'প্রথম'-এর স্বাদ পেলেন আবু হায়দার-আল আমিন

বিকেএসপিতে ৩৩ রানে ২ উইকেট পড়ে যাওয়ার পর ভিক্টোরিয়াকে পথ দেখাচ্ছিল ফজলে মাহমুদ-আল আমিনের তৃতীয় উইকেট জুটি। ফজলের ভেতর অবশ্য বেশ তাড়াহুড়ো লক্ষ করা গেল। গরমের কারণেই কি না, একপর্যায়ে ধৈর্যচ্যুতি ঘটল ভিক্টোরিয়ার ওপেনারের, উইকেট ছুড়ে এলেন ৭৩ রানে।
তবে প্রচণ্ড গরম উপেক্ষা করে আল আমিন ব্যাটিং করে গেলেন ঠান্ডা মাথায়। ঝুঁকিপূর্ণ শট নেই; নেই অহেতুক তাড়াহুড়ো। বিকেএসপির এই উইকেটে দাঁড়িয়ে গেলে রান আসবে, সেটি জেনেই খেললেন ঝকঝকে এক ইনিংস। পেয়ে গেলেন লিস্ট ‘এ’তে তাঁর প্রথম সেঞ্চুরি। তাঁর নামেই এক ক্রিকেটার এরই মধ্যে জাতীয় দলের তারকা। তাঁর বয়স মাত্র ২২। আর আল আমিনের ভবিষ্যৎ গন্তব্য এখনই বলা কঠিন। অবশ্য এই আল আমিনের ব্যাটসম্যান পরিচয়টাই মুখ্য, টুকটাক অফস্পিন করেন।
আজ তিন অঙ্ক ছোঁয়ার পর আল আমিনকে অভিনন্দন জানাতে এগিয়ে এলেন প্রতিপক্ষের পেসার আবু হায়দার। খানিক পরে আবু হায়দারই আল আমিনকে বোল্ড করে মাতলেন বাঁধভাঙা উল্লাসে। রূপগঞ্জের বাজে বোলিংয়ের ভিড়ে উজ্জ্বল ছিলেন এই বাঁহাতি পেসার। ১০ ওভার বোলিং করে ৫২ রানে পেয়েছেন ৫ উইকেট। আল আমিন যেমন স্বীকৃত একদিনের ক্রিকেটে প্রথম সেঞ্চুরি পেলেন, প্রথমের স্বাদ পেলেন আবু হায়দারও। ‘লিস্ট এ’ ম্যাচে এটি তাঁর প্রথম ৫ উইকেট। সেঞ্চুরিয়ান আল আমিনকে তো বটেই, তাঁর শিকারের তালিকায় রয়েছেন ভিক্টোরিয়ার অন্যতম ভরসা মুমিনুল হকও।
সময় কী রহস্যময়, গতবার যে ভিক্টোরিয়ার হয়ে খেলেছিলেন ঢাকা লিগে, পেয়েছিলেন ১১ ম্যাচে ১৭ উইকেট। এবার তাদের বিপক্ষেই দাগলেন তোপ! ভিক্টোরিয়া অবশ্য ৯ উইকেটে তুলেছে ৩১৪। জবাবে ম্যাচটা রোমাঞ্চও ছড়াল। শেষ বলে ছক্কা মেরে তাইজুল ম্যাচটিকে করে দিলেন ‘টাই’! লিজেন্ডস অব রূপগঞ্জও ৯ উইকেটে তুলল ৩১৪ রান!