'প্রতিভা অনুযায়ী খেললে সে তামিমের সঙ্গী থাকতে পারত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা প্রিমিয়ার লিগে ধারাবাহিক ভালো খেলছেন লিটন। ছবি: প্রথম আলো
ঢাকা প্রিমিয়ার লিগে ধারাবাহিক ভালো খেলছেন লিটন। ছবি: প্রথম আলো

গত কিছুদিন সংবাদমাধ্যমকে এড়িয়ে চলছেন লিটন দাস। একবার খুব অনুরোধ করলে বাংলাদেশ দলের এই উইকেটকিপার ব্যাটসম্যান একটা প্রবাদ মনে করিয়ে দিয়ে বলেছিলেন, ‘বৃক্ষ তোমার নাম কী, ফলে পরিচয়। ফল দিই, তারপর না হয় কথা বলব।’ লিটন ‘ফল’ দিচ্ছেন। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে রানের বন্যা বইয়ে। 

১১ ম্যাচে ২ সেঞ্চুরি ও ৪ ফিফটিতে ৬৬৩ রান করে লিটন আছেন সবার ওপরে। আবাহনীর এই ওপেনারের গড় ৬০.৭৮, স্ট্রাইকরেট ১০৯.০৪। ঘরোয়া ক্রিকেটে রানের প্লাবন বইয়ে দেওয়া লিটনের কাছে যদিও নতুন নয়। কিন্তু ঘরোয়া ক্রিকেটের সাফল্য আন্তর্জাতিক ক্রিকেটে কেন অনুবাদ করতে পারেন না ২২ বছর বয়সী এই ব্যাটসম্যান? এটা ঠিক, আন্তর্জাতিক ম্যাচ খুব বেশি খেলেননি। তবে যতটুকু সুযোগ পেয়েছেন, ভালো খেলে দুটির গড়ে নিশ্চয়ই সামঞ্জস্য আনতে পারতেন।
আরও অনেক ক্রিকেটারের মতো লিটনও দুঃসময়ে শরণ নেন নাজমুল আবেদীনের। বিসিবির এই ন্যাশনাল গেম ডেভেলপমেন্ট ম্যানেজারের তাই ভালোভাবেই চেনা লিটনকে। ঘরোয়া আর আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর পারফরম্যান্সের অদ্ভুত বৈপরীত্যের কিছু কারণ খুঁজে পেয়েছেন নাজমুল, ‘যেভাবে খেলতে অভ্যস্ত, অনেকে আন্তর্জাতিক ক্রিকেটে সেটায় পরিবর্তন আনার চেষ্টা করে। মনে হয় একটু অন্যভাবে খেলার চেষ্টা করেছে সে। হয়তো বেশি সাবধানী হতে চেয়েছে। রান করতেই হবে, এমন ভাবনা কাজ করেছে। সহজাতভাবে ও প্রচুর শট খেলতে অভ্যস্ত। সব ধরনের শট খেলে। আর আন্তর্জাতিক ম্যাচে এক-দুই ম্যাচে ব্যর্থ হলে নানা কথা ওঠে। এতে আত্মবিশ্বাস নড়ে যায়।’
অফ সাইডে লিটনের দুর্বলতা আছে, মাঝে এমন কথাও উঠেছিল। নাজমুল অবশ্য তা মনে করেন না, ‘আমার মনে হয় সব দিকেই সে খেলতে পারে। আন্তর্জাতিক ক্রিকেটে খুব বেশি বাজে বল পাওয়া যায় না। ওখানে একটু মানিয়ে নিতে হয়। সব সময়ই স্ট্রোক খেলা সম্ভব হয় না। এটা বোঝার ব্যাপার আছে।’
ঢাকা প্রিমিয়ার লিগে অনেক দিন ধরে আবাহনীর সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন লিটন। দলের কোচ হিসেবে কাছ থেকে তাকে দেখছেন খালেদ মাহমুদ। আন্তর্জাতিক ক্রিকেটে লিটনের ব্যর্থতা নিয়ে বাংলাদেশ দলের সাবেক এই অলরাউন্ডারের পর্যবেক্ষণ, ‘আন্তর্জাতিক ক্রিকেট কঠিন এক জায়গা। চাইলে নিজের মতো খেলতে পারবেন না। সেখানে ভালো মানের বোলার থাকে। উইকেট-কন্ডিশন অনেক সময় ভিন্ন থাকে। আর ক্রিকেটে ভাগ্যের সহায়তাও দরকার। যখন সে ভালো খেলেছে, চোটে পড়েছে। শ্রীলঙ্কায় (গল টেস্টে) ভালোই খেলছিল। দুর্ভাগ্য, চোটে পড়ে বাদ পড়েছে।’
ঘরোয়া ক্রিকেটে যেভাবে দ্যুতি ছড়াচ্ছেন, ছন্দটা ধরে রাখলে আবারও জাতীয় দলে ঠাঁই পাওয়াটা কঠিন কিছু নয় লিটনের জন্য। কিন্তু সুযোগ পেলে আন্তর্জাতিক ক্রিকেটে একইভাবে আলো ছড়াতে পারবেন?
সাফল্য পেতে নাজমুল কিছু উপায় দেখিয়ে দিচ্ছেন লিটনকে, ‘ঘরোয়া কিংবা আন্তর্জাতিক ক্রিকেট, যে যেভাবে খেলে অভ্যস্ত তাকে সেভাবেই খেলা উচিত। খেলায় পরিবর্তন আনলে অনেক সময় ব্যর্থ হওয়ার আশঙ্কা থাকে। এখন সে ভালো ছন্দে আছে। সামনে যদি আন্তর্জাতিক ম্যাচে সুযোগ আসে ছন্দটা টেনে নিতে হবে। নিজের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে এখন হয়তো সে তামিম ইকবালের ওপেনিং পার্টনার থাকতে পারত। বিষয়টা হয়তো বুঝতে পেরেছে। এখন তাই সে ধারাবাহিক ভালো খেলছে।’
এবারের প্রিমিয়ার লিগে লিটনের মধ্যে কিছু পরিবর্তন দেখেছেন খালেদ মাহমুদ। আবাহনীর এই কোচের আশা, ব্যর্থতা ভুলে লিটন নিজেকে এগিয়ে নেবেন আরও অনেক দূর, ‘মানসিকতায় পরিবর্তন আনা খুব গুরুত্বপূর্ণ। প্রিমিয়ার লিগে প্রতি ম্যাচে ওর স্ট্রাইকরেট ১০০-এর ওপরে। শুরুতে ৩০-৪০ করে আউট হচ্ছিল। প্রথম চার ম্যাচ পর ওকে বললাম, তুই দু-তিনটা সেঞ্চুরি হাতছাড়া করে এসেছিস। বিষয়টা সে উপলব্ধি করেছে। পরের ম্যাচগুলোয় উইকেট থেকেছে, ইনিংস বড় করেছে। ভালো বল ছেড়েছে। বাজে বল মেরেছে। ওর বয়সও তো বেশি নয়, ২২-২৩। ধীরে ধীরে আরও পরিণত হবে। এখনো যে তাকে অনেক দূর যেতে হবে।’
ব্যর্থতা থেকে সবাই শেখে। লিটনও নিশ্চয়ই শিখছেন, পেছনের ব্যর্থতা ভুলে সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন।