'প্রত্যাশার কথা ভাবলে সবই চ্যালেঞ্জ'
>মাঠের বাইরে নানা কারণেই চরম বিতর্কিত এবারের প্রিমিয়ার ক্রিকেট লিগ। তবে এটাও ঠিক, বল-ব্যাটের প্রতিদ্বন্দ্বিতায় এই লিগ ছাড়িয়ে গেছে গত কয়েক বছরের সব আসরকেই। কলাবাগান ক্রীড়াচক্রকে নেতৃত্ব দেওয়া জাতীয় দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ময়নাতদন্ত করেছেন এবারের লিগের। কথা বলেছেন আন্তর্জাতিক ক্রিকেটের আসন্ন ব্যস্ততা নিয়েও। সাক্ষাৎকার নিয়েছেন তারেক মাহমুদ
* মাঠের প্রিমিয়ার লিগটা দারুণ জমজমাট হলো এবার। এমন একটা লিগে খেলে আপনার কেমন লেগেছে?
মাশরাফি বিন মুর্তজা: আসলেই অনেক দিন পর খুব জমজমাট লিগ হলো। সুপার লিগের আগে এবং সুপার লিগেও অনেক ভালো প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। আমার খেলোয়াড়ি জীবনে যে কয়টা লিগ দেখেছি, সেগুলোর মধ্যে এটি অন্যতম সেরা।
* লিগ এত জমজমাট হওয়ার কারণ কী মনে হয়?

মাশরাফি: সবাই পারফর্ম করেছে, সেটাই মূল কারণ। নতুন কিছু খেলোয়াড় ভালো খেলেছে, জাতীয় দলের খেলোয়াড়েরাও ভালো করেছে। বোলিং বলেন, ব্যাটিং বলেন সব জায়গাতেই পারফরমার ছিল। সব দলের শক্তিমত্তাও ছিল কাছাকাছি। এসব কারণেই লিগটা ভালো হয়েছে।
* খেলোয়াড়দের এবার অনেক বেশি সিরিয়াস এবং সম্পৃক্ত মনে হয়েছে লিগের সঙ্গে। এটাও কি একটা কারণ?
মাশরাফি: হতে পারে। তবে মূল কারণ পারফরম্যান্স। সিসিএস, কলাবাগান ক্রিকেট একাডেমির মতো দলগুলোও কিন্তু একেবারে খারাপ ছিল না। কিছু ভালো খেলোয়াড় ওদেরও ছিল। কিন্তু অন্য দলগুলোর মতো ওরা পারফর্ম করতে পারেনি। লিগ ভালো হওয়ার জন্য খেলোয়াড়দের পারফরম্যান্সের বিকল্প নেই।
* প্রথম শ্রেণির ক্রিকেট জাতীয় লিগে খেলোয়াড়দের মধ্যে এই উৎসাহটা দেখা যায় না কেন?
মাশরাফি: ওদের ফিটনেসই এর জন্য দায়ী। এ ছাড়া এই খেলাটা খেলোয়াড়েরা মন থেকে খেলে না। চার দিনের ম্যাচ খেলার মানসিকতাই তৈরি হয়নি কারও মধ্যে। প্রচণ্ড রোদে ফিল্ডিংয়ে যেতে হবে, এটা শুনেই তো ভয় পেয়ে যায় সবাই! এই মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। খেলোয়াড়েরা জাতীয় লিগ নিয়ে সব সময় এর-ওর দোষ দেয়। এটা ঠিক নয়। জাতীয় দলের বাইরের খেলোয়াড়দেরও দীর্ঘ পরিসরের ক্রিকেট খেলার মতো ফিট হতে হবে।
* প্রিমিয়ার লিগে নতুন এবং পুরোনোদের মধ্যে কাদের পারফরম্যান্স আলাদা করে দৃষ্টি কড়েছে?

