'প্রস্তুত' হয়েই আসছে অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ-পাঁচবার ওয়ানডে বিশ্বকাপ জিতেছে তারা। ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে, টেস্ট শ্রেষ্ঠত্বসূচক ‘গদা’টাও দখলে। আসলে সত্তর-আশির দশকের ওয়েস্ট ইন্ডিজের পর থেকে বিশ্ব ক্রিকেটে সবচেয়ে বেশি সময় ছড়ি ঘুরিয়েছে অস্ট্রেলিয়াই। পাঁচ দিনের ক্রিকেট হোক আর এক দিন, সব জায়গাতেই হলুদ জার্সির দাপট। কিন্তু টি-টোয়েন্টিতে এলেই হলুদ হয়ে যায় হতাশার রং।

এখনো টি-টোয়েন্টি বিশ্বকাপটাই জেতা হয়নি অস্ট্রেলিয়ার। বিশ্বকাপ তো দূরে থাক, কখনো সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে র‍্যাঙ্কিং-শীর্ষেই ওঠা হয়নি। তবে এসব তথ্য-উপাত্ত একপাশে সরিয়ে রাখতে পারেন। আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য বিজয়ীদের নিয়ে আলোচনায় অস্ট্রেলিয়াকে হিসাবের বাইরে রাখতে পারবেন না।

চাইলেও সেটি সম্ভব নয়। দলে ম্যাচ উইনারের অভাব নেই। ব্যাটিং, বোলিং সব বিভাগেই এত ভালো খেলোয়াড়, অবস্থাটা বরং ‘ঠাঁই নাই, ঠাঁই নাই, ছোট সে তরী’। একে জায়গা দিতে ওকে বাদ দিতে হচ্ছে। তা-ও যদি স্টিভ স্মিথের দলের ক্ষমতা নিয়ে সংশয় থেকে থাকে, সেটিও ধুয়েমুছে যাওয়ার কথা পরশু শেষ হওয়া দক্ষিণ আফ্রিকা সিরিজে। বিশ্বকাপের ‘প্রস্তুতি’ সিরিজটিতে প্রথম ম্যাচে হেরেও পরের দুটি ম্যাচেই জিতে সিরিজও জয় করেছে।

তা-ও কীভাবে। দ্বিতীয় ম্যাচে ২০৪ রানের পাহাড় ডিঙিয়ে, পরশুর ম্যাচেও প্রায় একই অবস্থা। হাশিম আমলার ৬২ বলে ৯৭ রানের ইনিংসে ভর করে টসজয়ী দক্ষিণ আফ্রিকা করেছিল ১৭৮। তাড়া করতে নেমে দল হয়েই জিতল অস্ট্রেলিয়া। প্রথম চার ব্যাটসম্যানের ত্রিশ পেরোনো ইনিংসে ভর করে ৬ উইকেট ও চার বল হাতে রেখেই জিতেছে স্মিথের দল।

এই দুই ম্যাচের আগে টানা পাঁচটি ম্যাচেই হেরেছিল অস্ট্রেলিয়া। এ জয়গুলো নিশ্চয়ই বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার জন্য অনেক অনুপ্রেরণাদায়ী। একটা সময় টি-টোয়েন্টিকে ‘মজার ক্রিকেট’ হিসেবে নেওয়া হতো, গত বছর মাত্র একটি টি-টোয়েন্টি খেলা অস্ট্রেলিয়ানরা এবার পুরো ‘সিরিয়াস’। ক্রিকইনফো।