নয়, কঠিন পরিস্থিতি থেকেও সাফল্যের পথে কীভাবে হাঁটতে হয়, অর্জিত হলো সে অভিজ্ঞতাও। ম্যাচ শেষে অ্যাডিলেড ওভালের সংবাদ সম্মেলনে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার কণ্ঠে তাই শোনা গেল আরও সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় —
বাংলাদেশের প্রায় সবগুলো বড় জয়েই আপনি দলে ছিলেন।সেগুলোর সঙ্গে তুলনা করে এটাকে কোথায় রাখবেন? এটাই কি আপনার সেরা?
মাশরাফি: কোনো জয়কেই ছোট করা কঠিন। আর বাংলাদেশের জন্য একেকটা জয় এমন সময় এসেছে যে সবগুলো জয়ই আমাদের জন্য দারুণ আনন্দদায়ক ছিল। তবে এই জয়টাকে অবশ্যই আলাদা বলব, কারণ এটা বিশ্বকাপের মতো টুর্নামেন্টে। যাঁরা আসলেই ক্রিকেট বোঝেন, তাঁরা জানেন, হয়তো আশা করে ছিলেন সবাই, তার পরেও মনের ভেতরে একটা ভয় কিন্তু ছিল যে আমরা পারব কি না। তো সেই জায়গা থেকে আমি বলব, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। বিশেষ করে যে চারটা দলের সঙ্গে আমরা গ্রুপে খেলছি, গ্রুপটা কিন্তু অনেক কঠিন ছিল। আমি বিশেষ ধন্যবাদ দিতে চাই সব কোচিং স্টাফকে। বিশ্বকাপের এক-দেড় মাস আগে থেকে তাঁরা আমাদের নিয়ে যে পরিশ্রম করেছেন, যেভাবে অনুশীলন করিয়েছেন, সেটা আসলেই দারুণ। ছেলেরাও খুবই মনোযোগ দিয়ে অনুশীলন করেছে। সব মিলিয়ে আসলেই দারুণ মুহূর্ত।
মাহমুদউল্লাহ আর মুশফিকের জুটিটার মূল্যায়ন?
মাশরাফি: মুশফিকের কথা আগে বলি। প্রতিটি ম্যাচেই ও খুব ভালো খেলছে। দারুণ ফর্মে আছে। প্রতিটি ম্যাচেই ও খুব কঠিন সময়ে ব্যাট করতে যাচ্ছে এবং রান করছে। আর মাহমুদউল্লাহকে আমি অনুশীলনে সব সময় দেখেছি খুব কঠিন পরিশ্রম করে। ওর মনোযোগ এখন ভালো জায়গায় আছে। আমি মনে করি পরিশ্রমের ফল পাচ্ছে সে। আজকে (কাল) ওর ইনিংসটা আমার দেখা সেরা। শুধু বাংলাদেশের হয়ে নয়, আমার দেখা অন্যতম সেরা ইনিংস। বল যে রকম সুইং করছিল, সেই অবস্থায় ৮ রানে ২ উইকেট চলে যাওয়ার পর ব্যাট করা আসলে সহজ নয়, বিশেষ করে ইংল্যান্ডের মতো বোলিং আক্রমণের বিপক্ষে। আমি ওকে বিশেষ ধন্যবাদ দিতে চাই সেঞ্চুরির জন্য।
মাহমুদউল্লাহ যে এত শুকিয়ে গেল, আপনার কি অবাক লাগছে?
মাশরাফি: ও তো অনেক পরিশ্রম করেছে। প্রায় ১০-১২ কেজি ওজন কমিয়েছে। হয়তো ওর স্ত্রীও প্রেশার দিয়েছে শুকানোর জন্য (হাসি)।
শেষ দিকে দেখা গেল সাকিব বোলারদের সঙ্গে কথা বলছেন, ফিল্ডিং সাজাচ্ছেন।আপনার কোনো সমস্যা ছিল?
