'প্রথম বল' খেলে বাবা-ছেলের ইতিহাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ আফ্রিকার তিনটি মাইলফলক ম্যাচের প্রথম বলটি খেলেছেন কুক ও তাঁর বাবা। ফাইল ছবি
দক্ষিণ আফ্রিকার তিনটি মাইলফলক ম্যাচের প্রথম বলটি খেলেছেন কুক ও তাঁর বাবা। ফাইল ছবি

নভেম্বর মাসটা কুক পরিবারকে এভাবে ক্রিকেট ইতিহাসে বেঁধে ফেলবে, কে জানত! ১৯৯১ সালের ১০ নভেম্বর কলকাতা ওয়ানডেতে কপিল দেবের করা ম্যাচের প্রথম বলটা খেলেছেন জিমি কুক। এক বছর পর আবারও কপিল দেবের করা ম্যাচের প্রথম বল খেললেন, এবার ডারবান টেস্টে। সেই নভেম্বর ১৩ তারিখে। 

দুই যুগ পরে আজ তাঁর ছেলে স্টিভেন কুক খেললেন অ্যাডিলেড টেস্টের প্রথম বলটি। আর তাতেই পিতা-পুত্র অন্য রকম এক ইতিহাসের পাতায়। জিমি কুক দক্ষিণ আফ্রিকার হয়ে ওয়ানডেতে প্রথম বলটি খেলেছেন। ২২ বছর নির্বাসন থাকার পর টেস্টে ফেরা প্রথম বলটি। এবার তাঁর ছেলে দক্ষিণ আফ্রিকার প্রথম ডে-নাইট টেস্টের প্রথম বলটিও খেললেন।
অবশ্য সিনিয়র কুকের মতো জুনিয়র কুকও মনে রাখার মতো খেলেননি। এই তিনটি ইনিংসই খুব খারাপ না হলেও আহামরিও কিছু নয়। ২৫ বছর আগে দক্ষিণ আফ্রিকার প্রথম ওয়ানডেতে ৪৮ বল খেলে করেছিলেন ১৭ রান। একটিও বাউন্ডারি নেই। পরের বছর টেস্টে একেবারে গোল্ডেন ডাক। কপিলের বলে ক্যাচ তুলে দিলেন শচীন টেন্ডুলকারের হাতে। আজ স্টিভেন ৯৯ বলে ৪৪ করে আউট হয়েছেন। অবশ্য দলের দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে তাঁর ব্যাটেই।
৩ টেস্ট আর ৪ ওয়ানডেতেই শেষ হয়ে গিয়েছিল জিমি কুকের ক্যারিয়ার। ঘরোয়া ক্রিকেটে দারুণ খেলে জায়গা করে নেওয়া স্টিভেনের অবশ্য মাত্র শুরু। অভিষেক টেস্টে সেঞ্চুরিও করেছেন। কিন্তু অ্যাডিলেডের আগের ৫ টেস্টে একটি করে সেঞ্চুরি ও ফিফটি করলেও গড়টা (৩১.৮৭) দক্ষিণ আফ্রিকার ওপেনার হিসেবে জায়গা ধরে রাখা মতো নয়।
এই অস্ট্রেলিয়া সফরেও ধুঁকেছেন। এর আগে সর্বোচ্চ ইনিংস ছিল ২৩ রানের। আজও ১২তম বলেই ফিরে যেতে পারতেন। মিচেল স্টার্কের করা নো বলের কারণে বেঁচে গেছেন। সেখান থেকেই ৪৪ রানের সেই ইনিংসটা। হয়তো এখান থেকে ঘুরে দাঁড়ানোর রসদও পাবেন কুক। সূত্র: ক্রিকইনফো।