মাশরাফি: নতুনদের মধ্যে প্রথমেই বলব আল আমিনের কথা। খুব ভালো ব্যাটিং করেছে, আমি বলব এক্সট্রা অর্ডিনারি খেলেছে। কামরুল ইসলাম রাব্বী, মজিদ আর মোসাদ্দেকও খুব ভালো খেলেছে। মেহেদীর খেলা অতটা দেখিনি, সে-ও ভালো খেলেছে বলে শুনেছি। পুরোনোদের মধ্যে রকিবুল। তামিম সাত শর ওপরে রান করেছে। মুশফিকেরও ছয় শর ওপর রান। মাহমুদউল্লাহ সুপার লিগ খেলতে না পারলেও ভালো রান করেছে। নাসিরও খারাপ করেনি।
* ইংল্যান্ড সিরিজ সামনে রেখে ঈদের পরই জাতীয় দলের অনুশীলন ক্যাম্প শুরু হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর মাঝের এই বিরতি খেলোয়াড়দের মধ্যে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না তো?
মাশরাফি: এ রকম বিরতি পড়তেই পারে, আবার দেখা গেল একটা বছর আমরা টানা খেলেছি। আন্তর্জাতিক ক্রিকেট এ রকমই। পেশাদার খেলোয়াড় হিসেবে এটা মেনে নিতে হবে। এবার তো বরং প্রিমিয়ার লিগের জন্য দেড় মাসের মতো সবাই খেলার মধ্যেই ছিল।
* গত বছরের পারফরম্যান্স আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশকে নতুন উচ্চতায় তুলে দিয়েছে। এই ধারাবাহিকতা ধরে রাখতে হলে কোন দিকটাতে বেশি জোর দেওয়া প্রয়োজন মনে করেন?
মাশরাফি: গত বছর আমরা বেশির ভাগ সাফল্য পেয়েছি ঘরের মাঠে, সবার মধ্যে ভালো ছন্দ ছিল। বিশ্বকাপে ভালো খেলে আসায় আত্মবিশ্বাস অনেক বেশি ছিল। তবে এবারের চ্যালেঞ্জগুলো একটু ভিন্ন রকমের। প্রথমেই খেলব বিশ্বের অন্যতম সেরা দল ইংল্যান্ডের সঙ্গে। ওদের দলে ১১ জনই ব্যাটসম্যান, বোলিং কম্বিনেশনও খুব ভালো। তবে আমাদের বড় সুবিধা, আমরা নিজেদের মাটিতে খেলব। সে তুলনায় পরের সিরিজগুলো আমাদের জন্য আরও কঠিন হবে। এসব দলের বিপক্ষে আগে আমরা ভালো খেলেছি। কিন্তু এখন প্রত্যাশার কথা ভাবলে সবই চ্যালেঞ্জ। নিউজিল্যান্ড সিরিজ, চ্যাম্পিয়নস লিগ, আয়ারল্যান্ডে যদি তিন জাতি সিরিজটা হয়...সবই। ভিন্ন কন্ডিশনের এই খেলাগুলোতে ভালো করলেই মনে হবে বাংলাদেশ দল ওপরের দিকে যাচ্ছে।
* ঘরের মাঠে খেলা। ইংল্যান্ড সিরিজে বড় কিছু করার লক্ষ্য নিশ্চয়ই থাকবে...
মাশরাফি: আমরা ভালো কিছুর জন্যই খেলব। তবে চ্যালেঞ্জটা অনেক বড়। অস্ট্রেলিয়া দলের দিকে তাকান, সাত ব্যাটসম্যান নিয়ে খেলছে। আট ব্যাটসম্যান নিলেই ওদের বোলার কম পড়ে যায়। ইংল্যান্ডের সে সমস্যা নেই। দলে অলরাউন্ডার অনেক বেশি। চাইলে ১০ ব্যাটসম্যান আর ৫-৬টা সলিড বোলার খেলাতে পারে। আমি তো বলি, ইংল্যান্ডই এখন বিশ্ব ক্রিকেটে সবচেয়ে ভারসাম্যপূর্ণ এবং সবচেয়ে ভালো দল। ভারতে এসেও অপ্রত্যাশিতভাবে ভালো খেলে গেছে। বড় কিছুর আশা তো আমাদের থাকবেই, তবে কাজটা সহজ হবে না।
* মুস্তাফিজুর রহমান ঈদের পর পরই ইংল্যান্ডে খেলতে যাবেন। ইংল্যান্ড সিরিজের আগে ইংলিশ ব্যাটসম্যানদের মানসিকতা জানার একটা ভালো সুযোগ কি তৈরি হচ্ছে তাঁর জন্য?
