'প্রথম সেশনেই তিন-চারটা উইকেট চাই'

• লিড নেওয়া জরুরি মনে করছেন মুমিনুল।
• বোলারদের ওপর বিশ্বাস রাখছেন তিনি।
শ্রীলঙ্কার ইনিংসের শুরুতেই দিমুথ করুণারত্নেকে তুলে নিয়ে ভালোই শুরু করেছিলেন মেহেদী হাসান মিরাজ। চা-বিরতির পর থেকে উইকেটে বেশ টার্নও ছিল। কিন্তু ওই করুণারত্নেকে তুলে নেওয়া পর্যন্তই। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের বোলাররা আর কোনো সাফল্যের মুখ দেখেননি। প্রথম ইনিংসে লিড নিতে হলে কাল টেস্টের তৃতীয় দিনে বোলারদের ভালো করার বিকল্প নেই বলেই মনে করছেন মুমিনুল হক।
সেই ভালোটা কী? অবশ্যই শ্রীলঙ্কাকে যত দ্রুত সম্ভব অলআউট করে দেওয়া। সে ক্ষেত্রে কাল প্রথম সেশনটা দুই দলের জন্যই ভীষণ গুরুত্বপূর্ণ। যেমনটা ছিল আজ বাংলাদেশের জন্য। মুমিনুলের ডাবল সেঞ্চুরি করার সুযোগ ছিল, বাংলাদেশেরও আরও বড় স্কোর গড়ার পথ খোলা ছিল। কিন্তু প্রথম সেশনে পটাপট কয়েকটি উইকেট চলে যাওয়ায় পাঁচ শ ছুঁয়েই থামতে হয় বাংলাদেশকে। মুমিনুল ঠিক এভাবেই কাল শ্রীলঙ্কাকে স্বল্প রানে বেঁধে ফেলার পরামর্শ দিলেন বোলারদের।
বাংলাদেশের প্রথম ইনিংস থেকে এখনো ৩২৬ রানে পিছিয়ে শ্রীলঙ্কা। হাতে ৯ উইকেট। দ্বিতীয় উইকেটে অবিচ্ছিন্ন ১৮৭ রানের জুটি গড়ে আজ উইকেটে জমে গিয়েছিলেন ধনঞ্জয়া-মেন্ডিস। কিন্তু কালকের দিনটা তো নতুন? লিড নেওয়া নিশ্চিত করতে তৃতীয় দিনে বোলারদের তাই নতুন করে শুরুর তাগিদই দিলেন মুমিনুল, ‘লিড জরুরি। সবার কাছেই মনে হয়। কাল প্রথম সেশনে তিন–চারটি উইকেট বের করতে পারলেই লিডে চলে যাব।’
প্রথম সেশনেই উইকেট ফেলতে বোলারদের নিখুঁত লাইন-লেংথে বোলিং করতে হবে। মিরাজ-মোস্তাফিজদের ওপর সেই আস্থা রয়েছে মুমিনুলের, ‘বোলাররা জায়গামতো বল করলেই সেটা সম্ভব। আমার ওই বিশ্বাস আছে।’