মাশরাফি: না, ঠিক ছিলাম। আমি আসলে স্কয়ার লেগে ছিলাম। সাকিবকে বলে দিয়েছিলাম বোলারের সঙ্গে কথা বলতে। কারণ, ততক্ষণে আমরা ওভার রেটে পিছিয়ে পড়েছি। আপনারা হয়তো জানেন না, স্লো ওভার রেটের কারণে আজ আমার ম্যাচ ফির ৪০ ভাগ জরিমানাও হয়েছে। অন্যদের ২০ ভাগ। আমরা দুই ওভার পিছিয়ে ছিলাম। তো যাতে তাড়াতাড়ি করা যায়, সে জন্য সাকিবকে বলে দিয়েছিলাম বোলারের সঙ্গে কথা বলে ফিল্ডিং সাজাতে।
ইংল্যান্ড তো এখনো বাংলাদেশকে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে আমন্ত্রণ জানায় না।আপনি কি মনে করেন আজকের পরে তারা এটা নিয়ে ভাববে?
মাশরাফি: দেখুন, এটা তো ইংল্যান্ডের সমস্যা। কারা আমন্ত্রণ জানাবে আর কারা জানাবে না, এটা তাদের ব্যাপার। আমরা তো কোনো দলের কাছে নিজেদের ভালো প্রমাণ করতে আসিনি। এটা প্রমাণের কিছু নেই। আমরা ভালো খেললে এটা এমনিতেই প্রমাণিত হবে। আমি গর্বিত যাদের সঙ্গে খেলছি তাদের নিয়ে। আমরা দেশের হয়ে খেলতে এসেছি। প্রতিটা জয়ে আমরা গর্বিত হই। আমাদের চেয়ে বেশি গর্বিত হয় দেশের মানুষ।
পরের ম্যাচটা জিতলে তো গ্রুপে তৃতীয় হওয়ার একটা সুযোগ থাকছে।এই জয় কি সেটার জন্য অনুপ্রেরণা জোগাবে?
মাশরাফি: অবশ্যই। প্রতিটি সুযোগই আমরা নিতে চাই। বিশ্বকাপে কেউই হারতে চায় না, সেখানে প্রতিপক্ষ যে দলই হোক। আমরা আমাদের সেরা প্রস্তুতিটাই নেব। বিশেষ করে আমাদের বোলাররা, ব্যাটসম্যানরা যে ছন্দটা পেয়েছে, সেটা ধরে রাখতে চেষ্টা করব।
আমাদের পেস বোলাররা যতটুকু সমর্থন পাওয়া উচিত বোর্ডের কাছ থেকে সেটা কি পায়? বিশেষ করে দেশে যখন খেলা হয় তখন তাদের জন্য উইকেট তৈরির বেলায়।যদি না পায় তাহলে আপনার কি মনে হয় এখন সময় তাদের সেই সমর্থনটা দেওয়ার?
মাশরাফি: সবারই একটা ধারণা তৈরি হয়ে গেছে যে আমরা স্পিননির্ভর দল। আমাদের স্পিন দিয়েই কিছু একটা করতে হবে। তবে আমার মনে হয় এটা নিয়ে ভাবা উচিত। হ্যাঁ, প্রতিটি দলেরই একটা শক্তির জায়গা থাকে। আমাদের যেমন স্পিন। এটা বদলানো কঠিন। তবে পাশাপাশি পেস বোলারদের কথাও মনে হয় ভাবা উচিত। অন্তত কিছু উইকেট যদি থাকে, যেখানে বল করতে গেলে পেসাররা ভাববে এখানে আমরা কিছু করতে পারব। কারণ, আত্মবিশ্বাসও তো একটা বড় ব্যাপার।
ব্যাটিংয়ে শুরুতে উইকেট চলে যাওয়ার পর মুশফিক-মাহমুদউল্লাহর জুটি, কিংবা শেষের দিকে ম্যাচটা যখন ইংল্যান্ডের দিকে ঝুঁকে গেল তখন রুবেলের এমন বোলিং—এ থেকে কি প্রমাণিত হয় বাংলাদেশের পেশাদারি আগের চেয়ে বেড়েছে?
মাশরাফি: অবশ্যই। আমাদের দলটা আগের চেয়ে অনেক পেশাদার। সবাই বুঝতে শিখেছে এ ধরনের ম্যাচে কীভাবে পারফর্ম করতে হয়, কীভাবে নিজেকে মেলে ধরতে হয়। এটা ধরে রাখতে পারলে সামনে আমরা আরও অনেক বড় জয় পাব।