'প্রতিশোধ' নেওয়া হলো না বাংলাদেশের
ভারত-বাংলাদেশের শক্তি-সামর্থ্য ও র্যাঙ্কিংয়ে প্রায় কাছাকাছি। আনুষ্ঠানিকতার এই ম্যাচ এক অর্থে দুই দলের ছিল মর্যাদার লড়াই। এই লড়াইয়ে জিততে চেয়েছিলেন বাংলাদেশের কোচ লোডভিক ডি ক্রুইফ। বলেছিলেন, ‘ছেলেরা প্রতিশোধ নিতে উন্মুখ’। সেই ‘প্রতিশোধ’ নেওয়া হলো কোথায়? ভারতের বিপক্ষে এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবল বাছাইপর্বের শেষ ম্যাচটা গোলশূন্য ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশকে।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাড়মেড়ে এ ম্যাচে ছিল না বলার মতো উত্তেজনা, শিহরণ কিংবা গোছানো ফুটবলের প্রদর্শনী। গত দুই ম্যাচে সিরিয়া ও উজবেকিস্তানের বিপক্ষে বাংলাদেশ আট গোল খেয়েছে সেট পিসে। সেই আট গোলের সাতটিই আবার প্রথমার্ধে। এ কারণে হয়তো প্রথমার্ধে ভারতের বিপক্ষে সেট পিস হলেই আঁতকে উঠতে হয়েছে বাংলাদেশের দর্শকদের। ৪০ মিনিটে অবিনাশ দাশের ক্রসে হেড করেছিলেন হোলি চরণ। ভাগ্যিস বল জাল খুঁজে পায়নি!
বিরতিতে বিদ্যুৎ চলে যাওয়ায় স্টেডিয়ামে ডুবে গেল আঁধারে। ‘লম্বা বিরতি’র পর বাংলাদেশ কিছুটা গোছানো ফুটবল খেলেছে। দারুণ কিছু আক্রমণ রচনা করেছে। তবে সবগুলোই ব্যর্থ। ৬০ মিনিটে সোহেল রানার ক্রসটা হেডে গোল দিতে পারেননি ইয়াসিন। শেষ ১০ মিনিট ভারতকে ভীষণ চাপে রেখেছিল সোহেল রানারা। কিন্তু ভালো ফিনিশিংয়ের অভাবে বল খুঁজে পায়নি জাল। ৮৮ মিনিটে গোলরক্ষককে কাটিয়েও গোল দিতে পারেননি তকলিচ।
দুই দলের বাছাইপর্ব শেষ হলো ১ পয়েন্টের সান্ত্বনা নিয়ে।