মাশরাফি: বিশ্বের যেকোনো উইকেটে বিশ্বের যেকোনো ব্যাটসম্যানের পক্ষেই মুস্তাফিজের বল খেলা কঠিন। ও কোনো ব্যাটসম্যানকে বোঝার চেয়ে কোনো ব্যাটসম্যান না ওকে বুঝে ফেলে, সেটা নিয়েই আমার বেশি চিন্তা। তাকে আর কতটা উন্নতি করতে হবে জানি না। কোচরাই তা ভালো বলতে পারবেন। তবে আমি মনে করি, মুস্তাফিজ ঘুম থেকে উঠে বল করলেও ওর বল খেলা কারও পক্ষে সহজ নয়।
* আইপিএলে গিয়েই তো মুস্তাফিজ হোমসিক হয়ে পড়েছিল। ইংল্যান্ডে গিয়ে খেলার জন্য কতটা প্রস্তুত তিনি? তাঁর সঙ্গে কোনো কথা হয়েছে এ ব্যাপারে?
মাশরাফি: সর্বশেষ সাত-আট দিন আগে কথা হয়েছে। আইপিএল থেকে এসে ও মানসিকভাবে অনেক ক্লান্ত ছিল। সেগুলো কাটিয়ে উঠতে পারলে সমস্যা হবে না। আর এখন থেকে তো এগুলো তাকে অভ্যাস করতেই হবে। ও যে ধরনের বোলার, সব জায়গায়ই চাহিদা থাকবে। সে জন্য মানসিকভাবে প্রস্তুত হতে হবে। তবে মুস্তাফিজ বলেই একটা কথা বলা প্রয়োজন—আমার বিশ্বাস ইংল্যান্ডে গিয়ে টি-টোয়েন্টি না খেললেও তার কোনো সমস্যা হবে না। চার দিনের ম্যাচ খেললে একটা কথা ছিল। মুস্তাফিজ তো খেলবে টি-টোয়েন্টি। এটা তার কতটা কাজে দেবে কে জানে! আমি ওর সুস্থতা নিয়েই বেশি চিন্তিত। সামনে অনেক বড় সিরিজ। জাতীয় দলের হয়ে যদি পুরো সার্ভিস না দিতে পারে, তাহলে তো ইংল্যান্ডে গিয়ে খেলে লাভ নেই। আমরা কিছুই পাব না তার কাছ থেকে। কাজেই যেখানেই খেলুক, ও যেন সুস্থ থাকে।
* একটা সময়ে সাকিবের ওপর অনেক বেশি নির্ভরশীল ছিল বাংলাদেশ দল। এখন মুস্তাফিজও ম্যাচ জেতাচ্ছেন। দলে একসঙ্গে এ রকম দুজন খেলোয়াড় পাওয়াটাকে কীভাবে দেখেন?
মাশরাফি: অধিনায়ক হিসেবে আমি কখনোই সাকিব বা আর কারও পারফরম্যান্সের দিকে আলাদা করে তাকাই না। সবাই-ই দলের জন্য খেলে। তার মধ্য থেকে একজনকে বেছে নেওয়া খুব বাজে ব্যাপার মনে হয়। মুস্তাফিজ ভারতের সঙ্গে ম্যাচ জেতালেও সেদিন শুরুটা করেছিল তাসকিন। পরের ম্যাচে যেমন নাসিরের অবদান আমরা ভুলে যাই। এর আগে সাকিবের ভালো পারফরম্যান্সের দিনেও অন্য অনেকের অবদান ছিল। সেগুলো আলোয় আসেনি। মাত্র দুজন খেলোয়াড়ের দিকে তাকিয়ে থেকে কোনো দল ভালো করতে পারে না। বাংলাদেশ ভালো করছে দলের সবাই ভালো খেলছে বলেই।