'প্রতিশোধ' ভাবেন না ধোনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঞ্চটা একই—মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। তবে দৃশ্য দুটি আলাদা। ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কার কাছে হারের যন্ত্রণা নিয়ে ফিরতে হয়েছিল ভারতকে। আর সেই হারের পেছনে বড় দায়টা দেওয়া হয়েছিল যুবরাজ সিংয়ের ২১ বলে ১১ রানের শম্বুকগতির ইনিংসটির।
দুই বছর পর দারুণ ‘প্রতিশোধ’, সেই শ্রীলঙ্কাকে কাল ভারত হারাল ৫ উইকেটে। যুবরাজ খেললেন ১৮ বলে ৩৫ রানের সময়োপযোগী এক ইনিংস। সেদিন যুবরাজের স্ট্রাইকরেট ছিল ৫২.৩৮ আর কাল ১৯৪.৪৪! যদিও দুই ম্যাচের সঙ্গে তুলনা চলে না। তবু যুবির যাতনা কিছুটা হলেও কমেছে কি?
অবশ্য এই জয়টাকে কিছুতেই ‘প্রতিশোধ’ বলতে রাজি নন মহেন্দ্র সিং ধোনি। কেন, ভারতীয় অধিনায়ক সেই ব্যাখ্যা দিলেন, ‘প্রতিশোধ শব্দটা খেলা থেকে দূরে রাখা উচিত। ১০-১২টা সাধারণ ম্যাচের তুলনায় বিশ্বকাপের একটা ম্যাচ সব সময়ই আলাদা গুরুত্ব বহন করে। আজকের (কাল) জয়টা তাই দারুণ ছিল। তবে একে প্রতিশোধ কিংবা এমন কিছুর সঙ্গে তুলনা করতে চাই না।’
দুদিন আগেই এশিয়া কাপে উইকেটের সমালোচনা করেছিলেন। এমন লো-স্কোরিং ম্যাচে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিটা ভালো হচ্ছে না বলেই অভিযোগ ছিল ধোনির। কালকের উইকেট নিয়ে অবশ্য সন্তুষ্টিই প্রকাশ পেল ভারতীয় অধিনায়কের কণ্ঠে, ‘প্রথম দুই ম্যাচের উইকেট ছিল পেসবান্ধব। আজকের (কাল) উইকেট সে রকম ছিল না। টি-টোয়েন্টির জন্য এটি আদর্শ। তবে ব্যাটসম্যানদের বিপাকে ফেলার মতো মুভমেন্ট ছিল। এসেই বড় শট খেলবেন, রান করবেন—এমন উইকেট ছিল না। ১৪০-১৪৫ এখানে ভালো স্কোর।’
এই পরাজয়ে এশিয়া কাপ থেকে বিদায় অনেকটাই নিশ্চিত বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার। লঙ্কানদের বোলিংটা যেনতেন, ব্যাটিংটা হচ্ছেই না। প্রতিদিন সংবাদ সম্মেলনে এসে অধিনায়ককেও তাই দিতে হচ্ছে ব্যর্থতার নানা ব্যাখ্যা। শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস যেন নিজেও এতে খানিকটা বিব্রত, ‘প্রতিদিন একই কথা বলতে হচ্ছে। আমরা বেশির ভাগ সময়ই সিনিয়র খেলোয়াড়দের ওপর নির্ভর করি। এই টুর্নামেন্টে, এমনকি বিশ্বকাপে সিনিয়র খেলোয়াড়দের ভালো খেলা দরকার। দুর্ভাগ্য, আমরা ঠিকমতো খেলতে পারছি না। দলের তরুণ খেলোয়াড়দের জ্বলে উঠতে একটু সময় লাগবে। কিন্তু আমাদের হাতে এখন সেই সময়টাও নেই।’
২০১৪ সালে বাংলাদেশে এসে চার মাসে পাঁচটা ট্রফি জিতে যাওয়া শ্রীলঙ্কা এখন যেন দিগ্ভ্রান্ত তরি। ৪ মার্চ পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটাও তাই লঙ্কানদের জন্য স্রেফ আনুষ্ঠানিকতাই হয়ে যেতে পারে।